ওয়ানডে ক্রিকেট ও টেস্ট অধিনায়কত্ব থেকে ইনজামামের অবসর
একের পর এক দুঃসংবাদে পাকিস্তান ক্রিকেটাঙ্গন টালমাটাল! আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় এবং কোচ বব উলমারের আকস্মিক মৃত্যুর আঘাত সামলে উঠতে না উঠতেই আরো আঘাত। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইনজামাম---উল হক! টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বও ছেড়ে দিচ্ছেন ‘ইনজি’।
এখনো উলমারকে হারানোর শোক সামলে উঠতে পারেনি পাকিস্তান দল। তার মধ্যেই এমন সিদ্ধান্ত কেন নিলেন সে প্রশ্ন স্বাভাবিকভাবেই রাখা হয়েছিল ইনজামামের সামনে। ‘মুলতানের সুলতান’ প্রশ্নটার জবাবে জানিয়েছেন, “কোচের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। তার মৃত্যুতে আমি দুঃখ ভারাক্রান্ত। কিন্তু সিদ্ধান্তটা আমি আগেই নিয়ে রেখেছিলাম।”
গত বিশ্বকাপটা ভালো যায়নি। ৬ ম্যাচে মাত্র ১৯ রান এসেছিল তার ব্যাট থেকে। পাকিস্তানকেও বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। গত বারের ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করার প্রতিজ্ঞা নিয়েই এবার পা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। স্বাগতিকদের সঙ্গে প্রথম ম্যাচে ৩৬ রান করলেও তা পরাজয় রুখতে পারেনি। শনিবার পরের ম্যাচে মাত্র ১ রান করেছেন। পাকিস্তানও আইরিশদের কাছে ৩ উইকেটে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ওয়ানডে থেকে বিদায়বেলায় দল এবং নিজেরও এমন হতাশাজনক পারফরম্যান্সে স্বদেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইনজামাম,“পাকিস্তানের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি আমি। আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছিলাম। কিন্তু যে পরিকল্পনা করেছিলাম সে অনুযায়ী ফল পাইনি। সেজন্য আমি দুঃখিত।”
জীবনের শেষ দুটো বিশ্বকাপ হতাশাভরা হলেও প্রথমটা দিয়েই কিন্তু ক্রিকেটে সরব আবির্ভাব ইনজামামের। ’৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২২ বছর বয়সী ‘ইনজি’র মাত্র ৩৭ বলে ৬০ রানের এক বিধ্বংসী ইনিংসের সুবাদেই ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। ফাইনালেও তার সেই রুদ্রমূর্তি। ৩৫ বলে ৪২ রানের আরেকটি ঝড়ো ইনিংসের কল্যাণে ২৪৯ রানের স্বস্তিদায়ক জায়গায় যেতে পেরেছিল ইমরান খানের দল। তারপর তো পাকিস্তান ক্রিকেটের সেই স্মরণীয়তম জয়। ওয়ানডেতে পাকিস্তানের সফলতম ব্যাটসম্যানও তিনি। ৩৭৭টি ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরি ও ৮৩টি ফিফটিসহ ৩৯ দশমিক ৫৩ গড়ে তার সর্বমোট রান ১১,৭০২। শুধু শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়াই তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে তারপরও ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটি ইনজামামেরই। এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় টেন্ডুলকারের পরেই তার অবস্থান।
