২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রায়ান লারার দলের সামনে আত্মবিশ্বাসী পাকিস্তান

শুরুতেই বড় ম্যাচ! তা বলা যেতো, কিন্তু মঙ্গলবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে বিশ্বকাপ ২০০৭ --- এর প্রথম ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর এক বারের চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে জেনেও এটাকে ‘বড় ম্যাচ’ বলতে কেমন যেন বাঁধছে। বরং বলা ভালো, দুই ‘আনপ্রেডিক্টেবল’ দলের লড়াই দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 04:13 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আজ ভালো, কাল জঘন্য --- এমন পারফরম্যান্সের জন্য ‘আনপ্রেডিক্টেবল’ লেবেলটা যেন পাকিস্তানের নিজস্ব সম্পত্তি। তবে হালে ব্রায়ান লারার ওয়েস্টইন্ডিজও এ উপমার যোগ্য (!) হয়ে উঠেছে। কদিন আগেও যেখানে ক্রমাগত উন্নতির লক্ষণ দেখিয়ে অনেকের কাছে ফেবারিটের মর্যাদা পেতে শুরু করেছিল, সেখানে ১৯৭৫ ও ১৯৭৯ ---এর চ্যাম্পিয়নদের হারানো স্বপ্নের কথা  জোর গলায় বলতে শুরু করেছে জিম্বাবুয়ের মতো দল। গত শুক্রবার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৮৫ রানে অল আউট হওয়ার পর  ছোট --- বড় সব দল স্বাভাবিক পারফরম্যান্স দিয়েই জয় ছিনিয়ে নেয়ার আশা করবে, এটাই  স্বাভাবিক। যদিও ৯ উইকেটে হেরে যাওয়া ওই ম্যাচ শেষে “এই সেই দল যারা গত কয়েক বছরে বলতে গেলে প্রায় সবাইকেই হারিয়েছে” বলে তার দলের ওপর আস্থা রাখার অনুরোধই জানিয়েছেন ব্রায়ান লারা। তাতে কী সব মিলিয়ে মাত্র ৪৫ ওভারে ৯ উইকেটে হার মেনে নেওয়ার লজ্জা  ভোলা যায়? যায় না বলেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেট কিপার --- ব্য্টাসম্যান জেফ্রি ডুজনের মনে উঁকি দিচ্ছে আশঙ্কা,“ এ ম্যাচ প্রতিপক্ষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।”

ইনজামাম -- উল  হকের পাকিস্তানের অবশ্য সেখান থেকে প্রেরণা না নিলেও চলবে। গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে এলেও তার দল ক্যারিবীয় দীপপূঞ্জে পা রাখার পর থেকে ভালোই খেলছে। দুটো প্রস্তুতি ম্যাচেই জিতেছে। শেষ জয়টি আবার সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, ৭ উইকেটে! তাই অধিনায়ক ইনজামামের কন্ঠে আশার কথা,“দলের সবাই ভালো ফর্মে আছে। প্রস্তুতি ম্যাচে মূল ব্যাটসম্যানদের সবাই রান পেয়েছে। সুতরাং দল খারাপ করবে, এমন ভাবার কোনো কারণ  দেখছি না।”

শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফ ইনজুরির জন্য বিশ্বকাপ খেলতে না আসায় অনেকেই ধরে নিয়েছিলেন বুঝি মেরুদন্ডই ভেঙ্গে গেছে পাকিস্তান দলের। কানাডা আর দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচ দুটো সেই আশঙ্কাকে একেবারে মিথ্যে প্রমাণ  করেছে। ইনজামামও পেয়ে গেছেন শোয়েব আর আসিফ ছাড়াও জেতা সম্ভব --- এ দাবীর পক্ষে গ্রহনযোগ্য যুক্তি, “ওরা (শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফ) না থাকায় দলের শক্তি কমেছে। তবে তাদের জায়গায় নতুন খেলোয়াড় এসেছে এবং ওরাও ভালো করার জন্য কঠিন পরিশ্রম করছে।সুতরাং চিন্তার কিছু নেই। পাকিস্তান তো শোয়েব আর আসিফকে ছাড়া অতীতেও খেলেছে।”

দুজন পরীক্ষিত ম্যাচ জেতানো খেলোয়াড়ের অনুপস্থিতিতেও জয় আশা করতে পারছে পাকিস্তান। এবং সে আশার গোড়ায় খুব বেশি জল ঢালছে না ওয়েস্ট ইন্ডিজের ৮৫ রানে অল আউট হওয়া সেই ম্যাচ। ইনজামাম – উল হক মনে করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  সে কারণে বেশি আত্মবিশ্বাসী হওয়ার মানে নেই,“ ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাঠে হারান্ োএকেবারেই সহজ কাজ নয়।”

শুধু ওয়েস্ট ইন্ডিজে কেন, রেকর্ড বলছে, ওয়েস্ট ইন্ডিজকে হারানো পাকিস্তানের জন্য সবসময়, সব জায়গাতেই কঠিন। ওয়ানডে এবং বিশ্বকাপ রেকর্ড তা -- ই বলছে। ওয়ানডেতে এ পর্যন্ত ১০৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬৩ টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ৪৪ টিতে পাকিস্তান আর বাকি দু ম্যাচ হয়েছে ‘টাই’। মঙ্গলবার বিশ্বকাপে অষ্টম বারের মতো মুখোমুখি হবে তারা। আগের সাত ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, বাকি পাঁচটিতে ওয়েস্ট ইন্ডিজ।এই পরিসংখ্যান কি জাগাতে পারবে ওয়েস্ট ইন্ডিজকে? পারলে আত্মবিশ্বাসী পাকিস্তানের সঙ্গে স্বাগতিকদের লড়াইটা হয়তো জমবে!