২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

জয়ের জন্য প্রয়োজন ২০৩ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে ১২৯ রানে ৪ উইকেট হারিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক ব্রায়ান লারা ও ডোয়াইন ব্রাভোর অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি কোনো অঘটনের জন্ম দিতে পারেনি কিংস্টনের স্যাবাইনা পার্কে। সোমবার জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ‘ডি’ গ্র“পের প্রথম দল হিসাবে সুপার এইট নিশ্চিত করেছে বিশ্বকাপের স্বাগতিকরা। লারা ৪৪ ও ব্রাভো অপরাজিত ছিলেন ৩৭ রানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা। এবং এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি  বোলাররা। নতুন বলের দুই বোলার ড্যারেন পাওয়েল ও জেরোম টেলর মিলে ঝটপট তিন উইকেট তুলে নিয়ে চরম বিপদে ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। এক পর্যায়ে ৩১ রানে ৩ উইকেট হারিয়েছিল, এই তথ্যটুকু মনে রাখলে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তোলাকে অনেকই বলতে হয়।

জিম্বাবুয়েকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলার কৃতিত্ব ব্রেন্ডন টেলর এবং শন উইলিয়ামসের। বিপর্যয় সামাল দিতে যখন ব্যর্থ হন স্টুয়ার্ট মাতসিকেনেরিও (১৬), তখন টেলর --- উইলিয়ামস জুটি পঞ্চম উইকেটে মূল্যবান ৮৩ রান এনে দেয়। ঠিক ৫০ রান করে টেলর রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়লেও দলের ইনিংসের হাল শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন উইলিয়ামস। সাত বাউন্ডারিতে সাজানো তার ৭০ রানের ইনিংসের পাশাপাশি জিম্বাবুয়েকে দুইশো পার করানোয় ভূমিকা আছে এলটন চিগুম্বুরার দ্রুতগতির ব্যাটিংয়েরও। ২৯ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে ভালই। তবে উদ্বোধনী জুটিতে ৭৩ রান ওঠার পর চার বলের ব্যবধানে ফিরে গেছেন গেইল (৪০) ও চন্দরপল (২১)। গেইলের ৪৮ বলের ইনিংসটা সাজানো ছিল ৩টি করে বাউন্ডারি ও ছক্কায়। তিন নম্বরে ব্যাট করতে নামা সারওয়ানও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি। এর পর স্যামুয়েলস ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ পরিণত হয় ৪ উইকেটে ১২৯ রানে। সেখান থেকেই লারা ও ব্রাভো দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। লারার ইনিংসে ছক্কা একটি ও বাউন্ডারি দুটি। ব্রাভো ছয় মেরেছেন দুটি আর বাউন্ডারি তিনটি। 

জিম্বাবুয়ে : ৫০ ওভারে ২০২/৫ (সিবান্দা ১, কাস্টেনি ০, ু চিবাবা ১২, ব্রেন্ডন টেলর ৫০, মাতসিকেনেরি ১৬, শন উইলিয়ামস অপরাজিত ৭০, চিগুম্বুরা অপরাজিত ৩০; পাওয়েল ১/১৫, টেলর ২/৪২, কলিমোর ০/২৯, স্মিথ ১/২৮, গেইল ০/৩২, স্যামুয়েলস ০/৩৮)

ওয়েস্ট ইন্ডিজ : ৪৭ দশমিক ৫ ওভারে ২০৪/৪  (গেইল ৪০,চন্দরপল ২১, সারওয়ান ১২, স্যামুয়েলস ২৮, লারা অপঃ ৪৪, ব্রাভো অপঃ ৩৭; পোফু ১/৩৪, আয়ারল্যান্ড ১/৩৮, মুপারিওয়া ১/৩৪, চিগুম্বুরা ১/৪৫, উতসেইয়া ০/২৬, উইলিয়ামস ০/১৭)