২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ

এবারের বিশ্বকাপে রানের নিচে চাপা পড়াই যেন নেদারল্যান্ডসের নিয়তি! প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৪০ ওভারে ৩৫৩ রান করেছিল তাদের বিপক্ষে। যার মধ্যে ছিল ড্যান ফন বাঞ্জের এক ওভারে হার্শেল গিবসের ছয়টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড। রোববার অস্ট্রেলিয়াও ডাচদের ওপরে চাপিয়ে দিয়েছে রানের পাহাড়। ব্র্যাড হজের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৫০ ওভারশেষে ৫ উইকেটে ৩৫৮ রান করেছে তারা। ২০০৭ বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 11:34 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মাত্র ৮২ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছানো হজ শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২৩ রান করে। ৮৯ বলের ইনিংসটা সাজানো ছিল ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারিতে। সেঞ্চুরি না পেলেও মাইকেল ক্লার্কের ব্যাট থেকে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস। ৮৫ বলে ৩টি ছক্কা ও ছয়টি চারে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে হজ ও ক্লার্কের ২২৪ রানের জুটিই বিশাল সংগ্রহ এনে দিয়েছে রিকি পন্টিংয়ের দলকে।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে দুই ওপেনার ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট ভালই সূচনা এনে দিয়েছিলেন । কিন্তু উদ্বোধনী জুটিতে ৭৩ রান পেলেও ইনিংসের অর্ধেক শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়নরা। দ্বাদশ ওভারে হেইডেন (২৯) ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন গিলক্রিস্ট ও পন্টিং। তবে তিন বলের ব্যবধানে দু জনই ফিরে গেলে অস্ট্রেলিয়া পরিণত হয় ৩ উইকেটে ১১৬ রানে। টিম ডি লিডের বলে আউট হওয়ার আগে ১১টা বাউন্ডারিসহ ৫৭ রান করেছেন গিলক্রিস্ট। এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান পন্টিংয়ের অবদান ২৯। অধিনায়ক ফিরে যাওয়ার পরই জন্ম অস্ট্রেলিয়ার ইনিংসের সেরা জুটিটার। 

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৫৮/৫ (গিলক্রিস্ট ৫৭, হেইডেন ২৯, পন্টিং ২৩, ক্লার্ক অপঃ ৯৩, হজ ১২৩, হাসি ২, ওয়াটসন অপঃ ১২; ইয়ঙ্কম্যান ০/৩৫, রিকার্স ০/৪৮, ডি লিডে ২/৪০, ডোশাটে ২/৭৬, আদিল রাজা ০/৬১, বোরেন ১/৮৯)।

নেদারল্যান্ডস : জুইডেরেন্ট, রিকার্স, কারভিজে, ডোশাটে, ফন বাঞ্জ, ডি লিডে, ইয়ঙ্কমান, বোরেন, ফন ট্রুস্ট, স্মিটস, আদিল রাজা।