২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার - হত্যা রহস্যের জট খুলছেই না

নিত্য সঙ্গী হয়ে থাকা ল্যাপটপটিও ‘ল্যাপটপ কোচের’ হয়ে সাক্ষ্য দিতে পারেনি। হ্যাঁ, বব উলমারের ল্যাপটপ থেকেও এমন কিছু পাওয়া যায়নি যা তার হত্যা-----রহস্যের কিনারা করায় সহায়ক হতে পারে। তাই তদন্তের আট দিন হয়ে গেলেও এখনো অন্ধকারে হাতড়েই খুনী ধরার চেষ্টা করছে জ্যামাইকান পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

উলমার নেই বলে সেই ল্যাপটপটি এখন নিঃসঙ্গ। বেঁচে থাকতে ‘দুজনকে’ আলাদা করে ভাবার কোনো সুযোগ ছিল না। এই ল্যাপটপেও যে তিনি প্রাণ সঞ্চার করেছিলেন, যা তাকে কোচিংয়ে সঠিক পথের সন্ধান দিতো। এমন হরিহর --- আত্মা হওয়ার পরও সঙ্গীর মৃত্যু---রহস্যের সেরকম কোনো হদিস দিতে না পারা ল্যাপটপটি আসলে শেষপর্যন্ত একটি যন্ত্র ছাড়া কিছুই নয়। “ল্যাপটপ থেকে ম্যাচ পাতানো সম্পর্কিত কোনো তথ্যই পাওয়া যায়নি”------ বলেছেন জ্যামাইকান পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস। তারপরও তারা খুঁজছেন, “তাতে এমন কিছু পাওয়া যায় কিনা যা তার হত্যার সূত্র হতে পারে।”

এর চেয়ে বেশি আশা তাদের ভিডিও ফুটেজের ওপর। পেগাসাস হোটেলের বারো তলার ক্লোজ সার্কিট ক্যামেরায় পাওয়া ফুটেজ থেকে উলমারের কক্ষে কে বা কারা ঢুকেছিল তার যদি কোনো স্পষ্ট ছবি পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীকে পাঠানো উলমারের ই ---  মেইল, খুন হওয়ার রাতে (১৮ মার্চ) পাঠানো এই ই ----  মেইল থেকে সময়টা উদ্ধার করা যাবে। অর্থাৎ কতক্ষণ পর্যন্ত তিনি বেঁচেছিলেন তার একটা ন্যূনতম ধারনা পাওয়া যাবে। মার্ক শিল্ডস মনে করেন এটাই তদন্তের সঠিক পথ, “আমরা পেশাদারী মনোভাব নিয়ে সঠিক পথেই এগুচ্ছি। এমন হতে পারে, এর মধ্য দিয়েই আমরা একজন সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারবো।”

এখন জ্যামাইকান পুলিশের বহুমুখী সন্দেহ। সন্দেহভাজনদের সেই তালিকা ছোট করে আনার জন্য আগে দরকার ডিএনএ পরীক্ষার রিপোর্ট। পাকিস্তানী খেলোয়াড়দের ডিএনএ পরীক্ষা হয়েছে। পুলিশ চায়, ওই রাতে হোটেলে অন্য যারা ছিলেন তাদের সবার ডিএনএ পরীক্ষা করাতে।

পুলিশ যখন এই হত্যা ---- রহস্যের কোনো কুল--- কিনারা করতে পারছে না, পারছে না কাউকে পরিষ্কারভাবে সন্দেহ করতে, তখনই বৃটিশ প্রেস লিখছে, পুলিশ সন্দেহভাজন হিসেবে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এরকম রিপোর্ট দেখে ভীষণ ক্ষেপে গেছেন ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস। “বৃটিশ প্রেস ভুল করছে। সন্দেহ করা হচ্ছে এমন কেউ থাকলে আমরা জানতাম। তাদের উচিত আমাদের ঘোষনার জন্য অপেক্ষা করা। নামোল্লেখ করে সন্দেহভাজনদের কথা বলার মতো অবস্থায় এখনো পৌঁছি না আমরা” ----- বলেছেন এই পুলিশ কর্মকর্তা।

 সেই জায়গায় কবে পৌঁছুতে পারবে জ্যামাইকা পুলিশ, তা এক্ষুনি বলা মুশকিল।