স্কটল্যান্ডকেও হালকাভাবে নিচ্ছেন না পন্টিং
মাঝে কয়েকটা ম্যাচে হোঁচট খেলেও অস্ট্রেলিয়াই যে বিশ্বসেরা, তা নিয়ে বোধহয় বেশিরভাগ ক্রিকেটামোদীর মনেই কোনো সন্দেহ নেই। প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার যে সব ঈর্ষণীয় সাফল্য, তাতে সর্বকালের অন্যতম সেরা দল হিসাবে মানতেই হবে তাদেরকে। সেই দলের প্রতিপক্ষ কি না স্কটল্যান্ড! বুধবার সেন্ট কিটসের ম্যাচটাকে কেউ সিংহ বনাম ইঁদুরের লড়াই হিসাবে দেখলে দোষ দেয়া যাবে না তাকে!
একটা পরিসংখ্যান দিলেই দু দলের আকাশ----পাতাল ব্যবধান স্পষ্ট হয়ে ধরা পড়বে যে কারো চোখে। গত দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন (সব মিলিয়ে তিন বার) অস্ট্রেলিয়া বুধবারের আগে পর্যন্ত ৬৪৮টি ওয়ানডে খেলে ৩৯৫টিতে জিতেছে। জয়ের হার ৬৩ শতাংশ। অন্যদিকে ২০টা ওয়ানডেতে অংশ নেয়ার সুযোগ পাওয়া স্কটল্যান্ড জিততে পেরেছে ৭টিতে, যার কোনোটাই কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নয়। কেনিয়ার সঙ্গে ৭৭ রানের জয়ই স্কটিশ ক্রিকেটের সেরা সাফল্য। বিশ্বকাপে দু দলের দেখা হয়েছে এক বারই। ’৯৯---এ ইংল্যান্ডের ওরস্টারে অনুষ্ঠিত সেই ম্যাচে ৬ উইকেটের জয় পেতে সমস্যা হয়নি স্টিভ ওয়াহর দলের। সেই স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার সময় অস্ট্রেলিয়া কি একটুও অনুপ্রেরণার অভাব বোধ করবে না? কথাটা আর যার মনেই জেগে উঠুক না কেন, রিকি পন্টিং যে প্রশ্নটাকে পাত্তা দিতে রাজি নন, তা তার কথাতেই প্রমাণিত। প্রতিপক্ষ যে----ই হোক না কেন ম্যাচটা তো বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেদের প্রথম ম্যাচটাকে তাই মোটেই অবহেলা করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। এবং সতীর্থ বিশেষ করে দলের তরুণ সদস্যদের অনুপ্রাণিত করার কাজটাও করছেন নিষ্ঠার সঙ্গেই,“কয়েক জন ক্রিকেটারের জন্য এটা হতে পারে জীবনে এক বারই বিশ্বকাপে খেলার সুযোগ। আমি তিনটা বিশ্বকাপে খেলেছি। এটা হতে যাচ্ছে আমার চতুর্থ বিশ্বকাপ। আমি ভাল মতোই জানি যে বিশ্বকাপে খেলা আর এখানে শিরোপা জয়ের অনুভূতি কেমন। তেমনি আমাদের দলের তরুণদেরও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ এটা।”
সর্বশেষ ৫ ম্যাচে হেরে গেলেও আত্মবিশ্বাসের কোনো অভাব নেই পন্টিংয়ের মধ্যে। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকখানি ফিরে পাওয়া অস্ট্রেলীয় অধিনায়কের এ প্রসঙ্গে মন্তব্য,“এই টুর্নামেন্টে নিজের সেরাটা ঢেলে দিতে না পারলে কোনো লাভ নেই। কিছু কিছু জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে। তবে দলের প্রত্যেকে খুবই আত্মবিশ্বাসী।” বুধবার ম্যাথু হেইডেনকে ফিরে পেলে তাদের আত্মবিশ্বাসের পারদ যে আরো উঁচুতে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। গোড়ালির চোটকে পেছনে ফেলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে হেইডেনের।
শুধু হ্যাটট্রিক শিরোপাই নয়। পন্টিংয়ের লক্ষ্যের তালিকায় আরেকটা ব্যাপারও আছে। সেটা দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা। “বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচেই আমরা জিততে চাই। আর সে লক্ষ্যেই আমরা অনুশীলন করেছি, প্রস্তুতি নিয়েছি। যদি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি ম্যাচে আমরা জিততে পারি তা হলে সম্ভবত আবার ওদেরকে (র্যাংকিংয়ে) পেছনে ফেলতে পারবো”ÑÑÑ প্রসঙ্গটা উঠতেই যেন একটা প্রতিজ্ঞা ফুটে উঠলো গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে অপরাজিত শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া পন্টিংয়ের কণ্ঠে।
প্রায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে ফেলা র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়ে অস্ট্রেলিয়া যে আহত সিংহের মতোই প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়তে ব্যাকুল, পন্টিংয়ের কথাতেই তা স্পষ্ট। ’৯৯ বিশ্বকাপে খেলা স্কটল্যান্ডের পেসার জন ব্লেইন তাই বুধবারের ম্যাচটা নিয়ে বেশ আতঙ্কিতই,“তাদের (অস্ট্রেলিয়ার) সাম্প্রতিক ফর্ম নিয়ে হয়তো অনেক কথাই হয়েছে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে ‘আহত সিংহ থেকে সাধধান!’ ইংল্যান্ডে অ্যাশেজ হেরে যাওয়ার পর তাদের প্রতিক্রিয়া তো আমরা দেখেছি। আমার মনে হয় প্রথম ম্যাচেই তারা একটা ঘোষণা দিতে চাইবে। তাই এটা হতে যাচ্ছে আমাদের কঠিনতম ম্যাচ। ওরা খুবই হিসেবি ও দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। তবে আমরাও এই চ্যালেঞ্জের জন্য নিজেদের জাগিয়ে তুলতে এবং সেরা দলের বিপক্ষে পরীক্ষা দিতে আমরা প্রস্তুত।”
