দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা দ্রাবিড়দের
অধিনায়ক হিসাবে তো বটেই, খেলোয়াড়ি জীবনেও এমন হৃদয় ভেঙ্গে দেয়া পরাজয়ের তেতো স্বাদ সম্ভবত পাননি রাহুল দ্রাবিড়। শনিবার বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় এখন বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ার আশঙ্কার সামনে ভারত। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই এমন শোচনীয় হারে স্বাভাবিকভাবেই দ্রাবিড় শোকে মুহ্যমান। ভারাক্রান্ত মন নিয়েই ভারত অধিনায়ক জানিয়েছেন কুইন্স পার্ক ওভালের উইকেট চমকে দিয়েছে তাকে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু বার ভাবেননি তিনি। দলের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের যে এমন বেহাল দশা হবে, তা---ও বোধহয় ভাবতে পারেননি! বাংলাদেশের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে ধুঁকতে ১৯১ রানে পৌঁছালেও তা যথেষ্ট বলে প্রমাণ করতে পারেননি জহির-----মুনাফ-------হরভজনরা। ম্যাচশেষে তাই ঘুরেফিরে উইকেটের অস্বাভাবিকতার (!) কথাই উঠে এলো দ্রাবিড়ের দেয়া প্রতিক্রিয়ায়, “হেরে গিয়ে আমরা খুবই হতাশ। তবে আমি সবচেয়ে বেশি বিস্মিত উইকেটের আচরণে। উইকেটটা বেশ কঠিন ছিল।”
তবে উইকেটের সমালোচনার পাশাপাশি ব্যাটসম্যানদের একহাত নিতেও ছাড়েননি। দ্রাবিড়ের বিশ্বাস আরো ৩০/৪০ রান যোগ করতে পারলে ভালোই লড়াই করতে পারতো তার দল, “হয়তো ২৪০ রান ভালো একটা সংগ্রহ হতে পারতো। কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। ওদের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ওদের পেসার ও স্পিনাররা আমাদের একদমই কোনো সুযোগ দেয়নি। আরো ৩০/৪০ রান করতে পারলে ম্যাচটা হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। ওদের দলের ওপেনারদেরও কৃতিত্ব আছে। তারা দারুণ সূচনা এনে দিয়ে দলকে লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে গেছে।”
টস নিয়েও কথা বলতে হয়েছে ভারত অধিনায়ককে। তার মতে টস হারা সৌভাগ্যই বয়ে এনেছে বাংলাদেশের জন্য, “টস হেরে গিয়ে ভালই হয়েছে ওদের জন্য। তারপরও বলছি, মান অনুযায়ী আমাদের দলের আরো বেশি ভাল খেলা উচিৎ ছিল। জানি না এটাই আমাদের সবচেয়ে হৃদয়বিদায়ক পরাজয় কি না। তবে খেলোয়াড় ও অধিনায়ক হিসাবে পরাজয়ের তালিকা করলে এটাকে ওপরের দিকেই রাখবো আছে।”
তবে তারপরও আশায় বুক বাঁধছেন ভারতের বহু জয়ের নায়ক। বাংলাদেশের হাতে ‘বধ’ হওয়ার দুঃস্মৃতি নিয়ে সোমবারই বারমুডার মুখোমুখি হচ্ছে ভারত। সুপার এইটে উঠতে হলে এই ম্যাচের পর জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষেও। খাদের কিনার থেকে দলকে টেনে তোলার ব্যাপারে প্রত্যয়ী দ্রাবিড়ের বিশ্বাস, “আমরা এখন জানি কি করতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমাদের ভাল খেলতেই হবে। যদি গর্ত থেকে নিজেদের টেনে তুলতে পারি তাহলে আমার ধারণা আজকের (শনিবারের) হারটাকে দুঃস্বপ্ন হিসাবে ভুলে আমরা ভুলে যেতে পারবো।”
সেই লক্ষ্যে সোমবারই বারমুডার সঙ্গে প্রথম পদক্ষেপ রাখতে হবে ভারতকে। যে ম্যাচের আগে ঘুরে ফিরে বীরেন্দর শেবাগের পারফরম্যান্স আলোচনায় আসছেই। বাংলাদেশের সঙ্গে ২ রান করে মাশরাফির বলে বোল্ড হওয়া শেবাগ তার সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র একটি ফিফটি পেয়েছেন। তারপরও যে টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান এখন ওয়েস্ট ইন্ডিজে তার পেছনে দ্রাবিড়েরই সবচেয়ে বেশি অবদান। নির্বাচকদের কেউ কেউ রাখতে না চাইলেও অধিনায়কের ইচ্ছাতেই বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন ‘বীরু’। স্বয়ং প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার সে কথা জানিয়েছেন ক’দিন আগে। সেই শেবাগের খারাপ ফর্মের ধারাবাহিকতা দ্রাবিড়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই।
সত্যিই ভারত অধিনায়ক এখন অনন্ত চাপের সামনে!
