২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট -- সমস্যা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নামছে নিউজিল্যান্ড

এখন পর্যন্ত ওয়ানডেতে দু দল মুখোমুখি হয়েছে ৫৮ বার। তাতে ইংল্যান্ড জিতেছে ২৭বার, নিউজিল্যান্ডও পরাজয়ের স্বাদ ফিরিয়ে দিয়েছে সমান ২৭ বার। বিশ্বকাপেও দু দলের ‘যুদ্ধে' আশ্চর্য সাম্যাবস্থা। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের যে ছয় বার দেখা হয়েছে তার মধ্যে ৩টিতে বিজয়ী ইংলিশরা, বাকি ৩ ম্যাচে কিউইরা! এমন বিস্ময়কর সমতা নিয়েই শুক্রবার সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে “সি” গ্র“পে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দু দলই ওয়েস্ট ইন্ডিজে এসেছে তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাস নিয়ে। কাকতালীয়ভাবে সমতা রয়েছে এখানেও!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মিলটা শুধু মুখোমুখি লড়াই কিংবা অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়নিশান ওড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দলই এখন চোট সমস্যায় আক্রান্ত। এখানে অবশ্য কিউইরা বেশ এগিয়ে। গলায় সংক্রমণের এক অদ্ভূত প্রতিক্রিয়ার কারণে ডান হাত অবশ হয়ে যাওয়ায় শুক্রবার পেসার মার্ক গিলেস্পির না খেলা প্রায় নিশ্চিত। স্টিভেন ফ্লেমিংয়ের দলের জন্য আরো বড় ধাক্কা হয়ে এসেছে অলরাউন্ডার ক্রেইগ ম্যাকমিলানের চোট। বুধবার নেট প্র্যাকটিসের সময় শেন বন্ডের একটি ইয়র্কার সরাসরি আঘাত হেনেছে ম্যাকমিলানের ডান গোড়ালিতে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এক্স--রে করানো হয়। এক্স রে রিপোর্টে হাড়ে চিড় ধরা বা বড় কোনো চোটের কোনো লক্ষণ অবশ্য দেখা যায়নি। তবে গোড়ালিতে কালসিটে পড়ে গেছে ম্যাকমিলানের।

তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাকমিলানের খেলা নিয়ে সংশয় এখনো কাটেনি। কিউইদের মুখপাত্র জন ডার্নিং জানিয়েছেন, “তার খেলার সম্ভাবনা ৫০ --- ৫০। সৌভাগ্যক্রমে গোড়ালির শেষ প্রান্তে ব্যথা পেয়েছে সে। সংযোগস্থলে (জয়েন্টে) ব্যথা পেলে আমাদের জন্য সেটা আরো খারাপ খবর হতো । এখন ওর পায়ে খুব বেশি ব্যথা নেই। হাঁটা চলাও করতে পারছে।” শ্রীলঙ্কার বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় ব্যাটসম্যান পিটার ফুলটনকে নিয়েও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

 সেই তুলনায় ইংল্যান্ডের অবস্থা অনেক ভালো। বুধবার অনুশীলনে ডান হাতের কড়ে আঙ্গুলে ব্যথা পেয়েছেন জেমস অ্যান্ডারসন। এবং অ্যান্ডারসন ডান হাতি পেসার বলেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে না --- ও পেতে পারে ইংলিশরা। অধিনায়ক মাইকেল ভন অবশ্য হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছেন সম্প্রতি। দুটো প্রস্তুতি ম্যাচে ১০ ও ১৭ ওভারের বেশি ফিল্ডিং করতে না পারলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ঐ দুটো প্রস্তুতি ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়াকে পাত্তা না দিয়ে ভন মনযোগ দিচ্ছেন শুক্রবারের ম্যাচে, “শুক্রবার আমরা নিউজিল্যান্ডকে চাপের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করবো। আশা করি প্রথম ম্যাচ জিতে শুভ সূচনাই করতে পারবো আমরা। আমরা শুধু চেষ্টা করবো অস্ট্রেলিয়া সফরের শেষের দিকে যেভাবে খেলেছিলাম এখানেও সে রকম খেলতে।”

প্রায় ৮৫ বছর পর অ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবে যাওয়া ইংল্যান্ডের জন্য অস্ট্রেলিয়া সফরের শেষটা সত্যিই অসাধারণ কেটেছিল। লিগ পর্বের শেষ দুই ম্যাচ জিতে কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনাল নিশ্চিত করার পর সেখানে টানা দু বার রিকি পন্টিংয়ের দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল তারা।

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার ব্যাপারে শেন বন্ডও আত্মবিশ্বাসী। “সি” গ্র“পের অন্য দুই দল কেনিয়া ও কানাডা হওয়ায় শুক্রবারের ম্যাচের বিজয়ীরই গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।  সে দিক থেকে এ ম্যাচ দু দলের কাছেই অনেকটা গ্র“প ফাইনালের মতো।  সেটা মাথায় আছে বলেই বিশ্বের অন্যতম দ্রুততম বোলার ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন, “এটাই সম্ভবত একমাত্র ম্যাচ যা জিততেই হবে আমাদের। এ ম্যাচের জয় দলকে পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে, দুর্বল দলগুলোর বিপক্ষেও চাপ কমিয়ে দেবে অনেকখানি।”

একটা কথা অবশ্য বন্ড বলেননি। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের দুঃস্মৃতিকে পেছনে ফেলার জন্য এই ম্যাচে জয় পাওয়া নিউজিল্যান্ডের কাছে খুবই জরুরী। বাংলাদেশের হাতে “বধ” হওয়ার পর শ্রীলঙ্কার সঙ্গে অবশ্য কিউইরা জিতেছে। কিন্তু সেটাও ছিল প্রস্তুতি ম্যাচ।