২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিতে পাকিস্তান, তবে প্রেরণায় আয়ারল্যান্ডই এগিয়ে

দুই ওপেনারকে নিয়ে বেশ দুশ্চিন্তায় বব উলমার। গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজের কেউই সুবিধা করতে পারেননি। নাজির ফিরে গেছেন ৬ রান করে, হাফিজ ১১ রানেই আউট। শনিবার ‘ডি’ গ্র“পে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই কামরান আকমলকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছেন কোচ উলমার। আর তা হলে আকমলের সঙ্গে ইনিংস শুরু করার দায়িত্ব পেতে পারেন নাজির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শহীদ আফ্রিদির ওপরে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা থাকাতেই উদ্বোধনী জুটি নিয়ে পাকিস্তান দল খানিকটা অস্বস্তিতে। বিশ্বকাপের আগে চার ম্যাচের অর্ধেক শেষ হওয়ায় প্রথম দুই ম্যাচে বাইরে থাকতেই হচ্ছে আফ্রিদিকে। আর সেজন্যই উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনতে আগ্রহী উলমারের পরিকল্পনায় ঘোরাফেরা করছে উইকেট কিপার---ব্যাটসম্যান আকমলের নামটি, “ ইমরান নাজির ওপেন করার দায়ীত্বে থেকে যেতে পারে। হয়তো হাফিজকে নিচে নামিয়ে কামরান আকমলকে দিয়ে ওপেন করানো হবে। আবার আফ্রিদি ফিরলে তাকেও ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে।” অর্থাৎ ওপেনিংয়ে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করলেও ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেননি পাকিস্তান কোচ।

তবে একটা ব্যাপার নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ায় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দলকে বিশেষভাবে অনুপ্রাণিত করার দিকেই উলমারের বেশি লক্ষ্য। সে লক্ষ্য পূরণে টিম মিটিংয়ের ওপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি, “আট ব্যাটসম্যান ও ছয় জন বোলার থাকায় দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করতে হবে আমাদের। আমরা কয়েকটা ভিন্ন কম্বিনেশন নিয়ে আলোচনা করেছি। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগেই তা নিয়ে আমরা আলোচনা করবো।”

শুধু আফ্রিদিই নয়, অলরাউন্ডার আব্দুল রাজ্জাককেও মিস করছেন উলমার। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান আফ্রিদিকে তা - ও ২১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া যাবে। কিন্তু চোটের কারণে রাজ্জাককে দেশেই রেখে আসতে হয়েছে। তবে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে না পাওয়ার হতাশা মুছে ফেলার ব্যাপারেও পাকিস্তান কোচ প্রত্যয়ী, “রাজ্জাকের মতো এক জন দলে থাকলে ভালো হতো। কিন্তু যাকে পাবো না তাকে নিয়ে চিন্তা ভাবনা করে তো  লাভ নেই। তবে আমি নিশ্চিত শহীদ আফ্রিদি আমাদের দলের জন্য খুবই কার্যকর হবে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে তাকে আমরা পাচ্ছি না।”

আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অবশ্য আরেকটা ধাক্কা খেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার অনুশীলনের সময় একটা বল এসে লেগেছে তাদের সহকারী কোচ মুশতাক আহমেদের নাকে। পাকিস্তানের ’৯২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য, সাবেক লেগ স্পিনার মুশতাককে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুটো শেলাই পড়েছে তার নাকে, সামান্য চিড়ও ধরা পড়েছে। তবে আহত হলেও বিশ্বকাপ অভিযান শেষ না হওয়া পর্যন্ত দলের সঙ্গেই থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

পাকিস্তান যখন ওপেনিংসহ দলের জন্য একটা কার্যকর কম্বিনেশন খুঁজতে ব্যস্ত, তখন ইতিহাসের অংশীদার হয়ে যাওয়ায় আইরিশরা হতবিহ্বল! বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে টাই করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে তারা। শেষ ৮ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৩৩ রান প্রয়োজনÑÑ এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও ম্যাচটা জিততে পারেনি জিম্বাবুয়ে। অভিষেকেই শ্বাসরুদ্ধকর এক ম্যাচের অভিজ্ঞতা! অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টন তাই বেশ আবেগতাড়িতই হয়ে পড়েছিলেন, “আমার মনে হয়েছিল ২২১ রান যথেষ্ট। তবে তা নির্ভর করছিল আমরা কেমন বল করি তার ওপরে। (ব্রেন্ডন) টেলরের রান আউটের মাধ্যমে ভাগ্যও কিছুটা সাহায্য করেছিল আমাদের। ওটাই ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে আমাদের। তাছাড়া শেষ ৮ ওভারে আমরা অসাধারণ বল করেছি।”

স্যাবাইনা পার্কে প্রিয় দলকে সমর্থন জানাতে জড়ো হওয়া প্রায় হাজার দুয়েক স্বদেশবাসীকে কৃতজ্ঞতা জানাতেও তিনি ভোলেননি, “আমরা জানতাম যে তারা (আয়ারল্যান্ডের সমর্থকরা) আসবে। আশা করি শনিবারের ম্যাচে আরো বেশি সংখ্যায় দেখা যাবে তাদের। আজকের (বৃহস্পতিবার) ম্যাচে প্রত্যেক ডট বল ও ভালো ফিল্ডিংয়ের সময় তারা চিৎকার করেছে। মনে হয়েছে তারা যেন আমাদের দ্বাদশ ও ত্রয়োদশ ব্যক্তি।”

সেই স্যাবাইনা পার্কে শনিবারও নিশ্চয়ই দেখা যাবে আয়ারল্যান্ড দলের ‘দ্বাদশ’ ও ‘ত্রয়োদশ’ ব্যক্তিদের! তাতে উজ্জীবিত হলেও আইরিশদের সামনে এবার কিন্তু আরো কঠিন পরীক্ষা। প্রথম ম্যাচে হেরে যাওয়া ‘আহত সিংহ’ পাকিস্তান!