পিসিবি চেয়ারম্যানের কাছে ইনজামামরা সন্দেহের ঊর্ধ্বে
জিজ্ঞাসাবাদের পর আঙ্গুলের ছাপও নেয়া হয়ে গেছে। এর পর ডিএনএ টেস্ট। তবে যা --- ই করা হোক না কেন, নাসিম আশরাফের দৃঢ় বিশ্বাস বব উলমারের মৃত্যুর সঙ্গে পাকিস্তানের কোনো ক্রিকেটার জড়িত নয়।পাকিস্তান দলের সদস্যদের জিজ্ঞাসাবাদের বিষয়টিকে জ্যামাইকান পুলিশের নিয়মমাফিক তদন্ত প্রক্রিয়াই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।
“ঘটনার তদন্তের স্বার্থে হোটেলের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এমনকি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা ও ম্যানেজার ক্লাইভ লয়েডও বিবৃতি দিয়েছেন”... নাসিমের আশরাফের কথাতেই পরিষ্কার, পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে জ্যামাইকান পুলিশের তদন্তকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন তিনি। এমন ধারনার পক্ষে যুক্তি তুলে ধরতেই যেন পিসিবি প্রধান বললেন, “উলমারের মৃত্যু আমাদের সবার জন্যই বিশাল এক ট্র্যাজেডি। তার মৃত্যুতে ক্রিকেটের বিশাল ক্ষতি হলো। দলের খেলোয়াড়রা সেজন্য ভীষণ মর্মাহত। তবে তাদের কাউকেই সন্দেহ করা হচ্ছে না।”
এদিকে উলমারকে সিতারা --- ই --- ইমতিয়াজ সম্মানে ভূষিত করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানে বেসামরিক সম্মাননাগুলোর মধ্যে ওপরের দিকেই থাকে এটি।
