২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোবার্সকে পাশে পেয়ে ধন্য হলেন গিবস

হাতে এক মিলিয়ন ডলারের চেক। পাশে সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ‘ঐতিহাসিক’ এক ঘটনার নায়ক হার্শেল গিবসের মুখে তখন পরিতৃপ্তির হাসি। নেদারল্যান্ডসের ড্যান ফন বাঞ্জের এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানোর পর থেকেই যে হাসি তার ঠোঁটের কোণে ঝুলছে। সোমবার সেটা আরো চওড়া হলো সোবার্সকে পাশে পেয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বিশ্বকাপের অন্যতম স্পন্সর ‘জনি ওয়াকার’ --- এর ঘোষণা অনুযায়ী এক মিলিয়ন ডলারের চেকটা অবশ্য গিবস পাননি। ক্যারিবিয়ান অঞ্চলের ঘরহীন মানুষের বাসস্থান নির্মাণে ব্যয় করা হবে এই অর্থ। সোমবার সেই চেক প্রদান অনুষ্ঠানে সোবার্সকে পাশে পেয়ে একেবারে আবেগাপ্লুত হয়ে পড়েছেন গিবস।

সেটাই স্বাভাবিক। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পত্রিকা ‘উইজডেন’ --- এর দৃষ্টিতে বিংশ শতাব্দীর সেরা ৫ ক্রিকেটারের অন্যতম সোবার্স তো শুধু এক জন জীবন্ত কিংবদন্তীই নন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এক ওভারে ছ’টা ছক্কা মারার প্রথম কীর্তিটা তারই। বিশ্ব ক্রিকেটে হৈ---চৈ ফেলে দেয়া গিবসের কীর্তি উদযাপনের অনুষ্ঠানে তার উপস্থিতি যোগ করেছিল ভিন্ন মাত্রা। ’৬৮তে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে গ্ল্যামরগনের ম্যালকম ন্যাশকে এক ওভারে ছয় বার উড়িয়ে মারার স্মৃতিচারণও করেছেন সোবার্স। সেই ম্যাচের পর টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় সেই ওভার নিয়ে হাসাহাসিও করেছিলেন দুজনে,“আমি বললাম,‘ম্যালকম, তুমি হাসছ কেন?’ জবাবে সে আমাকে বললো, ‘আমাকে ছাড়া তো তুমি এটা করতে পারতে না।” এরপর সোবার্স জানিয়েছেন সেই ওভারের পর কত বার অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে,“আশা করি সেই ১৯৬৮ থেকে আমাকে বার বার যেমন বিপাকে পড়তে হয়েছে হার্শেলের জীবনে তেমন অভিজ্ঞতা হবে না। যেখানেই লোকে আমাকে চিনতে পেরেছে, বলেছে ইনিই তো ছয়টা ছক্কা মেরেছিলেন। ক্রিকেটে আমিই একমাত্র ব্যক্তি হিসাবে কাজটা করলে তা অনন্ত বিস্ময় হয়েই ধরা দিত আমার কাছে।”

সেটা হয়নি বলে সোবার্স দারুণ খুশি। তার এবং রবি শাস্ত্রীর কীর্তিটা ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে। গিবসেরটা বিশ্বকাপে হয়েছে বলে সোবার্স সেটাকেই এগিয়ে রাখতে আগ্রহী,“ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইতিহাস গড়া সত্যিই দারুণ এক অর্জন। তবে আমার ছটা ছক্কা ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে, আর হার্শেলেরটা বিশ্বকাপে।”

গিবস নিজে অবশ্য রেকর্ড গড়ার চেয়ে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীর সঙ্গে কথা বলতে পেরে বেশি রোমাঞ্চিত,“তার পাশে বসতে পেরে দারুণ সম্মানিত ও সৌভাগ্যবান মনে করছি নিজেকে।” পরে ফন বাঞ্জকে ‘বেদম প্রহার’ করার অভিজ্ঞতাও বর্ণনা করতে হয়েছে তাকে,“ দলের রান রেট বাড়ানোর দরকার হওয়ায় প্রথম বলটা ছক্কা মারতে এগিয়ে গেলাম। দ্বিতীয় ও তৃতীয়টাতেও একই কাজ করলাম। তার পর মনে হলো,আরে, আমি তো ভালোভাবেই মারতে পারছি! তাই চতুর্থটাও মারলাম। সে সময় বেশ হাসি পাচ্ছিল আমার। তার মধ্যেই মনে হলো, পা দুটো কি আরেকটু ভালভাবে নড়াচড়া করানো যায় না? আমি ক্রিজটাকে আরো ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করলাম। এবং পরের বলটাও উড়ে গেল। মুখের হাসিটা আরো চওড়া হলো আমার। শেষ ছক্কাটা হওয়ার পর দলের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম কি ঘটেছে।”