বিশ্বকাপে তার প্রথম রানের অপক্ষোয় হাবিবুল
আমার প্রথম টার্গেট হবে একটা রান করা। তারপর...কথাটা শেষ করে তিনি হাসলেন। এবং রানটা করার পর তিনি যে কী স্বস্তির নিঃশ্বাস ফেলবেন! পোর্ট অফ স্পেন থেকে লিখেছেন মোস্তফা মামুন বক্তার নাম হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। টেস্টে বাংলাদেশের অবিসংবাদিত সেরা। ওয়ানডেতেতে শ্রেষ্ঠত্বটা প্রশ্নাতীত নয় যদিও, কিন্তু হিসাব - নিকাশ দেখাচ্ছে এখানেও সর্বোচ্চ রান তারই, সবচেয়ে বেশি ফিফটির মালিকের নামও হাবিবুল বাশার। কিন্তু বিষয় যখন বিশ্বকাপ, তখন বাংলাদেশের নিকৃষ্টতম ব্যাটসম্যানের নাম হাবিবুল বাশার।
নিকৃষ্টতমই, কারণ তিনি যে রান করেছেন তার চেয়ে কম রান আপনিও করতে পারবেন না। দুটো বিশ্বকাপ ইনিংস এবং দুটোতেই শুন্য। দুঃস্বপ্নের গত বিশ্বকাপ তার জন্য আরও বড় দুঃস্বপ্নের এবং তার আগের বিশ্বকাপ অংকের চালে মিস করে বসায় দেখা যাচ্ছে বাংলাদেশ অধিনায়কের বিশ্বকাপে কোনো রানই নেই। যে দলটা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই দলের অধিনায়ক বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শুন্যর খাতা নিয়ে। বিস্ময়ের বিষয়।
ক্রিকেটার হাবিবুল সোনার চামচ মুখে নিয়ে আসেননি। জীবনে চূড়া যতটা দেখেছেন, খাদও ততোটাই দেখে আসতে হয়েছে। এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে কীভাবে কীভাবে যেন সময়ে তার কথা সবাই ভুলে যেতো। ’৯৯ বিশ্বকাপে ৩০ জনের যে প্রাথমিক দল ঘোষণা করা হলো, তাতে নির্বাচকরা তার কথা ভুলে গিয়েছিলেন। তা নির্বাচকরা ভুলতেই পারেন, মাঝে---মধ্যেই কারো কারো কথা ওদের মনে থাকে না। কিন্তু হাবিবুলের চিরকালীন পৃষ্ঠপোষক মিডিয়াও যে ভুলে গিয়েছিল! প্রথমে কারো খেয়ালই হলো না, পরে কয়েকদিন পর মনে পড়লো, আরে সুমন(হাবিবুলের ডাক নাম) নেই কেন? খোঁজ - টোজ করে দেখা গেলো, ৩০ জনে থাকার জন্য যা যা করা দরকার তার সব করেও কারো মন তিনি গলাতে পারেননি। এবং তারপর ২০০০ সালের অভিষেক টেস্ট। সেখানেও কী করে যে হাবিবুল বাশার বাদ পড়ে গিয়েছিলেন তাতে খুঁজতে গেলে অনাগত কালের ক্রিকেট গবেষকরাও হাতড়ে মরবেন, কিন্তু কিছু পাবেন না। এবার নির্বাচকদের ভুলে মিডিয়া পা দেয়নি, দেয়নি বলেই ব্যাপক শোরগোল, তার চোটেই দলে, আর দলে এসে যা করলেন তা না করতে পারলে বাংলাদেশের ক্রিকেট কোন পথে যেতো সেটাও অনাগত কালের ক্রিকেট গবেষকদের বিশ্লেষনের বিষয়। বাদ দেই। দিয়ে ভাবি, বর্তমানটার কথা। সেটা বিশ্বকাপ। আর তাতে হাবিবুল রানশুন্য।
‘‘সত্যিই এটা একটা অদ্ভুত ব্যাপার। শুধু বিশ্বকাপ নয়, আইসিসির কোনো টুর্নামেন্টেই আমার রান ছিল না। ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে প্রথম রান করলাম। আশা করি এখানেও অন্যরকম হবে।’’ বিশ্বাসের সঙ্গে বললেন হাবিবুল, যে বিশ্বাসের ভিতটা এই ওয়েস্ট ইন্ডিজে এসেই রচিত। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজে এসে বাংলাদেশের শতভাগ সফল প্রস্তুতি মিশনে তিনি অগ্রনী সেনানী। এখন ৫ নম্বরে যে জায়গাটায় ব্যাট করেন সেটা আসলে চায় দায়িত্বশীলতা, আবার অধিনায়ক পদেরও সেই দাবি --- দুটো দাবি এমনভাবে মেটাচ্ছেন যে হাবিবুল নিশ্চিত তার বিশ্বকাপ গেরো কাটতে যাচ্ছেই।
শুধু বিশ্বকাপই নয়, ওয়ানডেতে তার ব্যাটিং নিয়ে যে সংশয় ছিল, এই কয়েক মাসে সেটাও কেটে গেছে বলে মনে করেন অধিনায়ক,‘‘সত্যি বললে ওয়ানডেতে আগে আমার পারফরম্যান্সে আমি নিজেই সন্তুষ্ট ছিলাম না। রান করতাম, কিন্তু ঠিক সব মিলিয়ে মনে হতো, হচ্ছে না। এখন কিন্তু তা মনে হয় না। এখন আমার মনে হয়, আমি ওয়ানডে চিন্তা করলে ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছি।’’
পাঁচ বা ছয় নাম্বারে ব্যাট করলে বিপর্যয় সামাল দেয়ার একটা বিষয় থাকে, কখনও আস্কিং রেটের সঙ্গে লড়াই এবং ফিল্ডিং বাধ্যবাধকতা উঠে যাওয়াতে টেস্টে যেমন তিনি বাউন্ডারিসর্বস্ব স্ট্রোকে রান করেন, এখানে সেই সুযোগটা নেই। নিজের এই রুপান্তরটা কীভাবে ঘটালেন?‘‘অধিনায়ক হওয়ার পর বেশ কিছু বিষয় বদলেছে। এখন আমাকে নিজের আগে দলের চিন্তা করতে হয়। তো আমি নিজেকে দলের একজন হিসাবে ভেবে দেখলাম তিন নাম্বারে আফতাবই আমাদের সেরা পছন্দ। কাজেই আমাকে দলের স্বার্থে আসা উচিত ৫ নাম্বারে এবং এখানে আমি ভালো করলে দলের কাঠামোটা অনেক মসৃন হয়। খুব সত্যি বললে এই ভাবনাটা আমাকে অনেক সাহায্য করেছে।’’ সেই ভাবনাটা ব্যাটে রুপান্তর ঘটিয়ে ওয়ানডে ব্যাটসম্যান হিসাবে হাবিবুলকে দিয়েছে নতুন জীবন। আর সেই জীবনটা এমনই শক্তির উৎস যে বিশ্বকাপে রান না থাকার ঘটনার উল্লেখে হাবিবুল আগে হেসে নেন। সেখানে চিন্তার বদলে কৌতুক। ভয়ের জায়গায় জবাব দেয়ার উদ্ধত মানসিকতা।
ভারতের সঙ্গে ম্যাচে রান তাহলে হচ্ছে?
হাবিবুল আবার হাসলেন। হাসতে হাসতে বললেন,‘‘প্রথম লক্ষ্য থাকবে একটা রান করা।’’
হাসি থামল। তারপর এল ঘোষণা,‘‘কিন্তু এক রানে নিশ্চয়ই থেমে যেতে চাইবো না।’’
ক্রিকেটে অপ্রীতিকর স্মৃতি ভীতির খোরাক সাধারণত। এ যে দেখছি উল্টো।
স্মৃতিকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর অগ্রীম বীরত্ব।
