অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি ঝড়ো ইনিংসের অপেক্ষায় হার্শেল গিবস
“কাপটা হাত থেকে ফেলে দিলে তুমি!”.... ’৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে হার্শেল গিবসের ব্যর্থতায় জীবন ফিরে পাওয়ার পর স্টিভ ওয়াহর সেই বিদ্রুপাত্মক মন্তব্য কি কখনো ভোলা যাবে? অন্তত গিবস সেটা কখনোই ভুলতে পারবেন না। সেদিন তার সেই সহজ ক্যাচ ফেলে দেয়ার অমার্জনীয় ব্যর্থতাকে কাজে লাগিয়েমই দারুণ এক অপরাজিত সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। সুবাদে নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল। তবে সেই ব্যর্থতা আজ আর তাড়া করে ফেরে না গিবসকে। যদিও তিনি নিজেই স্বীকার করছেন অস্ট্রেলীয়দের মানসিক দৃঢ়তার জন্যই তাদের বিপক্ষে তার পারফরম্যান্স তুলনামূলকভাবে খারাপ।
শনিবার ‘এ’ গ্র“পের শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার সময় গিবসের ব্যাপারে সতর্ক থাকতেই হবে অস্ট্রেলিয়াকে। সেটা শুধু ১৬ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর জন্যই নয়। সর্বশেষ লড়াইয়ে গিবসের অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্যও। ২০০৬ এর ১২ মার্চ জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪৩৪ রানের ‘এভারেস্টে’ পৌঁছেও পন্টিংয়ের দল যে জিততে পারেনি তার একটা বড় কারণ গিবসের বিধ্বংসী ব্যাটিং। ১১১ বলে ১৭৫ রানের সেই ‘টর্পেডো’ ইনিংসটাই এক উইকেটের অবিস্মরণীয় জয়ের ভিত গড়ে দিয়েছিল। অবশ্য অন্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গিবসের রেকর্ডকে খারাপই বলতে হবে। ওয়ানডেতে তার গড় ৩৫ দশমিক ৭১, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ দশমিক ০৩। টেস্টেও একই অবস্থা। সব মিলিয়ে ৪৩ দশমিক ৩৭ গড়ের অধিকারী হলেও বিশ্বসেরাদের বিপক্ষে সেটা ৩১ দশমিক ৫৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাটিংয়ের হতাশাজনক চিত্রের জন্য গ্লেন ম্যাকগ্রা অনেকাংশে দায়ী। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১১ বার গিবসকে আউট করেছেন ম্যাকগ্রা।
শনিবার কি সংখ্যাটা ১২ হবে? প্রশ্নটার উত্তর দেয়া সম্ভব নয় এখনই। তবে অন্য দলের তুলনায় অস্ট্রেলিয়ার সঙ্গে তার খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের মানসিক শক্তিকেই কারণ হিসাবে মনে করছেন গিবস, “হয়তো মানসিক শক্তির কারণেই তাদের বিপক্ষে ভালো খেলা কঠিন। ওরা (অস্ট্রেলিয়া) আপনাকে কখনোই সহজে রান করার সুযোগ দেবে না। সেই তুলনায় অন্যদের বিপক্ষে রান করা সহজ। তাছাড়া আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের তুলনায় অস্ট্রেলীয়রা অনেক বেশি অভিজ্ঞও। সেটাকেও মাথায় রাখতেই হবে আপনাকে।”
শুধু ব্যাট --- বলের লড়াই --- ই নয়, অস্ট্রেলীয়রা কথার লড়াইয়েও সমান পারদর্শী। বিশ্বসেরা হয়েও অস্ট্রেলিয়ার কম জনপ্রিয়তার কারণ হিসাবে তাদের ‘স্লেজিং’ ক্ষমতাকে চিহ্নিত করে সুনীল গাভাস্কার তো একেবারে হৈ..চৈ ফেলে দিয়েছেন ক্রিকেট দুনিয়ায়। গিবস কিন্তু ব্যাপারটাকে স্বাভাবিক বলেই মনে করেন,“মাঠের মধ্যে সব সময়ই কথার লড়াই চলে। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে আমরা এটা আশাও করে থাকি। দীর্ঘ দিন ধরে ওদের সঙ্গে খেলার কারণে এটা হতেই পারে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে কিছু না কিছু কথার লড়াই হবেই।”
পন্টিংয়ের দলকে হারানো কঠিন, এটা যেমন মানছেন, তেমনি বিশ্বকাপে নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী গিবস, “আমার বিশ্বাস এই দলটা ধারাবাহিকভাবে ভালো খেলতে সক্ষম। আমাদের দলে রয়েছে দারুণ ব্যাটিং গভীরতা। ওয়ানডেতে এটা কোনো দলের জন্য বিরাট সুবিধা। আমাদের প্রত্যেকেরই একে অন্যের প্রতি দারুণ আস্থা রয়েছে। আর সেটা বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্সে বড় ভূমিকা রাখেই।”
তার মানে কি দক্ষিণ আফ্রিকাকে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে মনে করছেন গিবস? এখনই এত দূর ভাবতে চান না তিনি। শুধু জানাচ্ছেন, বিশ্বকাপ জয়ের জন্য অন্য সব কিছুর পাশাপাশি সৌভাগ্যও প্রয়োজন হয় একটি দলের, “বিশ্বকাপ জিততে হলে ভাগ্যের সাহায্য লাগবেই। এটা আমার তৃতীয় বিশ্বকাপ। এবং সর্বশেষ দুই বিশ্বকাপে আমরা ভীষণ দুর্ভাগা ছিলাম। আমাদের বর্তমান দলটা খুবই ভালো। তার সঙ্গে যদি ভাগ্যের একটু সাহায্য পাই তা হলে কে বলতে পারে কি ঘটবে?”
আর সবার মতো গিবসও এখন প্রশ্নটার উত্তরের খোঁজে!
