বাংলাদেশের জ্বালায় বারমুডা জ্বললো
বাংলাদেশের জ্বালাটা ভারত মেটালো বারমুডার ওপর। তাদের এই কারবার দেখে বাংলাদেশের খুশিই হওয়ার কথা। কিন্তু ঠিক খুশি হওয়া যাচ্ছে না। কারণ, এই জ্বালা জুড়ানোর বিলম্বিত প্রতিক্রিয়া বাংলাদেশের জ্বালারও কারণ হতে পারে।
বাংলাদেশ ভারতকে হারানোয় ভারতের জন্য বিষয়টা এমন দাঁড়িয়েছে যে তাদের পরের দুটো ম্যাচেই জিততে হবে। ধরা যাক, তারা জিতলো। এবং স্বাভাবিক শক্তিগত হিসাব মেনে এটাও ধরে নেয়া যাক যে পরের ম্যাচে শ্রীলংকা বাংলাদেশকে হারালো, আবার বাংলাদেশ হারালো বারমুডাকে। তাহলে ভারত -- বাংলাদেশ-শ্রীলংকা তিন দলের সমান দুটো জয়। তখন বিবেচ্য নেট রানরেট। ৪১৩ রানের এই বিশাল স্কোরে ভারতের নেট রানরেট যত ওপরে যাবে ততই বাংলাদেশের ভয়। অবশ্য কোনো কিছুতেই বাংলাদেশের ভয় নেই, যদি শ্রীলংকাকেও হারিয়ে দেয়া যায়। কিন্তু শ্রীলংকা তো আর বারমুডা নয় যে ওদের চাইলেই বাংলাদেশ হারিয়ে দেবে।
মাঝে-মধ্যে অবশ্য আনন্দের বারতা নিয়ে আসার চেষ্টা করছে ত্রিনিদাদের অসময়ের বৃষ্টি। যদি বৃষ্টিতে এই ম্যাচটা পণ্ড হয়ে ভারত -- শ্রী লংকার পয়েন্ট ভাগাভাগি করিয়ে দেয় তাহলে খুব ভালো। বাংলাদেশ বারমুডার সঙ্গে জিতলেই হয়। সম্ভাবনা অবশ্য সামান্য। কারণ, ম্যাচ একদিনে শেষ না হলেও রিজার্ভ ডে আছে এবং সেদিন যেখানে খেলা আগের দিন শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। এর মধ্যে ২০ ওভার শেষ করে ফেলা ভারতের জন্য কোনো ব্যাপার হবে না। ও, হ্যা, ২০ ওভারে যা -- ই হোক বারমুডা নিশ্চয়ই পাহাড় সমান টার্গেটে পৌঁছাতে পারবে না।
দুই উইকেট পড়ার পরও টেন্ডুলকার আসেন না। তিন উইকেট পড়ার পরও তিনি নন, যুবরাজ। দেখতে দেখতে ঠিক মনে করতে পারলাম না শেষ কবে টেন্ডুলকার ছয় নাম্বারে ব্যাট করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিছুদিন, তারপর ওপেনার হওয়ার আগ পর্যন্ত তিনি চার নাম্বার। ভারত বিশ্বাস করত তিনি যত বেশি বল খেলবেন,ততই দলের স্কোর বাড়বে। কিন্তু হায়! এখন আর সেটা ওরা বিশ্বাস করে না। বয়স থাবা বসিয়েছে, লেগে থাকা ইনজুরির ভারে ধারও কমেছে অনেক, তাই এখনকার নিষ্ঠুর বাস্তবতায় ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকের চেয়ে ধোনি বা যুবরাজ বেশি কাজের।
কিন্তু বয়স হলেও চ্যাম্পিয়ন তো! আর যে কোনো জায়গায় নিজেকে চেনানোতেই চ্যাম্পিয়নের সার্থকতা। তাই মাত্র ১২ ওভার বাকি থাকতে নেমেও ফিফটি হয়ে গেছে। এবং ভারতের ব্যাটসম্যানদের এত এত মারধরের ইনিংসেও শেষ বিচারে স্ট্রাইক রেটে তিনিই সবার ওপরে। যুবরাজের চিন্তাতীত মনোরম স্ট্রোকসমৃদ্ধ ইনিংসের পরও, শেবাগের মাত্র ৮৭ বলে সেঞ্চুরির পাশেও টেন্ডুলকার ঠিকই অম্লান। ২৯ বলে ৫৭, মানে স্ট্রাইক রেট প্রায় দুইশ’ এবং ছক্কা মারতে পারেন না বলেই তাকে পরে নামানোর জবাব হিসাবেই বোধহয় মাত্র একটি বাউন্ডারির বিপরীতে চারটি ওভার বাউন্ডারি। এবং শেষ বেলার তার এই ঝড়ের সুবাদেই ভারত ৪১৩, যে ৪১৩ বিশ্বকাপ ইতিহাসের দলগত সর্বোচ্চ রান।
১১ বছর আগে উপমহাদেশের বিশ্বকাপে শ্রীলংকা কেনিয়ার বিপক্ষে ৩৯৮ রানের যে পাাহাড় গড়েছিল সেটা শুধু বিশ্বকাপের নয়, দীর্ঘদিন হয়ে ছিল ওয়ানডে ক্রিকেটেরই সর্বোচ্চ রান। গত এক বছরে এখন দলগুলো ৪০০ -- ও করছে, কিন্তু বিশ্বকাপে এই প্রথম। তাতে রানের হিসাবে টেন্ডুলকারের আগে শেবাগ, সৌরভ এবং যুবরাজ সবাই। কিন্তু নাম অবশ্যই আগে আসবে যুবরাজের। ওপেনারদের প্রাধান্যপুষ্ট এই ওয়ানডে জামানায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপট কমছে, মাঝের ব্যাটসম্যান মানে ইনিংস টেনে নিয়ে যাওয়ার কর্মীই শুধু, কিন্তু যুবরাজকে কর্মী বললে অন্যায় করা হয়! যদি যুবরাজের আবির্ভাবের পর ভারতের ওয়ানডে জেতার অনুপাত করা হয় তাহলে যিনি এক নাম্বারে থাকবেন তার নাম অবশ্যই যুবরাজ সিং। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তিনি ছিলেন একমাত্র হুমকি, সেদিন যেটা করতে পারেননি কাল করলেন সেটা। মাত্র ৪৬ বলে ৮৩ এবং তাতে ৭টি ছক্কা। এর কোনোটি কোনোটি এত বড় যে ৬ এর বদলে কোনটাতে ৮, কোনটাতে ১০ রান দেয়া উচিত। শেবাগ এখন ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় মাথাব্যথা। এত ওষুধ-পত্র, তবু দুরারোগ্য রোগটা দূর হচ্ছে না। এই ইনিংস দেখে মনে হলো এবার ওষুধ কাজ করতেও পারে। ৮৭ বলে ১১৪ রান করে ভারতকে বড় ইনিংসের পথ দেখিয়ে গেছেন, সৌরভ সেটা প্রায় দর্শকের মতো চেয়ে দেখেছেন। শেষে হাত খুলেছিলেন, তাতে রানটা ৮৯ হয়েছে এবং এসব মিলেমিশেই বাংলাদেশ দুঃস্বপ্নটা আংশিক কমালো ভারত। বারমুডার দুর্ভাগ্য, একে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ বলে স্বীকৃত, তার ওপর সব আহত বাঘ, ওদের গর্জনের জবাব তাদের জানা নেই। তবু কিছু বিনোদন ওরা দিয়েছে। শ্রেষ্ঠ বিনোদন অবশ্যই তাদের ১২০ কেজি ওজনের এবং ৪৩ বছর বয়সের স্পিনার ডেভিড ল্যাভেরকের। যিনি পেশায় একজন জেলে এবং যিনি বিশ্বকাপ খেলার জন্য ১৬ কেজি ওজন না কমালে আরও অনেক বেশি বিনোদন পাওয়া যেতো। এই শরীর নিয়েও দারূণ একটা ক্যাচ ধরেছেন স্লিপে, তারপর যে দৌড় দিয়েছিলেন তাতে স্টেডিয়াম গ্যালারি দ্বারা আবদ্ধ না থাকলে সোজা বারমুডায় গিয়ে স্ত্রী-পুত্রের সঙ্গে উৎসবে লেগে যেতেন বোধহয়।
ভারত এই ম্যাচ জিতেও খুব উৎসব করতে পারবে না। গলার খুব কাছে এখনও খড়গ ঝুলন্ত। কিন্তু শ্রীলংকাকে একটা সতর্কীকরণ সংকেত শোনালো। সেটাও বাংলাদেশের জন্য খুব খুশির খবর নয়। শ্রীলংকা না এই সংকেতে ভয় পেয়ে বাংলাদেশের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে। এদিন জিতলেই ওদের সুপার এইট নিশ্চিত।
লিখতে লিখতে অবশ্য মনে হচ্ছে বাংলাদেশ তো আর বারমুডা নয়, কিংবা নয় এক বছর আগের বাংলাদেশ যে কেউ ঝাঁপিয়ে পড়লেই লেজ গুটিয়ে পালাবে। ঝাঁপিয়ে পড়াদের ওপর পাল্টা ঝাঁপ দিয়ে সত্যিকারের মল্লযুদ্ধ করার মতো দল কি বাংলাদেশ ইতিমধ্যে হয়ে যায়নি! হুংকারে ভয় পাওয়ার দিন তো শেষ। নাকি!
