সমালোচনা আর ক্ষোভের আগুনে পুড়ছে পাকিস্তান
আগুনের উৎস জ্যামাইকার স্যাবাইনা পার্ক, তবে সেই আগুন এখন দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে পাকিস্তানজুড়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের ছবিতে আগুন, সমর্থকদের তীব্র ক্ষোভ----বিক্ষোভ, সমালোচকদের মুখে আগুনের হল্কা ----- সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটে ভয়াবহ এক ক্রান্তিকাল উপহার দিয়েছে আয়ারল্যান্ড।
পেশোয়ার, লাহোর সহ বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের ইনজামামদের পোস্টার আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানিরা। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে তারা ই-----মেইল ও ফোন করে জানাচ্ছে তীব্র প্রতিক্রিয়া। জাবাবদিহি চাই পাকিস্তান দল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। মুলতানের এক ক্রিকেট সমর্থক ইয়াসির আলী স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, “তারা আমাদের জন্য লজ্জা ও অপমানের বোঝা নিয়ে এসেছে। মেরুদণ্ডহীন এক দলের মতো খেলার জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে।”
বিশ্বকাপে তাদের শুরুটাও হয়েছিল বাজে ভাবে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। স্বাগতিক ও সাবেক বিশ্বসেরাদের কাছে ওই হার মেনে নিলেও ‘ছোট্ট’ আয়ারল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরে প্রথমপর্ব থেকে বিদায় নেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইনজামামদের পূর্বসূরিরা। তাদের কাছে এটা পাকিস্তানের ক্রিকেটের ‘কালো দিন’।
’৯২ বিশ্বজয়ী পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম দল ও ক্রিকেট বোর্ডকে দায়ি করেছেন, “এটা পাকিস্তানের ক্রিকেটের কালো দিন। এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দল দায়ি। এখন থেকেই আমাদের শুদ্ধি অভিযান শুরু করা প্রয়োজন।”
আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ আরো এক কাঠি এগিয়ে অধিনায়ক ইনজামাম---উল হক ও কোচ বব উলমারের পদত্যাগ দাবি করেছেন। “এই লজ্জাকর পারফরম্যান্সের পর তাদের অবস্থা দেখে আমি বিস্মিত, এখনো নিজেদের ভবিষ্যতের কথা ভাবছেন তারা! তাড়াতাড়ি পদত্যাগ করে তাদের জাতিকে মুক্তি দেওয়া উচিত”------ বলেছেন লতিফ। একই সুর কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের গলায়ও, “এখই সময় পাকিস্তান দলে নতুন নেতৃত্ব নিয়ে আসা। সেই নেতা হবে অনেক আক্রমণাত্মক ও সাহসী।” ’৯২ বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক অবশ্য আগে থেকেই ইনজামামের বিরোধী শিবিরে। এখন বব উলমারের বিপক্ষেও দাঁিড়য়ে গেছেন এই ক্রিকেট গ্রেট। এমন এক কোচের পক্ষে তার রায়, যিনি অনেক সৃজনশীল হবেন এবং উঠে আসা ক্রিকেট প্রতিভাগুলোকে ভালভাবে ব্যাবহার করতে জানবেন।
বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে এখন। বার বার দলে পরিবর্তন ঘটানোয় স্থায়ী কোনো ওপেনিং জুটি দাঁড়ায় নি বলে অনেকের অভিযোগ। ইমরান খান বিস্মিত হয়েছেন আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে দানিশ কানেরিয়াকে না দেখে, “কানেরিয়াকে না খেলানোটা মারাত্মক এক ভুল। সবাই জানে দুর্বল দলগুলোর বড় দুবর্লতা হচ্ছে লেগ স্পিনে।”
এই হারের জন্য উলমার অবশ্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না। পাকিস্তানের ইংলিশ কোচ বলেছেন, “আমার মনে হয় আমাদের দল খুব ভালই ছিল কিন্তু মাঠে যেভাবে খেলা উচিত ছিল তা আমরা খেলতে পারিনি। আর সেটা না পারলে সমালোচনা শুনতে হবে, এটা খুব সহজ ব্যাপার।”
শুধু এ কথায় কি সব শেষ হয়ে যেতে পারে? পারে না। কারণ দেশটা পাকিস্তান, এ নিয়ে চাপান---উতোর চলবে আরো অনেকদিন।
