২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, জিজ্ঞাসাবাদ করা হবে লারাকেও

বব উলমার হত্যা রহস্য উদঘাটনে দারুণ একটা সূত্র পেয়েছে জ্যামাইকার পুলিশ। পুলিশ কমিশনার মার্ক শিল্ডস জানিয়েছেন, পাকিস্তান দলের হোটেলে নিরাপত্তার প্রয়োজনে স্থাপিত ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ওই ফুটেজে উলমারের কক্ষের ভেতরের কোনো ছবি নেই, তবে তার কক্ষের সামনের করিডোর দিয়ে যারা আসা-যাওয়া করেছেন তাদের সবারই ছবি থাকার কথা। “এই ফুটেজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এ থেকে খুনী বা খুনীদের ছবি পেয়ে যেতে পারি আমরা”.. বলেছেন শিল্ডস। ছবিগুলোকে ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করার পর তা বিশ্লেষণ করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে এনডিটিভি জানিয়েছে, এই মামলায় ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ব্রায়ান লারাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সন্দেহভাজনদের তালিকায় তার নাম নেই আপাতত। একই হোটেলে উলমারের কক্ষটির কাছেরই একটি কক্ষে অবস্থান করছিলেন বলেই তার স্বাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে।