দুই ছোট দলের বড় লড়াই
আগের ম্যাচেই স্যাবাইনা পার্ক স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। কিন্তু লিখে রাখতে পারেন, বৃহস্পতিবার সেখানে ফাঁকা জায়গাই থাকবে বেশি। ম্যাচটা যে জিম্বাবুয়ে --- আয়ারল্যান্ডের ! তারকা খেলোয়াড় নেই, ম্যাচে টানটান উত্তেজনার কোনো সম্ভাবনা আছে এমনটি আগাম ধরে নেওয়ারও কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণ ছাড়া লোকে কেন যাবে এমন ম্যাচ দেখতে?
সাধারণ দর্শক না দেখলেও গ্র“প ‘ডি’ --- এর অন্য দু’দল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের খেলোয়াড়রা বোধহয় এ ম্যাচ ঠিকই দেখবেন। জিম্বাবুয়ে অধিনায়ক প্রোসপার উতসেইয়া ক’দিন আগে সোজা বলে দিয়েছেন, তার দলের আসল লক্ষ্য এবার ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করা। শুনে অনেকেই অবাক হয়েছেন, হেসেছেনও কেউ কেউ। হাসবেনই তো, ফ্ল্ওায়ার ভাইয়েরা নেই, হিথ স্ট্রিকেরা নেই ---- জিম্বাবুয়ের কি আর সেই দিন আছে যে মাঝে মাঝেই বড় কোনো দলকে হারিয়ে চমকে দেবে?
আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য বিশ্বকাপের ৪২ টি সহ মোট ৩১৮টি ওয়ানডে খেলার অভিজ্ঞতার ভারে নুয়ে থাকা ঐতিহ্যই জিম্বাবুয়ের জন্য যথেষ্ট। উৎসেইয়া তো প্রতিপক্ষের যে কোনো আন্তর্জাতিক খ্যাতি নেই এটা ছাড়া কোনো সমস্যাই দেখছেন না। এ পর্যন্ত মাত্র ৮টি ওয়ানডে খেলে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিতে --- এমন একটা দলের সম্পর্কে কোনো ধারণা করাই তো কঠিন, “ওদের (আয়ারল্যান্ড) ব্যাপারে আমরা কিছু তথ্য জানতে চেয়েছি। অবশ্য জানতে না পারলেও ম্যাচের আগে চাপ অনুভব করার কোনো কারণ নেই, আমরা আমাদের সেরা খেলাটা খেলবো, তাতেই চলবে।”
ওদিকে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনসন মনে মনে খুব চাচ্ছেন ক্রিকেটের মাঝারি আর বড় শক্তিরা তাদের একটু হালকাভাবে নিক, অঘটন ঘটানোর সম্ভাবনা তখনই তো বাড়বে বেশি,“ আমি জানি, খুব কঠিন গ্র“পে পড়েছি আমরা। তবে ভাগ্য একটু সহায়তা দিলে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে পরের রাউন্ডেও ওঠা সম্ভব বলে মনে করি আমি।”
এ ম্যাচে দু দলের মধ্যে এক জায়গায় কিন্তু খুব বড় একটা মিল। সুপার এইটে যাওয়ার কঠিন লক্ষ্যের দিকে যাত্রা শুরু করতে হলে ম্যাচটা জিততেই হবে। দলদুটো ছোট হলে কি হবে, লড়াইটা বড়ই!
