২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ওয়েস্ট ইন্ডিজের সামনে জিম্বাবুয়ে

ভারত -- পাকিস্তানের ঠিক উল্টো অবস্থা তাদের। উপমহাদেশের দুটি দেশই যেখানে অনেক আশা জাগিয়ে বিশ্বকাপ শুরু করে শুরুতেই ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ার অবস্থায়, সেখানে ওয়েস্ট ইন্ডিজ বেশ নিশ্চিন্তে অপেক্ষা করছে কাগজে --- কলমে অপেক্ষাকৃত দুর্বল দুই প্রতিপক্ষের। একটা জয় মানেই ‘সুপার এ্ইট’ নিশ্চিত। সোমবার স্যাবাইনা পার্কে সেই লক্ষ্য পূরণের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে নামবে ব্রায়ান লারার দল। রেকর্ড আর প্রোসপার উতসেইয়ার জিম্বাবুয়ের হাল - হকিকত বলছে অঘটনের আশঙ্কাকে উড়িয়ে এ ম্যাচেই শেষ আটের টিকিট পেয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

অথচ বিশ্বকাপ শুরুর দিনও দুবারের চ্যাম্পিয়নরা ছিল অস্বস্তিকর,অপমানজনক অবস্থায়। স্বাগতিক হওয়ার সুবিধা তুলে চ্যাম্পিয়নশিপ দৌড়েও অনেক দূর চলে যেতে পারে --- এমন মন্তব্য যারা করেছিলেন, প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৮৫ রানে অল আউট হওয়ায় তারাও মেতেছিলেন তুমুল ওয়েস্ট ইন্ডিজ - সমালোচনায়। সমালোচনা বন্ধ করে তাদের প্রশংসা --- বর্ষণে ব্যাস্ত হতেও  সময় লাগেনি। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানে হারানোর পর থেকেই সেরকম বর্ষনে সিক্ত হচ্ছে লারা বাহিনী। সোমবার জিম্বাবুয়েকে হারালে বর্ষণের তীব্রতা বাড়বে, তাতে আর সন্দেহ কি! এ পর্যন্ত দুদেশ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩১ বার, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৩ বার, জিম্বাবুয়ে ৭ বার আর একটি ম্যাচ থেকে কোনো ফলাফল আসেনি। তাই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরার লোকই বেশি। হবে না কেন, হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, ক্যাম্পবেলরা নেই, পরের প্রজন্মের উজ্জল মুখ টাটেন্ডা টাইবুও অবসর নিয়ে ফেলেছেন সময় হওয়ার অনেক আগে ; এ অবস্থায় ক্যারিবিয়ায় ক্যারিবীয়দের হারানো যে আরো কঠিন, তা জিম্বাবুইয়ানরা বোধহয় অন্যদের চেয়ে বেশিই জানেন।

তাই বলে ম্যাচের আগে হার মেনে নেবে এমন দল নয় জিম্বাবুয়ে। অধিনায়ক উতসেইয়ার লক্ষ্য ছিল বড় দু দলের একটিকে অন্তত হারিয়ে সুপার এইট নিশ্চিত করা। তার ধারনা ছিল. আয়ারল্যান্ডের সঙ্গে জিততে কোনো অসুবিধে হবে না। ধারনা ভুল প্রমান করে আইরিশরা ম্যাচ টাই করে এক পয়েন্ট কেড়ে নিয়েছে জিম্বাবুয়ের কাছ থেকে। আফ্রিকান দেশটির সামনে তাই সুপার এইটে ওঠার একটাই রাস্তা --- ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে জয়। আগের উচ্চারিত আশ্বাসকে বাস্তবে অনুবাদ করতে হলে সোমবার জয় নিয়েই মাঠ ছাড়তে হবে প্রোসপার উতসেইয়াকে।