এখনই বিদায়ের কথা ভাবতে হবে না উলমারকে
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তান হারার সঙ্গে সঙ্গেই বাতাসে ভাসতে শুরু করেছে একটা খবর - বিশ্বকাপের পর চলে যেতে হবে তা নিশ্চিত জেনে তল্পি - তল্পা গোছাতে শুরু করেছেন বব উলমার ! যেন একটি পরাজয়েই নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের বিদায় এবং সে দায় নিতে হবে একা কোচ উলমারকেই।
এমন কথা বাজারে রটে গেলেও পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন এখনই দায়ীত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা ভাবতে যাওয়ার প্রশ্নই ওঠেনা, বরং উলমারকে চুক্তির মেয়াদ বাড়িয়ে আরো কিছুদিন পাকিস্তানের কোচ হিসেবে রেখে দেওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বব উলমারের সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। তবে চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে রেখে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন নাসিম আশরাফ। উলমারের প্রতি অগাধ আস্থার কথা জানালেও পিসিবি চেয়ারম্যান বলেছেন, মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, “ কোচ হিসেবে উলমারের প্রতি আমার অপার আস্থা। তবে তার ব্যাপারে বিশ্বকাপের পরই সিদ্ধান্ত হবে। এই টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্সের ওপরই সবকিছু নির্ভর করছে।”
