২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত জুড়ে শোকের মাতম

শনিবার কানপুরের কয়েক শ’ মানুষ একটা সাজানো শবযাত্রা বের করেছে। ১১ জনকে ক্রিকেটারের পোষাক পরিয়ে, খাটিয়ায় শুইয়ে বয়ে নিয়ে যাওয়া সেই শবযাত্রার প্রতিটি মানুষের শরীর থেকে যেন ঠিকরে বেরোচ্ছিল ঘৃণা আর ক্ষোভ। ভারতের অন্যান্য শহরে ক্রিকেটারদের কুশপুত্তলিকা দাহ কিংবা পোস্টার কালিমালিপ্ত করার ঘটনা তো ঘটেছেই। শুক্রবার শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ক্ষোভ আর শোকের ব্যাপক বহিঃপ্রকাশ ঘটেছে ভারত জুড়ে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

স্বাভাবিকভাবেই মিডিয়াতেও ছিল ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে ব্যঙ্গ----বিদ্রুপ আর হাহাকার। জাতীয় দৈনিক ‘হিন্দুস্থান টাইমস’---এর প্রথম পাতার শিরোনাম, “আত্মসমর্পণ”। পাশে আউট হয়ে ফেরা হতাশ শচীন টেন্ডুলকারের ছবি। ‘টাইমস অব ইন্ডিয়া’ র শিরোনামটাও কম ব্যঙ্গাত্মক নয়, “সুপার এইট নয়, সুপার ফ্লপ”।  সেই সঙ্গে পত্রিকাটি প্রশ্ন রেখেছে, “বাংলাদেশের বিপক্ষে জিতে বারমুডা আমাদের বাঁচাতে পারে। কিন্তু এটা কি আমাদের প্রাপ্য?”

সাধারণ মানুষের তো ক্ষোভে----হতাশায় উন্মাদ হওয়ার দশা! এক জন ক্ষুব্ধ লোকের প্রতিক্রিয়া, “প্রত্যেকেরই এই ক্রিকেট দলকে পরিত্যাগ করা উচিৎ। আমাদের উচিৎ তরুণদের শক্তি ও আগ্রাসনকে কাজে লাগিয়ে নতুন একটা দল গড়া। এবং এই দলের বয়স্ক সদস্যদের অবসর নেয়া উচিৎ।” যতীন পাঞ্চাল নামে আহমেদাবাদের এক ব্যবসায়ী তো কথাই বলতে চাননি দলের ব্যর্থতা নিয়ে,“ভারতের একের পর এক উইকেট হারানো এবং শেষ পর্যন্ত হেরে যাওয়া দেখা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। আমি এ নিয়ে কথাই বলতে চাই না।”

ভারতের সাবেক টেস্ট ব্যাটসম্যান ও কোচ অংশুমান গায়কোয়াড়েরও হতাশায় বাকরুদ্ধ হওয়ার অবস্থা, “ব্যাপারটা সত্যিই খুব হতাশাজনক। এটা আমাদের প্রাপ্য নয়। ওরা (ভারতের ক্রিকেটাররা) একটুও ভালো খেলতে পারেনি। ভালো কোন জুটি হয়নি। দলীয় প্রচেষ্টা ছাড়া কারো পক্ষেই ম্যাচ জেতা সম্ভব নয়।”

বিসিসিআই সভাপতি শারদ পাওয়ার অবশ্য দুঃসময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী, “এখন সময় এসেছে ঠান্ডা মাথায় বসে, আলোচনা করে ভবিষ্যত পরিকল্পনা করার। তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতে হবে, আর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার আরো বেশি সুযোগ করে দিতে হবে তাদের। আসলে দল গড়ার জন্য সেটাই হবে সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। এই প্রক্রিয়াই অনুসরণ করতে হবে আমাদের।”

আপাতত ভারতের তারকা ক্রিকেটাররা একেবারে তোপের মুখে। ব্যাঙ্গালোরে দ্রাবিড়ের এবং মুম্বাইয়ে টেন্ডুলকার ও আগারকারের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পুনাতে জহির খানের রেস্টুরেন্ট রক্ষা করা যায়নি। সেখানে ঠিকই পাথর ছুঁড়েছে ক্ষুব্ধ জনতা। দেশে ফিরলে অভ্যর্থনাটা যে কেমন পাবেন, তার আঁচ নিশ্চয়ই পোর্ট অব স্পেনে বসেই পাচ্ছেন দ্রাবিড়রা!