বাংলাদেশের শরীর প্র্যাকটিসে, মন কুইন্স পার্ক ওভালে
একদিক থেকে বারমুডাই সবচেয়ে ভালো। ভারত --- শ্রীলঙ্কার ম্যাচ দেখার জন্য ওরা ওদের প্র্যাকটিসই বাতিল করে দিয়েছে। প্র্যাকটিস করে শেখার চেয়ে এই দু --- দলের খেলা দেখেই বেশি শেখা যাবে বলে মনে হতে পারে ওদের, আর বাংলাদেশের কাছে পরের ম্যাচটি তাদের কাছে স্রেফ একটি খেলাই কিন্তু জীবন --- মরণ সমস্যাও। তবু বাংলাদেশ প্র্যাকটিস করেছে। সকাল ৯ --- ১২ টা পর্যন্ত। প্র্যাকটিস না করেও উপায় নেই। ভারত হেরে গেলেও যে বাংলাদেশের কাজ শেষ নয়। বারমুডার সঙ্গে ম্যাচটা জিততে হবে তো!
শ্রীলঙ্কার সঙ্গে অমন হেরে গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের তৈরি হওয়া বাণিজ্যিকমূল্য তাতে ধসে পড়েনি। পরদিনই ইউনিসেফের একটা অনুষ্ঠানে বঞ্চিত শিশুদের উদ্ধুদ্ধ করতে অধিনায়ক আর সহ --- অধিনায়ককে যেতে হয়েছে একটা স্কুলে। সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলা, তাদেরকে খানিকটা ক্রিকেট শেখানো ইত্যাদি, কিছু অনুপ্রেরণাদায়ী কথা বলা! জেনে নিন, এই কাজগুলো এর আগে ক্রমান্বয়ে করেছেন শচীন টেন্ডুলকার, কুমারা সাঙ্গাকারারা। এখন তাদের তালিকায় হাবিবুল --- নাফীসও। এবং ঐ বাচ্চাদের কাছে হাবিবুলদের তারকামূল্য একটুও কম নয়। এখনও পোর্ট অফ স্পেন শহরে বেরোলেই যে বা যারা শুনছে বাংলাদেশ থেকে এসেছি তারাই ঘোষণার স্বরে বলছে,“বাংলাদেশ গুড টিম। গুড প্লেয়ার।” খেলোয়াড়রা এর চেয়ে বেশি শুনে থাকবেন স্বাভাবিক। কিন্তু এতেই তাদের সব হয়ে যাচ্ছে না। এতটুকু এসে সুপার এইট না খেলে বিদায় নেয়াটা খেলোয়াড়দের কাছে যতখানি সাফল্য ততখানিই ব্যর্থতা। শুক্রবারের প্র্যাকটিসে গিয়েও তাই বারবার খেলোয়াড়রা জানতে চাইছেন স্কোর কতো! ভারত খুব বেশি কিছু করে ফেলেনি তো! ভারতের সাফল্যের খবর যতবার শুনলেন ততোবারই ধাক্কা। জয়াসুরিয়ার আউটের খবর শুনে তো মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম প্রায় আর্তনাদ করে উঠলেন, “তাই নাকি! কই রেডিওতে তো বলছে বিনা উইকেটে ৩০!” প্র্যাকটিসে স্থানীয় মাঠকর্মীদের কাছে রাখা রেডিওতে টিম ম্যানেজমেন্ট ধারাভাষ্য শুনছে, রেডিও একটু পিছিয়ে, তাই খবরটা জানতে একটু দেরি হচ্ছে। আশরাফুল অবশ্য প্র্যাকটিস থেকেই ফোনে এক সাংবাদিকের সঙ্গে রসিকতা করলেন,“কীসের টেনশন! বারমুডার বিপক্ষে ৫০০ করবো, নইলে ওদের ৫০ রানে অলআউট করে ৩-৪ ওভারে করে ফেলবো জয়ের রান।” এসবই রসিকতা, রুপকথা, বাস্তবতা নয়। বাস্তবতা হলো হয় বাংলাদেশ নয় ভারত। এবং বাংলাদেশ হতে হলে ভারতকে হারতে হবে।
বাংলাদেশের চেয়ে অনেক বেশি চিন্তা আর চাপে ভারত। বাংলাদেশের জন্য সুপার এইটে ওঠা বাড়তি কৃতিত্ব, সেখানে ভারতের জন্য সুপার এইট দায়িত্ব। বিশ্বকাপ জিততে এসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলে কী হবে সেটা ভেবে ভারতীয় দল এমন শিউরে উঠছে যে সেটাই ওদের বড় তাড়না। ভারতের চেয়ে বেশি চিন্তায় সম্ভবত আইসিসি। পাকিস্তানের বিদায় তবু মেনে নেয়া যায়, পাকিস্তান ক্রিকেটের অতো বড় বাজার নয়, কিন্তু ভারত ক্রিকেট বাণিজ্যের এমন তীর্থ যে দ্বিতীয় রাউন্ড থেকেই ভারতবিহীন বিশ্বকাপ আশাই করা যায় না! বিশ্বকাপ তবু চলবে, কিন্তু এক চাকার গাড়ির মতো। খুঁড়িয়ে। ধুঁকে। টিভি বাণিজ্যে তো প্রভাব পড়বেই, এই ক্যারিবিয়ানের মাঠগুলোতেও শুন্যতা দেখা ে দেওয়ার কথা। সব জায়গায় যে টিকেট আগে--- ভাগে বিক্রি হচ্ছে তার সিংহভাগেরই ক্রেতা অভিবাসী ভারতীয়রা, সেই ভারতীয়রাই আমেরিকা ---কানাডার মতো ক্রিকেটহীন মুলুকেও বিশ্বকাপের মশাল প্রজ্জলক; এখন ভারত চলে গেলে তাদের কাছে বিশ্বকাপ তো বিস্বাদের। ভেতরে --- বাইরে ভারত তাই সর্বশক্তি নিয়োগ করবে স্বাভাবিক। করছেও। টস জিতেছে তারা। পছন্দমতো ফিল্ডিং নিয়ে দুই উদ্বোধনী বোলার জহির খান এবং আগারকার দারুণ বল করছেন। ক্রিকেটীয় হিসাব অনুযায়ী ভাগ্য ভারতের সঙ্গেই আছে, কিন্তু ভারত বলেই সমস্যাটা। ত্রিনিদাদের ক্রিকেটমহল একমত এই ম্যাচ দলীয় শক্তিতে নয়, ভারতকে জেতাতে পারে ওদের ব্যাটসম্যানদের হিসাব ওল্টানো ধুন্দুমার ব্যাটিং। আর কে না জানে ভারতীয় ব্যাটসম্যানরা টেকনিকে যত দক্ষ, মানসিকতায় একটুও অতোটা নয়। রানের বোঝা পিঠে নিলে ওদের গুলিয়ে ফেলার ঘটনাই বেশি। এবং সেখানে ভারতের শুরুর ধাক্কা সত্ত্বেও বাংলাদেশের আশাবাদের পাল্লাটাই ভারী দেখাচ্ছে।
বাংলাদেশ দল প্র্যাকটিস শেষ করে মাঠে আসছে না। টিভির সামনেও যাচ্ছে না। ওরা যাচ্ছে জুমার নামাজে। এমনিতে ওটা কোনো খবর নয়, সবাই সবসময় যানও না, কিন্তু আজ যে সব অন্যরকম। নিজেদের হাতে কিছু নেই; সব ভাগ্যের হাতে, দৈবের হাতে। প্রার্থনায় যদি তাকে প্রভাবিত করা যায়।
আজকের দিনটি বাংলাদেশ দলের জন্য তো টেনশন আর প্রার্থনারই দিন!
