পন্টিংয়ের পর ম্যাকগ্রা
গত বিশ্বকাপের শেষ সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটাও রিকি পন্টিংয়েরই। আর বিশ্বকাপে তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহই গড়েছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৪, ইদানিংকালের ওয়ানডে স্কোরগুলোর বিচারে খুব বড় হয়তো নয়, কিন্তু এই বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত একমাত্র তিনশ ছাড়ানো স্কোর! সেই স্কোর তাড়া করতে গিয়ে স্কটল্যান্ড মুখ থুবড়ে পড়েছে ১৩১ রানে, ২০৩ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
সেই স্কোর তাড়া করার স্বপ্ন দেখা এমনিতেই কঠিন নবীন স্কটল্যান্ড দলের জন্য, সেটা আরো কঠিন করে তুলেছেন গ্লেন ম্যাকগ্রা। নতুন বল হাতে পাননি, কিন্তু বদলি হিসেবে বোলিংয়ে এসেই তিনি রীতিমতো ধ্বস নামিয়েছেন স্কটল্যান্ডের ইনিংসে। ৬ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ভূমিকা রেখেছেন একটি রান আউটেও। আর সেই রান আউটে তাকে সহযোগিতা করা শন টেইট ৪৫ রানে দুই উইকেট নিয়ে স্কটল্যান্ডকে দিয়েছেন ‘ক্রিকেট শিক্ষা’। এক পর্যায়ে মাত্র ৪২ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল স্কটিশরা। সাত নম্বরে নামা উইকেট কিপার কলিন স্মিথের হাফসেঞ্চুরিতে কোনো রকমে তিন অঙ্ক পেরিয়েছে তারা। আর মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে এসেছে জন ব্লেইনের ইনজুরিÑ ব্যাট করতেই পারেননি স্কটল্যান্ডের এই নতুন বলের বোলার।
‘এ’ গ্র“পের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ভাল একটা সূচনা এনে দিয়েছেন হেইডেন ও গিলক্রিস্ট। উদ্বোধনী জুটিতে ৯১ রান তোলার পর গিলক্রিস্ট (৪৬) এলবিডব্লু হয়েছেন ডুগি ব্রাউনের বলে। গোড়ালির চোট থেকে সদ্য সেরে ওঠা হেইডেনকে অবশ্য ফিফটি বঞ্চিত করতে পারেনি স্কটল্যান্ড। ৩০তম ওয়ানডে ফিফটি করা হেইডেনও (৬০) এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। বোলার ছিলেন অফস্পিনার মাজিদ হক। আউট হওয়ার আগে পন্টিংকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েছেন হেইডেন। আর তৃতীয় উইকেটে ক্লার্ককে (১৫) নিয়ে আরো ৫৪ রান যোগ করেছেন পন্টিং।
অস্ট্রেলিয়ান অধিনায়ককে যখন থামাতে পারছিল না স্কটিশরা, তখন কিছু সময়ের জন্য তাকে থামিয়ে দিয়েছিল বৃষ্টি। ৪০ দশমিক ২ ওভারে গত দুবারের চ্যাম্পিয়নরা ৩ উইকেটে ২৪১ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। সে সময় পন্টিং ৯১ রান নিয়ে ব্যাট করছিলেন।
বৃষ্টি থামার পর বেশিক্ষণ সময় নেননি অস্ট্রেলিয়ান অধিনায়কÑ ৮৫ বলে নয়টি বাউন্ডারি আর চারটি ছক্কায় পৌঁছে গেছেন তিন অঙ্কে। পরে আরো একটি ছক্কাসহ ৯৩ বলে ১১৩ রান করে রাইটের বলে বোল্ড হয়েছেন তিনি।
তবে ততক্ষণে তিনশ ছাড়ানো স্কোর গড়াটা হয়ে গেছে সময়ের ব্যাপার। আর সেটাকে ৩৩৪ পর্যন্ত নিয়ে গেছে ব্র্যাড হগের মাত্র ১৫ বলে ৪০ রানের ঝড়। পন্টিংয়ের বিদায়ের পর পরই মাইক হাসিরও (৪) আউট হওয়ার ধাক্কাটা তিনটি করে চার আর ছক্কায় সাজানো হগের ওই ইনিংসে ভর করেই সামলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ১১ বলে ১৮ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শেন ওয়াটসন। মাত্র ২২ বলে ৫৮ রানের জুটি গড়েছেন তারা দুজন।
অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩৩৪/৬ (হেইডেন ৬০, গিলক্রিস্ট ৪৬, পন্টিং ১১৩, মাইকেল ক্লার্ক ১৫, হজ ২৯, হাসি ৪, ওয়াটসন অপ. ১৮, হগ অপ. ৪০; হফম্যান ১/৫৭, ব্লেইন ০/২৯, রাইট ১/৫৮, ব্রাউন ১/৮৬, রজার্স ১/৫২, মাজিদ ২/৪৯)
স্কটল্যান্ড দল : ফ্রেজার ওয়াটস, মাজিদ হক, রায়ান ওয়াটসন, গ্যাভিন হ্যামিল্টন, ডুগি ব্রাউন, নবদ্বীপ পুনিয়া, কলিন স্মিথ, ক্রেইগ রাইট, গ্লেন রজার্স, জন ব্লেইন, পল হফম্যান।
