বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তা আছে যথেষ্টই
শ্রী লংকা --- বারমুডা ম্যাচে উইকেট দেখে ভারতের হিসাবটা বড় একটা ধাক্কা খেয়েছে। অংকে যে চোট লেগেছে সেটা যেন মাঠে না লাগে তা নিশ্চিত করতে তারা ভীষণ তৎপর। অবিলম্বে বিষয়টাকে এমন জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশ-----ভারত ম্যাচের ভেন্যু কুইন্স পার্ক ওভালের উইকেট এমনভাবে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে ম্যাচের শুরুতে ন্যুনতম আর্দ্রতাও না থাকে উইকেটে। যেন বাংলাদেশের শুরুর দিকের বোলাররা এমন কিছু বাড়তি সুবিধা না পান।
বাংলাদেশের জন্য চিন্তার এবং আনন্দের। বিশ্বকাপের ফিকশ্চার যখন চূড়ান্ত হয় তখনও বোধ হয় ভারত ভাবতে পারেনি উদ্বোধনী ম্যাচ নিয়ে এমন মাথা ঘামাতে হবে। শ্রী লংকার ম্যাচটাকে মাথা ব্যথার ধরে বাকিগুলো ফাঁকা মাথায় খেললেই হবে, মোটামুটি এই ছিল ওদের রণনীতি। বাংলাাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে গোলমাল বাঁধিয়ে দিল। নিউজিল্যান্ডকে হারানোর পর ভারত গেছে আরও খোঁজ-খবরে। পরিসংখ্যান ওদের যা জানিয়েছে তাতে ওরা ন্যূনতম ছাড় দিতে নারাজ। আগের এক বছর বাংলাদেশ অস্ট্রেলিয়ার পর কাগজের হিসাবে সবচেয়ে সফল দল, এই দলে এমন কিছু তরুণ প্রতিভা জায়গা করে নিয়েছে যারা নামের জোরে কাবু হওয়ার নয়। সঙ্গে ত্রিনিদাদে বাংলাদেশের জনপ্রিয়তাও বাড়তি চাপ। রাহুল দ্রাবিড় বিশ্বকাপে আসার ঠিক আগে বলছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কোনো জায়গায় তো মনে হয় ভারতেই খেলছি। এখানে আমাদের এত সমর্থক!’ এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় এই ত্রিনিদাদে, সেখানে প্রাক ম্যাচ মনযোগে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে নয় একটুও। তাহলে! ভারত ভাববে না কেন? তাছাড়া বাংলাদেশ যে ওদের একবার হারিয়েছে এবং তার আগে---পরে অস্ট্রেলিয়া---শ্রী লংকা বধ মিলে ভারতের চিন্তায় বাংলাদেশ এর আগে কোনোদিন এত শক্তি নিয়ে ঢুকতে পারেনি। ভারত---বাংলাদেশ কোনো ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বাংলাদেশ সংক্রান্ত এত প্রশ্নেরও উত্তর দিতে হয়নি। না, দ্রাবিড় যা সবসময় বলেন, তাই বলছেন। ম্যাচের ঠিক আগেও বললেন,“বাংলাদেশ উন্নতি করছে। সেটা অমরা ভালো করেই জানি। কাজেই ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। বিশ্বকাপ জিততে এসেছি, কাজেই শুরু থেকে প্রতিটি ম্যাচেই আমাদের শতভাগ ঢেলে দিতে হবে।”এ কথা নতুন নয়, ক্রিকেটীয় অধিনায়কদের কথার একটা ধারা আছে, দ্রাবিড় স্টিভ ওয়াহ নন যে সেই ধারার বাইরে যাবেন। কিন্তু আগের কথায় আগে থাকতো আনুষ্ঠানিকতা। পরে বাস্তবতা। এবার উল্টো।
বাংলাদেশের টেস্ট খেলার বয়স ৭ ব্ছর যদিও বা, তবু ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতো যতই ক্লাসে নিয়মিত থাকুক পরীক্ষায় তার সর্বনিম্ন নাম্বার প্রাপ্তি নিশ্চিত বলেই মনে করতো সামনে বসারা। ওদের খেলোয়াড়রা বাংলাদেশের কাছে আগে তারকা, পরে প্রতিদ্বন্দ্বী। এখন বিষয়টা এমন বদলে গেছে যে ত্রিনিদাদের হিলটন হোটেলে সবসময় ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে বাংলাদেশের খেলোয়াড়দের এগিয়ে যেতে হচ্ছে না। কখনো কখনো ওরাই অগ্রণী। আফতাবের ইনজুরির কী অবস্থা সেটা তো শচীন টেন্ডুলকার নিজেই এগিয়ে এসে জানতে চাইলেন। অধিনায়ক হাবিবুল তৃপ্তির স্বরে বলছিলেন,“এটা ভালো লাগে। এখন ওরা নিজে থেকেই অনেক ক্ষেত্রে এগিয়ে এসে কথা বলে। নিজেদের এখন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী মনে হয়।”
সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। যাদের নিয়ে দুশ্চিন্তা করতে হয়। জানাচ্ছে উইকেট নিয়ে ওদের চিন্তা। আরও জানাচ্ছে ওদের মিডিয়ার বাংলাদেশ নিয়ে অত্যুৎসাহ।
আর সবমিলিয়ে আমরা জানছি,সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের রঙ্গীন স্বপ্নে কালি ছিটানোর কাগুজে সামর্থ্য বাংলাদেশের হয়ে গেছে।
কাগজের শক্তিটা মাঠে যতটা আসবে ততটাই সত্যি হবে ভারতের ভয়। আর ওদের ভয় সত্যি হলে বাংলাদেশের কী? প্রশ্নের উত্তরটা কি খুব কঠিন মনে হচ্ছে?
