২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড - কেনিয়ার বাঁচা - মরার লড়াই

দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের কারণে এই ম্যাচটার প্রায় আড়াল হওয়ার দশা! তবে ইংল্যান্ড ও কেনিয়া দু দলের কাছেই শনিবারের ম্যাচটার অসীম গুরুত্ব। দু দলই কানাডাকে হারালেও হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। তাই এই ম্যাচের বিজয়ীই ‘সি’ গ্র“পের রানার্সআপ হিসাবে নিশ্চিত করবে সুপার এইট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কিউইদের সঙ্গে জিততে না পারলেও কেনিয়ার কাছে ইংল্যান্ড হেরে গেলে তা হবে এক বিরাট অঘটন। ক্রিকেটীয় শক্তি কিংবা ঐতিহ্য দু দিক দিয়েই ইংলিশরা কেনিয়ানদের চেয়ে অনেক এগিয়ে। এখন পর্যন্ত দু দল এক বারই মুখোমুখি হয়েছে ক্রিকেট মাঠে। ’৯৯ বিশ্বকাপের সেই ম্যাচে কেনিয়া দাঁড়াতেই পারেনি। সেবারের বিশ্বকাপের স্বাগতিকরা জিতেছিল ৯ উইকেটে। সেই ম্যাচের সুখস্মৃতির মতো শনিবার ইংলিশদের জন্য বড় এক অনুপ্রেরণার উৎস অ্যান্ড্রু ফ্লিনটফের প্রত্যাবর্তন। নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর গভীর রাত পর্যন্ত মদ্যপান করার শাস্তি হিসাবে ‘ফ্রেডি’কে কানাডার বিপক্ষে খেলায়নি তারা। কেড়ে নেয়া হয়েছে সহ অধিনায়কত্বের সম্মানও। সেটা  ফ্লিনটফকে কতটা তাতিয়ে দিয়েছে তার আভাস পাওয়া যাচ্ছে পল কলিংউডের কথাতে, “নেটে তার (ফ্লিনটফের) মুখোমুখি হয়ে বুঝতে পেরেছি ও ভালো করার জন্য মুখিয়ে আছে। আমি নিশ্চিত, শনিবার মাঠে নেমে ও নিজেকে উজাড় করে দেবে। সেটাই তো আমাদের কাম্য। ফ্রেডি ভালো খেললে পুরো দলই ভালো খেলবে।”

গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেনিয়াও তা ভালো মতোই জানে। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৪৮ রানে হেরে গেলেও কেনিয়ান অধিনায়ক স্টিভ টিকোলোর বিশ্বাস, সুপার এইটে ওঠার ভালো সম্ভাবনা আছে তার দলের, “আমাদের সম্ভাবনা ভালোই আছে। তবে সেজন্য মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক মতো করতে হবে আমাদের।”

মৌলিক ব্যাপারগুলো অর্থাৎ ব্যাটিং -- বোলিং -- ফিল্ডিং তিন বিভাগেই ভালো করা দলই যে জিতবে, সে তো সবাই জানে। জানা কথাটা মাঠে কারা অনুদিত করতে পারবে, তার ওপরেই নির্ভর করছে ‘সি’ গ্র“পের রানার্সআপ ভাগ্য।