২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি শুরু হতে দিল না ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। অতোটা খুনে মেজাজে না হলেও মঙ্গলবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আরেকটি সেঞ্চুরি করেছেন ম্যাথু হেইডেন, আর তার টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির সুবাদে বিশ্বকাপের সুপার এইট পর্বের উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ গড়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 11:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারে তারা তুলেছে ৬ উইকেটে ৩২২ রান। জবাব দেওয়ার আগে পরিকল্পনা করার জন্য অবশ্য দীর্ঘ একটা সময়ই হাতে পেয়েছে ব্রায়ান লারার দল। বৃষ্টির কারণে মঙ্গলবার শুরুই হতে পারেনি স্বাগতিকদের ইনিংস, সেটা শুরু হবে বুধবার সকালে।

মাঝে অবশ্য তারচেয়েও আশাব্যঞ্জক একটা খবর পেতে পেতেও পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিয়ানদের। ম্যাচটাকে ২০ ওভারে সীমিত করার একটা পরিকল্পনা করেই ফেলেছিলেন আম্পায়াররা, টার্গেটও ঠিক হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য... ১৬৩। ওই অবস্থায় খেলা শুরু করা সম্ভব হলেই ম্যাচটা পরিণত হতো ২০ ওভারের এক লটারিতে। কিন্তু তা হয়নি, তাই বুধবার সকালে পুরো ৫০ ওভার খেলার পরিকল্পনা নিয়েই নামতে হবে তাদের। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছিল, সেটা কাজে লাগলো এই প্রথম।

অস্ট্রেলিয়ার স্কোরটা অবশ্য আরেকটু বেশিই হতে পারতো। ১৫৮ রান করে হেইডেন ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা অস্ট্রেলিয়ার রান বন্যায় মৃদু একটা বাঁধ দেওয়ায় তা হয়নি।

তার আগে রীতিমতো তাণ্ডবই চালাচ্ছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে ৪৬.২ ওভার শেষে যখন প্রথম দফা বৃষ্টি নামে তার আগে। ধীরে.সুস্থে সেঞ্চুরি পুরণ করার পর ৪৫তম ওভারে গিয়ে সেটা শুরু করেছেন হেইডেন। জেরোম টেলরের করা ওই ওভারের টানা তিন বলে দুটি ছক্কার মাঝে একটি চার মেরেছেন এই বাঁহাতি, মারলন স্যামুয়েলসের করা পরের ওভারে মেরেছেন দুটি বাউন্ডারি আর একটি ছক্কা। সুবাদে শেন ওয়াটসনের সঙ্গে তার জুটিতে হাফসেঞ্চুরি হয়েছে মাত্র ৩২ বলে।

বৃষ্টির পর ফিরেও খেলছিলেন তেমনি আগ্রাসী ভঙ্গিতে। বিদায়ও নিয়েছেন সেভাবে খেলতে গিয়েই, ব্র্যাভোর বলে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে ধরা পড়েছেন স্যামুয়েলসের হাতে। ১৪৩ বলের ইনিংসে চারটি ছক্কা ছাড়াও মেরেছেন ১৪টি বাউন্ডারি।

এছাড়া ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ওয়াটসন।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই অ্যাডাম গিলক্রিস্টকে হারিয়ে একটা ধাক্কা খেলেও রিকি পন্টিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৬ আর মাইকেল ক্লার্ককে নিয়ে তৃতীয় উইকেটে ৯৮ জুটি গড়ে সেটা সামাল দিয়েছেন হেইডেন। সেঞ্চুরি করতে ১১০ বল লেগেছে তার, আটটি বাউন্ডারির সঙ্গে একটি ওভার বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটা। শুরুতে একটু দেখেশুনে খেললেও খারাপ বল পেলে মারতে কখনোই দ্বিধা করেননি তিনি। একবার তো উইকেট ছেড়ে বেরিয়ে স্যামুয়েলসকে এক হাতেই ছক্কা মেরেছেন!

তবে ক্লার্কের সঙ্গে তার জুটিটাই আসলে অস্ট্রেলিয়াকে গড়ে দিয়েছে ভিত। দারুণ খেলতে থাকা ক্লার্ককে (৪১) এলবিডব্লুর ফাঁদে ফেলে সেই জুটিটা ভেঙ্গেছেন ডোয়াইন ব্র্যাভো। ৪৭ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মেরেছেন ক্লার্ক।

সাইমন্ডস অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ, ২২ বলে তার ১৩ রানের ইনিংসটি শেষ হয়েছে অফস্পিনার মারলন স্যামুয়েলসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে।

তার পথেই হেঁটেছেন মাইক হাসিও, ড্যারেন পাওয়েলের শেষ ওভারে একটি ফুল লেন্থের বলকে ড্রাইভ করতে গিয়ে প্লেড অন হয়ে গেছেন তিনি। ১৮ বলে ৯ রানের ইনিংসে একটি বাউন্ডারি ছিল তার।

১০ রানেই প্রথম উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে পথে ফিরিয়ে আনার কাজটা অবশ্য শুরু করেছিলেন অধিনায়ক রিকি পন্টিং। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে প্রথমবার বলকে বাউন্ডারি পার করেছেন তিনিই, পাওয়েলের বাউন্সারের জবাবে দেখার মতো এক হুক করে মেরেছেন ছক্কা। তবে অকারণ ঝুঁকি নিতে গিয়ে রান আউট হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। শর্ট মিড অফ থেকে সারওয়ানের থ্রোতে বিদায় হওয়ার আগে ৩৫ রান করতে ৩৬ বল খেলেছেন তিনি, মেরেছেন চারটি বাউন্ডারিও।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা বল তুলে দিয়েছিলেন তার বোলারদের হাতে। অধিনায়কের সেই আস্থার প্রমাণ দিতে খুব বেশি সময় নেননি ড্যারেন পাওয়েল। প্রথম দুটি ওভার মেডেন নিয়েছেন তিনি, তারপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন ‘বিপজ্জনক’ ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে। গুড লেন্থ স্পট থেকে লাফিয়ে ওঠা বলটি থেকে ব্যাট সরিয়ে নিতে গিয়েও পারেননি গিলক্রিস্ট। তার ব্যাটের কানায় আলতো ছোঁয়া লাগার পর উইকেটের পিছনে দিনেশ রামদিনও নিয়েছেন দারুণ একটা ক্যাচ। ৭ রানের ইনিংসে কোনো বাউন্ডারি ছিল না তার।

অস্ট্রেলিয়া ঃ ৫০ ওভারে ৩২২/৬ ( গিলক্রিস্ট ৭, হেইডেন ১৫৮, পন্টিং ৩৫, ক্লার্ক ৪১, সাইমন্ডস ১৩, হাসি ৯, ওয়াটসন অপঃ ৩৩, হজ ৫, অতিরিক্ত ২১, পাওয়েল ২/৫৩, টেলর ০/৬৭, কলিমোর ০/৫৬, গেইল ০/২৯, ব্র্যাভো ২/৪৯, স্যামুয়েলস ১/৫৮)