২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ক্লাসিকের জন্য প্রস্তুত ওয়ার্নার পার্ক

বিশ্বকাপে দুদলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯৯ সালে, এজবাস্টনে। আর ওয়ানডে ক্রিকেটে? ২০০৬ সালের ১২ মার্চ, জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ক্রিকেট ইতিহাসের খোঁজ খবর যারা রাখেন, তাদের কাছে ওই দুটি ম্যাচই অবিস্মরণীয়। হয়তো বা ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা দুটি ম্যাচই। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শনিবার যখন আবার মুখোমুখি হচ্ছে সেই দুদল, আরেকটি ক্লাসিক ম্যাচের অপেক্ষায় থাকতেই হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এজবাস্টনের সেই টাই ম্যাচ অবশ্য নয়, ওয়ার্নার পার্কে বরং জোহানেসবার্গের মতো একটা কিছু ঘটার সম্ভাবনাই বেশি। ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো চারশ ছাড়ানো স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৫০ ওভারে তাদের ৪ উইকেটে ৪৩৪ রানও ম্যাচ জেতাতে পারেনি, এক বল আর এক উইকেট হাতে রেখে অবিশ্বাস্যভাবে সেটা টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। সেদিন অস্ট্রেলিয়াকে রানের চূড়ায় নিয়ে গিয়েছিল রিকি পন্টিংয়ের সেঞ্চুরি। কিন্তু ১০৫ বলে তার ১৬৪ রানের ইনিংসটাকে ম্লান করে দিয়েছিলেন হার্শেল গিবস, ১১১ বলে ১৭৫ রানের আরেকটি বিধ্বংসী ইনিংস খেলে। জোহানেসবার্গের চেয়ে কিছুটা ছোট বাউন্ডারির মাঠ ওয়ার্নার পার্কে আরেকবার মুখোমুখি হওয়ার আগেও তারা দেখাচ্ছেন সে রকমই ফর্মের ছাপ। ছোট দুই দল নেদারল্যান্ডস আর স্কটল্যান্ডের বিপক্ষে এ গ্র“পের প্রথম দুটি ম্যাচ জেতার পথে অস্ট্রেলিয়ান অধিনায়ক করেছেন এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি, আর গিবস নেদারল্যান্ডসের বোলার ড্যান ফন বাঞ্জের একই ওভারে ছয়টি ছক্কা মেরে চিরকালের মতো ঢুকে পড়েছেন রেকর্ড বুকে।

“আমার তো মনে হয় ও রকম কিছু যদি আবার ঘটতে হয়, তাহলে সেটা এখানকার মতোই কোনো একটা ভেন্যুতে হবে”. ম্যাচের দুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন পন্টিং। তার যুক্তি, “উইকেটটা এখানে দারুণ। আমরা এ মাঠে বড় বড় স্কোর হতে দেখছি। গত এক সপ্তাহে আমি অনেকবারই বলেছি, এখানে বড় স্কোর হবে। আর সেই সম্ভাবনায় আমি রোমাঞ্চিত।”

এমনকি ওই রকম রান বন্যা যদি না-ও হয়, তবু টান টান উত্তেজনায় ঠাসা একটা ম্যাচই আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, “চারশর জবাবে চারশ? কে জানে হতেও পারে! আবার হতে পারে দুশর জবাবে দুশও। কিন্তু যা-ই হোক, আমরা একটা দারুণ ওয়ানডে ম্যাচ দেখতে যাচ্ছি।’

টুর্নামেন্টের ফরম্যাট এই ম্যাচটাকে গুরুত্ব দিচ্ছে, কারণ দুদলই আগে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করলেও এ ম্যাচে যারা জিতবে তারা সঙ্গে নিয়ে যাবে দুটি মূল্যবান পয়েন্ট। পন্টিং অবশ্য অন্য কারণে ফরম্যাটের প্রশংসা করছেন. দীর্ঘ দুমাসের লম্বা সফরে এসেও ক্লান্তিটা যে সেভাবে টের পাচ্ছেন না তারা! প্রথম দু ম্যাচে জয় নিয়ে তেমন কোনো সংশয় ছিল না, বিশ্বকাপের প্রথম সপ্তাহটা তাই এক রকম ছুটি কাটানোর মেজাজেই কাটিয়েছে অস্ট্রেলিয়া দল। এই ফাঁকে ক্যারিবিয়ানের সৌন্দর্যও উপভোগ করে নিয়েছে প্রাণভরে।

শুধু একটাই দুশ্চিন্তা, অ্যান্ড্রু সাইমন্ডস খেলতে পারবেন কি না। মাসখানেক আগে ঘোষিত অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া এই অলরাউন্ডার ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই ফিরবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু এখনো ঠিক পুরো ফিটনেস ফিরে পাননি তিনি। বিশেষ করে থ্রোয়িংয়ে এখনো একটু সমস্যা রয়েই গেছে তার। তিনি ফিরলে আবার অন্য এক সমস্যা, টানা দু ম্যাচ জেতা দল থেকে বাদ দেওয়া হবে কাকে? গত ম্যাচেই সেঞ্চুরি করা ব্র্যাড হজের ওপরেই কোপটা পড়ার কথা!

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন সাইমন্ডসকে খেলানোটা অস্ট্রেলিয়ানদের জন্য জুয়ায়  মতোই হবে, “জানি না ওরা ঠিক জানে কি না যে সে তার ওভারগুলো শেষ করতে আর ফিল্ডিং করতে পারবে কি না। ব্যাপারটা ওদের জন্য একটু ঝুঁকিপূর্ণই হবে।”

তবে সাইমন্ডস খেলছেন ধরে নিয়েই ছক সাজাচ্ছে তার দল, জানিয়েছেন স্মিথ, “আমরা জানি সে খেলছে, আর সেটা মাথায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।”

দুদলের ৬৫ বারের দেখায় অস্ট্রেলিয়া জিতেছে ৩৪ বার, দক্ষিণ আফ্রিকা ২৮ বার। পরিসংখ্যানের এই তথ্য বলবে, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা দুদলের লড়াইয়ে এক ধরনের সমতা। কিন্তু এই এক বছর আগেও ব্যাপারটা মোটেই তেমন ছিল না. অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া মানেই দক্ষিণ আফ্রিকানদের জন্য ছিল এক যন্ত্রণার নাম। ১৯৯৯ বিশ্বকাপে না হেরেও হেরে যাওয়া এজবাস্টনের সেই সেমিফাইনাল, কিংবা তার ঠিক আগে স্টিভ ওয়াহর ক্যাচ ফেলে দিয়ে আরেকটি হার দিয়েই শুরু, মাঝের ছয়.সাত বছরে যেন বার বার ঘুরে ফিরে আসছিল সেই স্মৃতি। জোহানেসবার্গের সেই কীর্তিগাথা কিন্তু এখন আবার উল্টে দিয়েছে সবকিছু। আর বিশ্বকাপ শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারার পর এখন তারাই ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল।

নিজেদের ‘চোকার’ অপবাদটা ঘুচিয়ে এখন তাই অনেক আত্মবিশ্বাসী প্রোটিয়াস দল। স্মিথও বলতে পারছেন, “আমি তো মনে করি শক্তির দিক থেকে দুদলই বেশ কাছাকাছি। অস্ট্রেলিয়াকে নিয়ে সেই ভীতি আর আছে বলে মনে হয় না।”

এই ম্যাচে দলের কাছে একটাই চাওয়া তার। নিজেদের খেলাটা ঠিকমতো খেলতে হবে। আর দুদলই যদি নিজেদের খেলাটা ঠিকমতো খেলতে পারে, তাহলে দর্শকরা জিভে জল আসা একটা ম্যাচ আশা করতেই পারেন।