কানাডার বিপক্ষেও স্বস্তিতে নেই কেনিয়া
আফ্রিকার দেশ কেনিয়ার পরিচয় ক্ষুধা-----দারিদ্রের দেশ হিসেবেই। তুলনায় কানাডা যেন স্বপ্নের দেশ, নিরাপদ জীবনের হাতছানি দেয়। কিন্তু কোনো উঠতি বাঙালি ক্রিকেটারের কাছে কানাডা আর মোটেই স্বপ্নের দেশ নয়। কেনিয়া তো নয়ই। কারন ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন এই দুদেশেরই অনেক ওপরে। এই ‘ছোট’ দুদলের লড়াই নিয়ে তাই বাংলাদেশে আগ্রহ আছে সামান্যই। কিন্তু তাদের নিজেদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের এই কেনিয়া-------কানাডা লড়াই। বুধবার সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে ‘সি’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হবে তারা।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছেও খানিকটা গুরুত্ব আছে বটে ম্যাচটির। তারা নিশ্চয়ই এই ম্যাচে কানাডার পক্ষে গিয়ে দাঁড়াবে পুরনো ঋণ শোধের তাগিদে। ১৮৮৬ সালে এই কানাডাতেই প্রথম সফর করেছিল ওয়েস্টইন্ডিজের কোনো ক্রিকেট দল। সেই সফরের আরেকটা উদ্দেশ্য ছিল নিজেদের উৎপাদিত চিনির বাজার খোঁজা। ওয়েস্টইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি কেনেথ গর্ডন বিশ্বকাপের উদ্বোধনী বক্তৃতায় কৃতজ্ঞতাটুকু স্বীকার করে নিয়েছেন, “তোমাদের ছাড়া আমরা আজকের অবস্থানে আসতে পারতাম না। কোনো গ্যারি সোবার্স থাকতো না, কোনো ভিভিয়ান রিচার্ডস থাকত না। যদি আমাদের ইচ্ছেতেই সব হতো, তাহলে কানডাকে ফাইনালের প্রতিপক্ষ বানিয়েই ঋণ শোধ করতাম।”
এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ানদের সমর্থন তাই আশা করতেই পারে কানাডা। কিন্তু সমর্থনে যতই এগিয়ে থাকুক কানাডা, পরিসংখ্যানে এগিয়ে কেনিয়াই। দুদলের মধ্যে এর আগে পাচঁবারের লড়াইয়ে চারবারই জিতেছে কেনিয়া। আর বিশ্বকাপে দুদলের একমাত্র দেখাতেও ৪ উইকেটে জিতেছে ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেনিয়া। তাই স্টিভ টিকোলোর দলই এবারও সম্ভাব্যতার নিক্তিতে এগিয়ে থাকবে।
তবে তাদের দিন খুব ভালো যাচ্ছে না এখন। আর কানাডার এই দলটা একেবারে ফেলনা নয়, গত বিশ্বকাপে বাংলাদেশকে হারানো দলটির চেয়েও এই দলটার শক্তি বেশি বলেই মনে করছেন বোদ্ধারা। আর খেলাটা যখন ওয়ানডে ক্রিকেট, তখন অঘটনের সম্ভাবনা তো থাকছেই। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদেরও তাই নিশ্চিন্ত থাকার উপায় নেই।
