অবশেষে দেশে ফিরলো পাকিস্তান দল
পাকিস্তান দল আপাতত মুক্ত। জ্যামাইকান পুলিশের সম্মতি নিয়ে তারা শনিবার দেশের উদ্দেশে ওয়েস্ট ইন্ডিজ ছেড়েছে।
কিন্তু দেশে ফেরা এই পাকিস্তান চিরচেনা নয়, শ্রীহীন জবুথবু এক দল। যারা শুধু বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়নি, হারিয়েছে আরো অনেক কিছুই। দলের কোচ, ওয়ানডে ম্যাচের ইনজামাম, আত্মবিশ্বাস --- ইতোমধ্যে অনেক কিছুই হারিয়েছে তারা। বিশ্বকাপ থেকে দেশে নিয়ে আসছে হত্যায় জড়িত থাকার সন্দেহও। বিশ্বকাপ অনেক দেয়, তবে এবার অনেক কেড়ে নেওয়ারও বড় উদাহরণ হয়ে গেল পাকিস্তানের জন্য।
এর আগে আর কোনো দেশের বিশ্বকাপ খেলতে গিয়ে কোচ হারানোর নজীর নেই। বব উলামর আবার যেনতেন কোনো কোচও নন, রীতিমতো এক ক্রিকেট পন্ডিত। তার মৃত্যু যখন খুন হিসেবে বিবেচিত হচ্ছে তখন থেকেই সন্দেহের বেড়াজালে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। তাদের আঙ্গুলের ছাপ রেখে আসতে হয়েছে জ্যামাইকা পুলিশের কাছে। মন্টেগো বে থেকে বিমানে ওঠার কয়েক ঘন্টা আগে আবার পাকিস্তান অধিনায়ক ইনজামাম---উল হক ও সহকারী কোচ মুশতাক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ইনজামাম বলেছেন, “সেটা তেমন কিছুই নয়, একটা বিষয়ে জিজ্ঞেস করতে আগে ভুলে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তা।”
পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলীর বক্তব্যও সেরকম, “ আমিও ওই জিজ্ঞাসবাদের সময় ১৫ মিনিট ছিলাম। এটা বিশেষ কিছু নয়। মূল বিবৃতি নেওযার সময় ভুলে যাওয়া দুটো বিষয় জেনে নিয়েছে পুলিশ।” এই জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সহকারী কোচ মুশতাক আহমেদ কিছুই মনে করেন নি, বরং পুলিশকে সহযোগিতা করার কথাই বলেছেন, “পুলিশ তাদের কাজ করছে, তাতে কোনো সমস্যা নেই। উলমার আমাদের পরিবারের সদস্য, তাকে আমরা হারিয়েছি। তাই পুলিশকে আমরা যথাসাধ্য সাহায্য করবো।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বের মধ্য দিয়েই আপাতত পাকিস্তান দলের মুক্তি। এবং দলের সবাই আপাতত জেনে গেছেন, এই পর্বে তারা সন্দেহমুক্ত। “এই পর্যায়ে পাকিস্তান দলের কাউকে সন্দেহ করার মতো কিছু নেই”------ বলেছেন জ্যামাইকা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস। সঙ্গে এ --- ও বলেছেন, “তিনি (উলমার) যেখানে খুন হয়েছেন তা দেখে মনে হচ্ছে খুনিরা তার কাছের লোক।” পেগাসাস হোটেলে উলমার ছিলেন বারো তলায়। অন্য তলার চেয়ে বারো তলা অনেক বেশি সুরক্ষিত এবং যে কোনো লোকের সেখানে যাওয়ার সুযোগ নেই। ঘরের দরজা ভেঙ্গেও কেউ ঢুকেনি। তই পুলিশের সন্দেহ, “পরিচিত কারো হাতেই খুন হয়েছেন উলমার।”
এখনো অবশ্য কয়েকটি প্যাথলজি রিপোর্ট হাতে পায়নি পুলিশ। তদন্তের বিষয়ে চাওয়া হয়েছে পাকিস্তান সরকারের সাহায্যও। পাকিস্তান থেকে দুই কর্মকর্তার ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যাওয়ার কথা। আইসিসিও জ্যামাইকায় পাঠিয়েছে দুর্নীতি দমন অফিসার জেফ রিসকে।
সব মিলিয়ে উলমার হত্যা ----- রহস্য উন্মোচনের জন্য বিশ্বকাপ আয়োজকরা মরিয়া। সেটা উন্মোচিত হলেও অবশ্য ক্রিকেট বিশ্বের আফসোস থাকবেই।সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক ক্রিকেট মস্তিস্ক তো আর ফিরে পাওয়া যাবে না।
