ওরা ১১ জন এবং আমরা সবাই
স্বাধীনতার দিনে এমন জয়োৎসব। এর সঙ্গে স্বাধীনতাকে মেলাতে সবার খুব ইচ্ছে হবে। দেশ থেকে সহকর্মীরও অনুরোধ, ওরা ১১ জন জাতীয় কিছু লেখা যায় কিনা! ‘ওরা ১১ জন’ নামের প্রবাদতুল্য ছবিটি আমাদের স্বাধীনতাবোধে এমন স্থায়ী হয়ে আছে যে, যে কোনো বিজয়ের সঙ্গে তুলনা হিসাবে ‘ওরা ১১ জন’ এর চেয়ে মানানসই কিছু হয় না। আর ক্রিকেটে তো আরও বেশি মানায়। ১১ জনের খেলা, এখানে তিনটা ম্যাচেই বাংলাদেশের ১১ জন খেলেছে, কাজেই ওরা ১১ জনে অসুবিধা কী! অসুবিধা আছে। ভাবতে ভাবতে দেখছি ১১ জনকে কৃতিত্ব দিলে আরও অনেককেই যোগ্য পাওনা থেকে বঞ্চিত করতে হয়। এই জয় মাঠের ১১ জনের জয় বটে, কিন্তু মাঠের বাইরে থেকে বাকি চার খেলোয়াড় যে অক্লান্ত সমর্থন দিয়ে গেলেন তার কী হবে! কিংবা প্রবাসী বাংলাদেশীরা, যারা বাংলাদেশের জন্য পকেটের টাকা আর গলার জোর উজাড় করে দিলেন! দেশের ক্রিকেটামোদীদেরই বাদ দেই কী করে? যারা রাত জেগে খেলা দেখে এবং ভোর হলেই অন্ধকার ভেদ করে মিছিলে নেমে যান? না ওরা ১১ জন হচ্ছে না। হলে হতে হবে ওরা ১১ জন এবং আমরা সবাই। ১১ জনে নির্দিষ্ট করতে গেলে সবচেয়ে বড় সমস্যা, ডেভ হোয়াটমোরই বাদ পড়ে যান!
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একটা হোয়াটমোরবিরোধীতা আছে। খুব সুপ্ত নয়, প্রকাশ্য। তিনি খুব কিছু করছেন বলে কেউ মনে করেন না। কিন্তু আমেরিকা --- কানাডা থেকে আসা প্রবাসীরা বাংলাদেশের হাড়ির খবর অতো জানেন না। কাজেই ওদের স্লোগানে হোয়াটমোরই থাকলেন কেন্দ্রবিন্দু হয়ে। বিদেশী সাংবাদিকদের কাছেও তাই। হোয়াটমোর শ্রীলংকাকে যেমন বিশ্বচ্যাম্পিয়ন করে দিয়েছিলেন, তার ঐ যাদুদন্ডের ছোঁয়াতেই বাংলাদেশও বদলে গেছে ---- এটাই তাদের বিশ্বাস।
ম্যাচ শেষে হোয়াটমোরেরর সাক্ষাৎকার আর শেষ হয় না। সংবাদ সম্মেলনে তিনবার যেতে গিয়েও পারলেন না। প্রশ্নের পর প্রশ্ন। এর মধ্যেই একজন জানতে চাইলেন,‘শ্রীলংকাকে ’৯৬তে বিশ্বচ্যাম্পিয়ন করা আর এবারের পারফরম্যান্স, এই দুটোকে যদি মেলাতে বলি তাহলে আপনি কোনটাকে আগে রাখবেন?’ হোয়াটমোর কোনো ভনিতায় গেলেন না। সোজা বলে দিলেন,’ওটাই আগে থাকবে। ওটা ছিল একটা বিশেষ মুহুর্ত। একেবারেই স্পেশাল।’
হাবিবুলের কাছেও সুপার এইট নিশ্চিত করা এই জয়ের আগে থাকবে ভারতের সঙ্গে জয়। তিনি তুলনা করলেন এভাবে,‘সেদিনেরটা ছিল সত্যিকারের ভেসে যাওয়ার মতো আনন্দ। আজকেরটা হলো অনেক বেশি স্বস্তির।’
টিভি ক্যামেরা সামনে পেলে বাংলাদেশের মানুষ আরও আবেগহারা হয়ে যান। যা বলার নয়, যা হওয়ার নয়, তা -- ও বলে বসেন। যেমন এখানে বাংলাদেশ থেকে আসা টিভির লোকজনকে দেখে তাদের গলা আরও চড়ে। আরও উত্তেজিত তারা। সেই উত্তেজনা থেকে প্রায় অবাস্তব কিছু দাবি, “বাংলাদেশ----বাংলাদেশ। সেমিফাইনাল---সেমিফাইনাল।” কেউ কেউ আবার সেমিফাইনালেও ঠিক সন্তুষ্ট নন। ওদের মনে হচ্ছে স্বপ্নে যখন খেতে হবে তখন একেবারে পোলাও --- কোর্মা নয় কেন? কাজেই ওদের স্লোগানে,“বাংলাদেশ---বাংলাদেশ। ফাইনাল---ফাইনাল।”
ডেভ হোয়াটমোর বা হাবিবুলের বাস্তববোধ লোপ পায়নি। এখন বরং সামনে যে ছয়টা ম্যাচ সেই ম্যাচগুলোতে সম্মানজনক কিছু করাটাই তাদের প্রাাথমিক লক্ষ্য। “আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। কাজেই লক্ষ্য থাকবে সেখানেও ভালো ক্রিকেট খেলার এবং এখানকার মতো একটা বা দুটো ম্যাচে অঘটন ঘটানোর।” হাবিবুলের অঘটন শব্দটাতে আপত্তি আছে। তিনিও চান বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলুক,“আমরা নির্দিষ্ট কিছু না ভেবে একেকটা ম্যাচকে আলাদা আলাদা করে ভাববো। একেকটা ম্যাচ হিসাবে নেবো খেলাগুলোকে। দেশ থেকে আমরা যে লক্ষ্যটা ঠিক করে এসেছিলাম সেটা পূরণ হয়েছে। আমরা যে সুপার এইটে এসেছি এটা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু আমরা বিস্মিত নই। কারণ, এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা জানতাম, গ্র“পটা খুব কঠিন হবে। কিন্তু সঙ্গে এটাও জানতাম ভারত বা শ্রীলংকাকে হারানো আমাদের পক্ষে সম্ভব।’ ভারতকে হারানোর পরও কাজ শেষ হয়নি, বারমুডাকে শেষ ম্যাচে হারাতে হতো। ক্রিকেট শক্তিতে সেটা এখনকার বাংলাদেশের জন্য এমন কিছু ব্যাপার নয়, কিন্তু মুশকিল হয়ে গিয়েছিল বৃষ্টিতে। বারবার ম্যাচ বন্ধ, প্রতিবার নতুন হিসাব। হোয়াটমোর তো বলেই ফেললেন,“এটা ছিল কোয়ালিফাই করার জন্য সবচেয়ে কঠিণ ম্যাচ।” আর অধিনায়ক সমস্যার কথা বোঝাতে গিয়ে উদাহরন দিলেন,“আমি তো বোলারদের ওভার হিসাব করতে একেবারে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। শেষবার যখন খেলা শুরু হয় ততক্ষণে রাসেলের ৫ ওভার শেষ, আবার মাশরাফি ৪ ওভার করে ফেলায় ওকে দিয়েও আর বল করাতে পারছিলাম না।”
সেই সময়টা শুধুই বাংলাদেশ ক্রিকেটের সময়। সেসময়ের আলোটাতে শুধুই তো বাংলাদেশের ক্রিকেটের আলোকিত হওয়ার কথা। তাতে অন্যকিছু এসে পড়াটা কেমন যেন অপ্রাসঙ্গিক দেখায়। কেমন যেন বেসুরো। কিন্তু বিদেশী সাংবাদিকরা তো তাদের কাজটা করবেন। ভারতীয় সাংবাদিকরাই যেহেতু সংবাদ সম্মেলনে সিংহভাগ, কাজেই ওদের দৃষ্টিকোণ থেকে অনেক প্রশ্ন। একজন জানতে চাইলেন,ভারত আর পাকিস্তান বিশ্বকাপে নেই সেটাকে তিনি কীভাবে দেখছেন? হাবিবুল হেসে এবং সবাইকে হাসিয়ে বললেন,“যতক্ষণ টুর্নামেন্টে বাংলাদেশ আছে ততক্ষণ আমি অন্য কিছু নিয়ে চিন্তা করতে রাজি নই।”
বারমুডার সাংবাদিক আবার হাবিবুলের কাছে প্রেসক্রিপশন চান, বাংলাদেশের মতো হতে হলে ওদের কী করা উচিত? হাবিবুল বড় ভাইরা যেমন পরীক্ষায় ভালো করার জন্য ছোট ভাইদের উপদেশ দেয়, তেমনি ওদের বুঝিয়ে বললেন,“তোমাদের উচিত বড় দেশগুলোর সঙ্গে বেশি বেশি করে খেলা। তাহলেই হবে।” শুনতে শুনতে মনে পড়ল দিন কেমন বদলে গেছে। এই সেদিনও আমরা বিদেশী অধিনায়কদের কাছে প্রশ্ন করতাম,“বাংলাদেশের উন্নতির জন্য কী করা উচিত বলে মনে করেন?” বিপক্ষ অধিনায়কও এভাবেই কিছু শান্ত্বনা দিতেন। কিছু পিঠ চাপড়াানো। সেগুলো পেয়েই কী আনন্দ! দিন সত্যিই বদলে গেছে!
সেই দিন বদলের নায়ক কারা? অবশ্যই ক্রিকেটাররা। কিন্তু এই দিন বদলের কৃতিত্ব শুধু ক্রিকেটারদের দিলে বঞ্চিত করা হয় তাদের. যাদের ভালোবাসা ঘিরে না থাকলে আসলে কিছুই হয় না। আপনি যে রাত জেগে ক্রিকেট দেখেন এবং দিনভর বাংলাদেশের জন্য প্রার্থনা করেন, এ শুভকামনারও মূল্য আছে। এরও অনস্বীকার্য অবদান এই জয়ে। কাজেই...
বলছিলাম না! ওরা ১১ জন নয়, হবে ওরা ১১ জন এবং আমরা সবাই।
