দরজার ওপাশেই রূপকথা
এ যেন ফুলের বাগানে বসে থাকা। কখনো ফুলের সৌরভ গায়ে মাখা। আবার কখনো কাঁটার আঘাত।
বাংলাদেশ দলকে দেখুন। ভারতের সঙ্গে ম্যাচে সৌরভ, তারপর শ্রীলঙ্কা ম্যাচে কাঁটার ঘা পাওয়ার পর এখন আবার সুবাসিত হওয়ার সুযোগ। সামান্য একটু কাজ। বারমুডাকে হারাতে হবে। সেই বারমুডা, যাদের অধিনায়ক পেশায় একজন স্কুল শিক্ষক, যাদের খেলোয়াড়রা এখান থেকে ফিরে গিয়ে দশটা-পাঁচটা অফিস করবেন, ক্রিকেট খেলবেন শুধু সাপ্তাহিক ছুটির দিনে।
ভারত----শ্রীলঙ্কা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন রাহুল দ্রাবিড়কে পদত্যাগের জন্য পীড়াপীড়ি চলছে তখন হোটেলে বাংলাদেশ দল সারাদিনের টেনশন শেষে চরম স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। একে এমন টেনশন, তারপর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের খেলা আছে বলে টিভিতেও খেলা দেখা যাচ্ছে না, টেনশনে বাংলাদেশ দলের কেউ কেউ মাঠে চলে গিয়েছিলেন। কোচ হোয়াটমোরের সঙ্গে মাশরাফি, আশরাফুল এবং তাপস। এদের কেউ কেউ ভারতের হারে সব ভুলে এমন লাফালাফি করছিলেন যেন নিজেরাই জিতেছেন। ডেভ হোয়াটমোরের আগে----ভাগেই এই উল্লাস পছন্দ হচ্ছে না। “কাজ এখনও বাকি আছে’ বলে যেন তিনি মনে করিয়ে দিলেন ফুলের পাশে কাঁটা আছে। কাঁটা ফেলে তবেই ফুলটা নাকে নিতে হবে। নইলে রক্তাক্ত হওয়ার ভয়। আর অধিনায়ক হাবিবুল বাশার তো এমন টেনশনে ছিলেন যে যুবরাজ ও ধোনি এক ওভারে আউট হয়ে যাওয়ার পরও ফোনের ওপাশ থেকে তিনি নিশ্চিন্ত নন, ‘এখনও দ্রাবিড় আছে। এখনও খানিকটা ভয় হচ্ছে।’ তারপর দ্রাবিড় যখন আউট তখন তিনি মোটামুটি নিশ্চিন্ত। তবু ভারতের পুরো ইনিংস শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক পুরো স্বস্তি পাচ্ছিলেন না।
টুর্নামেন্টের সূচী ঠিক হওয়ার পরই বাংলাদেশ সুপার এইট, সুপার এইট করে এমন একটা রব তুলেছিল যে এই আশাবাদের ভিতটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভারত----শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্র“পে এবং পরিবর্তিত হয়ে উপমহাদেশের উইকেটের আদল নেয়া এসব উইকেটে দুটো দলই শিরোপার দাবিদার। কাজেই...। বাস্তবানুগ স্বপ্ন তো বারমুডাকে অবশ্যই হারানো এবং বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই এই হওয়া উচিত। ধরা যাক, বাংলাদেশ সমানেই পাল্লা দিল। কিন্তু তার জন্য তো কোনো বাড়তি পয়েন্ট নেই যে খুব লড়েছে বলেই বাংলাদেশকে সুপার এইট খেলিয়ে দেয়া যাবে। তাহলে! হাবিবুল বাশার এখন স্বীকার করে নিচ্ছেন, আসলে তখন দলকে উদ্বুদ্ধ করতেই এই স্লোগানটা ওঠানো হয়েছিল। এবং উদ্ধুদ্ধকরণ স্লোগানে দল উদ্ধুদ্ধ হয়ে ভারতকে হারিয়ে দেয়ার পর থেকে আসলে সত্যিকারের স্বপ্ন দেখার শুরু। সেই স্বপ্ন এখন দরজার ওপাশে। দরজা ঠেলে তাকে ঘরে টেনে নেওয়ার কাজই শুধু। আর তাই বারমুডা ম্যাচটাও হয়ে দাঁড়াচ্ছে জীবন-মরণ ম্যাচের মতো। যে ম্যাচটাতে হাসতে হাসতে নামার কথা, তাতে এমন চাপ! হাবিবুলও মানছেন সেটা, “আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো, যাতে কেউ বাড়তি চাপ হিসাবে না নেয়। এমনিতে শক্তি অনুযায়ীই আমাদের জেতার কথা এবং সেজন্যই আমি চাই বেশি চাপ না নেওয়াটাই ভালো।”
ক্রিকেট কখনও কখনও এমনই এক দ্বিমুখী ফলার নাম যে দু-দিক থেকেই কাটে। এই যেমন ভারত----শ্রীলঙ্কা ম্যাচের সময় বাংলাদেশ খুব টেনশনে ছিল, তারপর ভারত যখন হেরে গেলো তখন পরম স্বস্তি। নিমেষেই সেই স্বস্তি শেষ হয়ে আবার টেনশন। বারমুডার সঙ্গে ম্যাচে কোনো রকম পা পিছলানো এড়াতে হবে! স্বস্তি এভাবেই হয়ে যায় অস্বস্তি। হাওয়া থেকে এসে চাপ জুড়ে বসে মাথায়। রফিক অবশ্য কখনোই কোনোরকম চাপ নিতে রাজি নন। বললেন, “টেনশনের কী আছে। আমি কখনোই টেনশন করি না। কোনো কিছু নিয়েই না। যা হওয়ার তাই হবে।” সন্ধ্যায় হোটেলের লবিতে দাঁড়িয়ে ম্যাচের হাইলাইটস দেখছিলেন সাকিব। যথারীতি তারও তেমন কোনো টেনশন ছিল না। ম্যাচ টিভিতে দেখা যায়নি বলে কেউ কেউ যেমন মাঠে চলে গেছেন, শাহরিয়ার নাফীসের মতো কেউ কেউ সারাক্ষণ টিভির সামনে, তবু সাকিব নির্বিকার। “খেলার মাঝে----মধ্যে তো খবর দিচ্ছিল। এতেই জানছিলাম যে ভারত হেরে যাচ্ছে।” এখন তো ভারত হেরে গেলো, কাজেই..“আমাদের ম্যাচটা জিততে হবে।”
একই ঘটনায় সবার একরকম প্রতিক্রিয়া হবে এমন কোনো কথা নেই। মানুষ হিসাবে সবাই সমান আবেগীও নয়। ক্রিকেটাররাও মানুষ, মানবিক প্রতিক্রিয়ার রকমফের আছে ওদের মধ্যে, কিন্তু শরীরের যে ভাষা সেখানে তো আশ্চর্য রকম ঐক্য। ম্যাচটা ভারত জিতে গেলে কী বাংলাদেশী ক্রিকেটারদের সবাইকে এমন লবিতে খোশমেজাজে দেখা যেতো! সবাই নেমে এসেছেন, পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় হচ্ছে, আর সেখানে কোথায় ভারতীয় ক্রিকেটাররা। ঘণ্টাখানেক হোটেলে থেকেও ওদের কাউকে দেখা গেলো না। সবাই খিল দিয়ে দরজার ভেতরে স্বেচ্ছাবন্দী। ওদের দরজার বাইরে তো শুধুই অনিশ্চিত অন্ধকার। আর বাংলাদেশের দরজার ওপাশেই সুপার এইট নামের রূপকথা।
রূপকথা তার সবটা রূপ নিয়ে দরজায় দাঁড়িয়ে। বাংলাদেশের কাজ শুধু দরজাটা খুলে তাকে সাদরে ঘরে টেনে নেয়া। সামান্য কাজ। খুব সামান্য।
