২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় টাইয়ের জন্ম দিল আয়ারল্যান্ড

বিশ্বকাপ থেকে ছোট দলগুলোকে বাদ দেওয়ার পক্ষে বজ্রকন্ঠ মাইকেল হোল্ডিংও শ্রদ্ধায় নুয়ে পড়লেন, “আইরিশ স্পিরিটকে অভিবাদন!”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ওই স্পিরিটের জন্যই তো ইতিহাসে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচই আয়ারল্যান্ডের জন্য অপার আনন্দের উৎস হতে পেরেছে। এবং একই সঙ্গে তারা হতে পেরেছে এবারের বিশ্বকাপে কেবলই বড় ব্যবধানে হারতে থাকা ছোট দলগুলোর ‘গৌরব’ও। না জিতলেও তারা জিম্বাবুয়ের কাছে হারেনি। বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় টাই ম্যাচের জন্ম দিয়ে ক্রিকেট বিশ্বের চোখ কাড়া আয়ারল্যান্ডের ক্রিকেটাররা স্যাবাইনা পার্কে তাই ‘ভিক্টরি ল্যাপ’ই দিলেন। আর তাতে সবার আগে রইলেন এই বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিটির মালিক জেরেমি ব্রে।

অথচ মাঠের চারপাশে প্রায় সারাটা দিন দল বেঁধে আইরিশ সমর্থকদের উল্লাসে মেতে থাকা বিফলে যাবে বলে মনে না হওয়ার কোনো কারণই ছিল না। তাদের ২২১ রান তাড়া করতে নামা জিম্বাবুয়ে ৪৩ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে তুলে ফেলেছে ২০৩ রান। অর্থাৎ জিততে হলে ৩৯ বলে আর করতে হবে মাত্র ১৯ রান। উইকেটে আছেন ফিফটি করে ফেলা স্টুয়ার্ট মাতসিকেনেরি। বিপক্ষে যাওয়ার মতো এতোসব কারণ সত্ত্বেও হাল না ছাড়া আইরিশ মানসিকতারই জয় হল সবশেষে।

শুরুর দিকের ব্যাটসম্যানরা তেমন রান করতে না পারলেও ব্যতিক্রম ছিলেন ভুসি সিবান্দা। ৬৭ রান করে একাই দলকে টেনে নিয়ে যেতে থাকা এই জিম্বাবুইয়ান ওপেনার আইরিশ স্পিনার হোয়াইটকে ব্যাকফুটে ড্রাইভ করতে গিয়ে কাটা পড়েন হিট উইকেটের দুর্ভাগ্যে। একটু পরে জিম্বাবুয়ের অনেক ব্যাটিং বিপর্যয়ের ত্রাণকর্তা এলটন চিগুম্বুরাও চটজলদি সাজঘরের পথ ধরায় আগেও একবার অবশ্য জয় হাতছানি দিচ্ছিল আয়ারল্যান্ডকে। প্রতিপক্ষকে ১৩৩/৫ বানানোর পর সেটাই তো স্বাভাবিক।

তবে ষষ্ঠ উইকেটে মাতসিকেনেরি ও ব্রেন্ডন টেলরের ৭০ রানের পার্টনারশিপ ম্যাচটাকে নিয়ে যাচ্ছিল প্রত্যাশিত একটা পরিণতির দিকে। আর তখনই ফিরতে শুরু করল আয়ারল্যান্ড। মাতসিকেনেরির স্ট্রেইট ড্রাইভে বল যখন বোলার ম্যাককালানের আঙ্গুল ছুঁয়ে অন্য প্রান্তের স্টাম্প ভেঙ্গে দেয়, তখন ক্রিজের বাইরে টেলর (২৪)। তখনো মাতসিকেনেরির অপরাজিত ৭৩ রান জলে যাবে বলে মনে হয়নি। হতে শুরু করলো ২১২ থেকে ২১৩ তে যেতেই তিন তিনটি উইকেট হারানোয়। শেষ ওভারে ৬ বলে ৯ রানের সমীকরণ প্রায় মিলিয়ে ফেলা মাতসিকেনেরি স্কোর সমান করে শেষ বলটার মুখোমুখি হলেন।  হোয়াইটের বল মিস করলেন এবং উইকেটকিপার নিয়াল ও’ব্রায়েন স্টাম্পিংয়ের ব্যর্থ চেষ্টা করে দেখলেন, নন স্ট্রাইকার এড রেইন্সফোর্ড উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন অনেকটাই। বোলারের কাছে বলটি ছুঁড়ে দিলেন তিনি, রেইন্সফোর্ডের রান আউটে জিম্বাবুয়ের ইনিংসও শেষ হলো ২২১ রানেই।

অখ্যাত ক্রিকেটারদের বিখ্যাত হওয়ার মঞ্চ যদি হয়ে থাকে বিশ্বকাপ, তাহলে বলতে হবে প্রথম আবির্ভাবেই বাজিমাত করেছেন ব্রে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিটা অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া আয়ারল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যানেরই।

ম্যাচের মাঝবিরতির সময় টিভি সাক্ষাৎকার দিতে এসে তার বলা কথা অবশ্য ছিল বড় দলের বড় ব্যাটসম্যান সুলভই, “দল জিতলেই না সেঞ্চুরির আনন্দ পূর্ণ হবে।” না জিতলেও তার অর্জন পূর্ণতা পেয়েছে ঠিকই। বিশ্বকাপ অভিষেকেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের ইনিংসকে একাই টেনে নিয়ে গেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে আয়ারল্যান্ডের ৯ উইকেটে ২২১ রানের ইনিংস দাঁড়িয়েছে তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির কল্যাণেই। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে তার ব্যাট থেকে। এই বাঁ হাতি ব্যাটসম্যানের হার না মানা ১১৫ রানের ইনিংসটা ১৩৭ বলে খেলা। আর ইনিংসটা তিনি সাজিয়েছেন ১০ বাউন্ডারি ও দুটো ছক্কা দিয়ে।

ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি অবশ্য এই ওপেনারের জন্য মোটেও নতুন কিছু নয়। এই তো সেদিন নাইরোবিতে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৬ রান করেছিলেন।

তবে এদিন সঙ্গীর অভাবে একসময় তার সেঞ্চুরি হবে কিনা, সংশয় দেখা গিয়েছিল সেটা নিয়েই। ১৮২ রানে আইরিশরা অষ্টম উইকেট হারানোর পর। প্রথম ওভারে, রানের খাতা খোলার আগেই ওপেনার পোর্টারফিল্ডকে হারানো আয়ারল্যান্ড নিয়মিত বিরতিতেই উইকেট হারাচ্ছিল। শুরুর সেই ধাক্কা পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যেও ভালো মতোই সংক্রমিত হলেও ব্যতিক্রম ছিলেন এই জেরেমি ব্রে। আয়ারল্যান্ড ইনিংসের হাল একাই ধরে থাকা এই ওপেনারের ১১৫ রানের পর আয়ারল্যান্ড ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। করেছেন সাত নাম্বার ব্যাটসম্যান হোয়াইট। অবশ্য ব্যাটিংয়ের এই ‘ওয়ানম্যান শো’ পুষিয়ে দিয়েছে বোলিং আর ফিল্ডিং। তাই তো বিশ্বকাপের সবগুলো টাই ম্যাচের সঙ্গেই জড়িয়ে থাকল আফ্রিকানরা। প্রথম দুটোয় ছিল দক্ষিণ আফ্রিকা এবং সর্বশেষ স্যাবাইনা পার্কে তাদের সঙ্গী হলো জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড : ৫০ ওভারে ২২১/৯ (পোর্টারফিল্ড ০, ব্রে অপরাজিত ১১৫, মর্গ্যান ২১, জনস্টন ২০, ম্যাককালান ০, বোথা ১, হোয়াইট ২৮, নিয়াল ও’ব্রায়েন ১, ল্যাংফোর্ড-স্মিথ ১৫, কেনেথ ও’ব্রায়েন ১০, পোফু ২/৫৮, রেইন্সফোর্ড ১/৪৪, চিগুম্বুরা ২/২১, ব্রেন্ট ২/৪০, উইলিয়ামস ১/২১)।

জিম্বাবুয়ে : ৫০ ওভারে ২২১/১০ ( ডাফিন ১২, সিবান্দা ৬৭, চিবাবা ১২, উইলিয়ামস ১৪, মাতসিকেনেরি অপরাজিত ৭৩, চিগুম্বুরা ৪, টেলর ২৪, ব্রেন্ট ৩, উতসেয়া ১, পোফু ০, রেইন্সফোর্ড ১, অতিরিক্ত ১০, র‌্যাংকিন ১/৪৩, বোথা ১/৩২, জনস্টন ১/৩২, ম্যাককালান ২/৫৬, হোয়াইট ১/১৫, কেনেথ ও’ব্রায়েন ১/৮)