২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ টেস্টের মুখোমুখি হতে হবে ইনজামামদের

জ্যামাইকান পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বব উলমারকে। এবং তদন্তের স্বার্থে পাকিস্তান দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের এই কোচের মৃত্যু নিয়ে আগুনে ঘি ঢেলেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার বিশ্বাস, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে একটি আন্তর্জাতিক জুয়াড়ি চক্র। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দেওয়া এই মৃত্যু নিয়ে তোলপাড় চলছেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বৃহস্পতিবার কিংস্টনের পেগাসাস হোটেলে পাকিস্তান দলের প্রত্যেক সদস্যের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছিল। এই হোটেলেই নিজের কক্ষ থেকে গত রোববার অচেতন অবস্থায় উদ্ধার করা হয় উলমারকে, পরে হাসপাতালে মৃত্যু হয় তার। আঙ্গুলের ছাপ নেয়ার পর ডিএনএ টেস্ট করানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বরং জ্যামাইকান পুলিশ মন্টেগো বে'র বিমান ধরার অনুমতি দেয় পাকিস্তান দলকে। জ্যামাইকার প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসন-মিলারের অনুরোধে আপাতত সেখানেই অবস্থান করছে তারা। মন্টেগো বে’তেই ডিএনএ টেস্ট হওয়ার কথা। সেটা অবশ্য এমন কঠিন কোন পরীক্ষা নয়। পাকিস্তানের মিডিয়া ম্যানেজার পারভেজ মীর জানিয়েছেন, “এটা তাদের এক ধরনের রুটিন পরীক্ষার মতোই। আমাকে তেমনই জানানো হয়েছে। তুলার মতো এক ধরনের জিনিস মুখের ভেতর ঢুকিয়ে সেটা রাখা হবে একটা প্লাস্টিকের বাক্সে। পরীক্ষাটা করতে ২৫ সেকেন্ডের মতো লাগবে।”

উলমারের মৃত্যুরহস্যের মধ্যেই একটা বোমা ফাটিয়েছেন রশিদ লতিফ। প্রায় এক যুগ আগে তিনি ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারের সংশ্রব থাকার কথা জানিয়েছিলেন। যার জের ধরে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক। ওয়াসিম আকরামসহ বেশ কয়েক জনের জরিমানাও হয়েছিল। সেই থেকে ম্যাচ পাতানোর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রশিদ লতিফ জানাচ্ছেন, ক্রিকেটের এই ‘মারণব্যধি’ এখনো দূর হয়নি, “আমি সব সময়ই বলে এসেছি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কিছু পদক্ষেপ সত্ত্বেও খেলাটা কখনোই দুর্নীতিমুক্ত হতে পারেনি। তারা (আন্তর্জাতিক জুয়াড়ি চক্র) এখনো সক্রিয়ভাবেই বেশ কিছু ম্যাচের ফল নির্ধারণ করছে। উলমারকে যে..ই হত্যা করুক না কেন নিঃসন্দেহে সে খুব বেপরোয়া লোক। না হলে বিশ্বকাপ চলার সময় খুনটা সে করতো না।”

এদিকে উলমারের মৃত্যু রহস্য অন্যদিকে মোড় নেয়ার পর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে বিবৃতি দিতে যাচ্ছে তারা। উলমার পরিবারের এক ঘনিষ্ঠ আত্মীয়া জানিয়েছেন,“এই মুহূর্তে তার (উলমারের) পরিবারের কিছুই বলার নেই। তবে এ সম্পর্কিত পূর্ণ তথ্য পাওয়ার পর একটা বিবৃতি দেয়া হবে।” দু দিন আগে উলমারের স্ত্রী জিল অবশ্য জানিয়েছিলেন তিনি বিশ্বাস করেন তার স্বামীর স্বাভাবিক মৃত্যুই হয়েছে।