২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতীত স্বপ্ন দেখায় বাংলাদেশকে

বাংলাদেশের সব মানুষের এখন একটাই প্রার্থনা --- রোববার বারমুডাকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যাক বিশ্বকাপের সুপার এইটে। হয়তো যাবেই। দু দলের শক্তির তুলনায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। অথচ এই বারমুডার সামনে প্রথম লড়াইয়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ! সেটা অবশ্য বহু আগের কথা, ’৮২র আইসিসি ট্রফিতে। তার পর বাংলাদেশ ক্রিকেট দল বহু পথ পাড়ি দিয়ে শুধু টেস্ট স্ট্যাটাসই পায়নি, প্রথম বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার দ্বারপ্রান্তেও দাঁড়িয়ে আছে এখন। একে একে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে আদায় করে নিয়েছে ক্রিকেট বিশ্বের সমীহও।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

১৯৮২ সালের ৩০ জুন। ইংল্যান্ডের কিংস হিথে আইসিসি ট্রফির ‘বি’ গ্র“পে বারমুডার মুখোমুখি বাংলাদেশ। দিনটার কথা নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, জাহাঙ্গীর শাহ বাদশারা! প্রথমে ব্যাট করতে নেমে তাদের দল যে ৩১ দশমিক ৩ ওভারে মাত্র ৬৭ রানেই অলআউট হয়ে গিয়েছিল! নাজম শিরাজী (২৬) ছাড়া আর কেউ পৌঁছাতে পারেননি দু অঙ্কের ঘরে। এই মামুলি লক্ষ্য তাড়া করে জিততে বিন্দু মাত্র সমস্যা হয়নি প্রতিপক্ষের। ১৫ দশমিক ৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল বারমুডা। ৭ উইকেটে ম্যাচ হারায় ‘বি’ গ্র“পে রানার্সআপ হতে হয়েছিল বাংলাদেশকে। তারপর সেমিফাইনালে তারা ৮ উইকেটে হার মেনেছিল জিম্বাবুয়ের কাছে।

বারমুডার কাছে সেই পরাজয়ের প্রতিশোধ কিন্তু পরের দেখাতেই নিয়ে ফেলেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ’৯০ আইসিসি ট্রফির ঘটনা সেটা। ৬ জুন দি হেগে অনুষ্ঠিত সেই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ দশমিক ৫ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৫ রানে। মিনহাজুল আবেদীনের ৪৭ ও আমিনুল ইসলামের ৩০ রানের জন্যই লড়াই করার মতো  স্কোর পেয়েছিল বাংলাদেশ। ৬০ ওভারের ম্যাচ বলে তারপরও একটা আশঙ্কা অবশ্য ছিলই। কিন্তু সব দুশ্চিন্তা দূর করে দিয়েছিলেন বোলাররা। ব্যাটিংয়ের মতো সেদিন বোলিংয়েও সেরা পারফরম্যান্স ছিল মিনহাজুলের। ১০ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে জাহাঙ্গীর তালুকদার ও আজহার হোসেন দুটি করে উইকেট  নেয়ায় ৫৩ দশমিক ৫ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় বারমুডা। ৩৬ রানের জয় দিয়ে শুধু ৮ বছর আগের যন্ত্রণাই জুড়ায়নি, ‘বি’ গ্র“পে রানার্সআপ হওয়ার পথটাও সুগম করে রেখেছিল বাংলাদেশ। তবে সেখানে আবারো জিম্বাবুয়ের সঙ্গে লড়াই এবং ৮৪ রানে হেরে আইসিসি ট্রফি থেকে আবার শূন্য হাতে বিদায়।

আইসিসি ট্রফিতে বাংলাদেশ -- বারমুডার মুখোমুখি হয়েছে এই দু বারই । এর পর আইসিসি’র সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দু বার অংশ নিলেও বারমুডার সঙ্গে দেখা হয়নি। আন্তর্জাতিক ওয়ানডেতে একটা ম্যাচই খেলেছে দু দল। এবারের বিশ্বকাপের প্রস্তুতিমূলক একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি লেভেরকদের দল। ২৫ ফেব্র“য়ারি অ্যান্টিগাতে অনুষ্ঠিত সেই ম্যাচে পুরো ৫০ ওভার খেললেও ৮ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি বারমুডা। ১০ ওভারে ৩৮ রানে দুই উইকেট নিয়েছিলেন রফিক। জবাব দিতে নেমে শাহরিয়ার নাফীসের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৭৫ বল ও ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সেই ম্যাচে তামিম ইকবাল (১১) বেশি দূর যেতে না পারলেও আফতাব আহমেদ (৪০) ও সাকিবুল হাসান (অপঃ ৪২) যোগ্য সঙ্গই দিয়েছিলেন নাফীসকে।

ঠিক এক মাস পর আবার বারমুডার মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচের জয় হাবিবুলের দলকে পৌঁছে দেবে সুপার এইটে। স্বপ্নের যে মায়াঞ্জন চোখে নিয়ে তাঁরা দেশ ছেড়েছিলেন, সেটা পূরণ হওয়ার পথে এখন একটাই বাধা.....বারমুডা। সেই বাধা অতিক্রম করতে নিশ্চয়ই তেমন সমস্যা হবে না বাংলাদেশের। দু দলের মধ্যে যে এখন যোজন...যোজন ব্যবধান!