জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
ব্রায়ান লারা মাসখানেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ডোয়াইন স্মিথ হবেন এই বিশ্বকাপে তার দলের ট্রাম্পকার্ডগুলোর একটি। অধিনায়কের সেই আস্থার প্রতিদান প্রথম ম্যাচেই দিলেন এই অলরাউন্ডার। আর তার অলরাউন্ড পারফরম্যান্সেই কিংস্টনের স্যাবাইনা পার্কে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে দারুণ একটা শুরু হলো স্বাগতিকদের।
টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ক্যারিবীয়রা বড় রানের স্বপ্ন দেখতে দেখতেও দেখতে পারছিল না। যারা স্বপ্ন দেখাচ্ছিলেন, তারাই আবার হুট করে আউট হয়ে তা ভাঙ্গছিলেন। উদাহরণ অনেক। রামনরেশ সারওয়ান, ব্রায়ান লারা এবং মারলন স্যামুয়েলস। তাদের ইনিংসের ৬ ওভার বাকি থাকতে শেষেরজন আউট হয়ে ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজ ১৮১ রানে। সেখান থেকে যে শেষপর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান তুললো তারা, তার কারণ অবশ্যই স্মিথের ১৫ বলের ৩২ রানের ঝড়। নিজেদের ইনিংস শেষে ৬৩ রান করা মারলন স্যামুয়েলস তাই টিভি সাক্ষাৎকার দিতে এসে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারলেন, “এটা চ্যালেঞ্জিং স্কোর।”
৩৯ রানে ৩ উইকেট হারানোর পরও পাকিস্তান চ্যালেঞ্জটা নেবে না, এমন ভাবার কারণ ছিল না। উইকেটে যে জমে গিয়েছিল মোহাম্মদ ইউসুফ আর ইনজামাম উল হকের জুটি। শেষপর্যন্ত সাধারণ্যের এমন ধারণাও মিলতে না দেওয়ার পেছনে স্মিথই। চতুর্থ উইকেটে ৬০ রান যোগ হওয়ার পর ইউসুফকে (৩৭) লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের ক্যাচ বানালেন। উইকেটশূন্য তার পরের ওভারটার সময়ও ভাবা যায়নি ম্যাচ থেকে পাকিস্তানের পুরো ছিটকে যেতে খুব বেশি আর সময় লাগবে না। এর পরের ওভারে এসেই পরপর দুই বলে ইনজামাম (৩৬) আর কামরান আকমলকে (০) তুলে নিয়ে হ্যাটট্রিকের সামনে দাড়ালেন। তা না হলেও ১১৬ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আশা ততোক্ষণে শেষ।
প্রথমে ইনজামামকে ফেলেন এলবিডাব্লিউর ফাঁদে। পরের বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়ে কামরানের বিদায়ঘন্টা বাজানোয় ভূমিকা রাখা আরেক ‘ডোয়াইন’ ব্রাভো পরে পাকিস্তানের ইনিংসের লেজটুকু ছেঁটে দিয়েছেন। ৪২ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। তবে একাই লড়ে যেতে থাকা শোয়েব মালিকের ৫৪ বলে ৬২ রানের ইনিংসটা পাকিস্তানের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। ৪৭ দশমিক ২ ওভারে ১৮৭ রানেই শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস।
১৫ বলে ৩২ রানের পর ৩৬ রানে ৩ উইকেট দলের জয়ের পাশাপাশি স্মিথকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কারও।
অথচ ম্যাচে পাকিস্তানের শুরুটাও খারাপ ছিল না মোটেও। মাত্র ৭ রানেই ওপেনার ক্রিস গেইলকে (২) ফিরিয়ে দিয়ে উমর গুল প্রাথমিক সাফল্যও এনে দিয়েছিলেন পাকিস্তানকে। পরেই বলেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হতে পারতো ৭/২। মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন সারওয়ান। কিন্তু দ্বিতীয় স্লিপে ইউনিস খান সেই ক্যাচ ফেলে দেন।
জীবন পেয়ে সারওয়ান শিবনারায়ণ চন্দরপলকে (১৯) নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন। হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে অবশ্য সেই ইউনিসই প্রথম স্লিপে ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়েছেন সারওয়ানকে। বোলার ছিলেন ম্যাচে পাকিস্তানের সফলতম (৩/৪৪) রাও ইফতিখার। ৬৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি মেরেছেন সারওয়ান।
সারওয়ান না পারলেও স্যামুয়েলস ঠিকই করেছেন ক্যারিয়ারের ত্রয়োদশ হাফসেঞ্চুরি। তার ৭০ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। আর এই ছক্কার ঝাপটা সবচেয়ে বেশি গেছে লেগস্পিনার দানিশ কানেরিয়ার ওপর দিয়েই। অধিনায়ক লারার সঙ্গে চতুর্থ উইকেটে তার ৯১ রানের জুটিটি ছিল স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ। তাদের ব্যাটে ভর করেই বড় ইনিংস গড়ার স্বপ্ন দেখতে থাকা ক্যারিবীয়রা হোঁচটই খায় ১৩ রানের ভেতর দুজনেই সাজঘরের পথ ধরায়। অফস্পিনার হাফিজকে উড়িয়ে মারতে গিয়ে স্যামুয়েরস লংঅনে শোয়েব মালিকের ক্যাচ হয়েছেন। তার আগেই ফিরে গেছেন লারাও। হাফিজের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেটকিপার কামরান আকমলের গ্লাভসে জমা পড়ে।
তবে এরপরও ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার মতো স্কোরে নিয়ে গেছে আসলে স্মিথের ইনিংসটাই। দুটি ছক্কা ও ৩ টি বাউন্ডারিতে সাজানো তার এই ইনিংসের কল্যাণেই শেষ ৫ ওভারে ৫৭ রান তুলতে পেরেছে লারার দল। ইনিংসের শেষ বলে কোরি কলিমোরের ছক্কারও কিছূটা অবদান আছে এতে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ (গেইল ২, চন্দরপল ১৯, স্যামুয়েলস ৬৩, লারা ৩৭, ব্র্যাভো ১৬, রামদিন ১, ডোয়াইন স্মিথ ৩২, টেলর ২, কলিমোর অপ. ৮, পাওয়েল অপ. ১, অতিরিক্ত ১১; গুল ২/৩৮, নাভিদ ০/৪৯, ইফতিখার ২/৪৪, কানেরিয়া ১/৪৫, হাফিজ ২/৩৯, মালিক ০/২৪)
পাকিস্তান : ৪৭ দশমিক ২ ওভারে ১৮৭ (নাজির ৬, হাফিজ ১১, ইউনিস ৯, ইউসুফ ৩৭, ইনজামাম ৩৬ মালিক ৬২, আকমল ০, নাভিদ ১১, ইফতিখার ১১, গুল ০, কানেরিয়া অপ. ০, অতিরিক্ত ৪; পাওয়েল ২/৪২, টেলর ১/৩৮, কলিমোর ১/২৭, স্মিথ ৩/৩৬, ব্র্যাভো ৩/৪২)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫৪ রানে জয়ী।
