ভারতের পর শ্রীলংকা!
ভারতের পর শ্রীলঙ্কা! রফিক বললেন, “আপনাদের কী মনে হয়, ভারতকে আমরা যেভাবে হারিয়েছি সেভাবে খেললে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব নয়?”
সাংবাদিকরা সাধারণত প্রশ্ন করেন, এখন রফিক যখন পাল্টা প্রশ্ন করছেন তখন আসলে উত্তর হয়ে গেছে। আমরা কী ভাবলাম না ভাবলাম সেটা কোনো বিষয় নয়, বিষয় হলো, বাংলাদেশের ক্রিকেটাররা কী ভাবছেন। এবং তারা ভাবছেন ভারতের মতো শ্রীলঙ্কা ম্যাচেও অংক উল্টিয়ে দেওয়া সম্ভব।
ম্যাচের দিন রাতে হোটেল লবীতে একটা আড্ডায় বসেছিলেন শচীন টেন্ডুলকার --- সৌরভ গাঙ্গুলীরা। আড্ডা নয়, আত্মসমালোচনার আসর। রফিকও যোগ দিয়েছিলেন সেখানে। আর রফিক তাদের যা শুনিয়ে এসেছেন সেগুলো এতকাল বাংলাদেশী ক্রিকেটারদেরই শুনতে হতো। “ তোমাদের পরিকল্পনাটাই ভুল ছিল। তোমরা তিন জন পেসার নিলে। তাহলে প্রথমে ব্যাট করলে কেন?” ওদের পক্ষ থেকে জানা গেলো, তারা চেয়েছিলেন একটা বিশাল রানের বোঝা বাংলাদেশের কাঁধে চাপাতে। কিন্তু সেই বোঝা না চেপে নিজেদের ঘাড়েই যখন পরাজয়ের হুমকি চেপে গেলো ব্যাটিংয়ের পর, তখনও তো তাদের কিছু ঠিক ছিল না। কী বোলিং! কী ফিল্ডিং! কিন্তু শ্রীলঙ্কা বারমুডার বিপক্ষে বড় জয় দিয়ে তাদের শক্তি এবং মানসিকতা দুটোরই প্রমাণ দিয়েছে। জানা গেছে, ভারতের মতো অবিন্যস্ত নয় তারা, জানা গেছে, ছোট দলের সঙ্গে পা যাতে না পিছলায় সেজন্য পদক্ষেপগুলো যথেষ্ট সাবধানীও। বাংলাদেশ ম্যাচের দিন সন্ধ্যায় সস্ত্রীক হোটেল লবীতে ঘুরে বেড়াচ্ছিলেন মুরালিধরন। “ম্যাচ দেখে কি তুমি একটু বিস্মিত?” --- প্রশ্নে মুরালিধরন তার চিরচেনা হাসি দিয়ে বললেন, “তা -- ই কি হওয়া উচিত নয়?”
সমস্যাটা হলো, ভারত যেমন চমকটা পেয়েছে মাঠে ঢুকে, শ্রী লংকা সেটা মাঠের বাইরে পেয়ে যাওয়াতে আগে থেকেই তৈরি হওয়ার সময়ও হাতে পাচ্ছে। বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোর বারবার একটা কথা বলছেন,“ ভারতের সঙ্গে আমাদের জেতার একটা কারণ হলো, ওরা আমাদের সঙ্গে অনেকদিন খেলেনি। আমাদের সম্পর্কে ঠিক ধারণাটা ওদের ছিল না। যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হবে না। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা ওদের সঙ্গে খেলেছি। কাজেই ওরা আমাদের দুর্বলতা সবই জানে।”
কিন্তু আবার উল্টো দিক থেকে দেখলে বাংলাদেশও তো ওদের সম্পর্কে জানে। কাজেই অসুবিধা যতোটা সুবিধাও তো ততোটাই হওয়ার কথা। বাংলাদেশের ক্রিকেটারদের কেউ কেউ সেটা মেনে নিচ্ছেন। এবং মেনে নিয়ে মনে করিয়ে দিচ্ছেন, মুরালিধরন আছে না! আশরাফুলের মতো কারো কারো অবশ্য মুরালিধরন ভীতিটা ঠিক অতোটা নেই! না থাকারই কথা। যে গুটিকয়েক ব্যাটসম্যান মুরালির বিষ ঝাড়ার মন্ত্র জানেন তাদের দলে আশরাফুলও পড়েন। মুরালি মন্ত্র ঝেড়েই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এর পরেও মুরালিতে তার অপ্রীতিকর কোনো স্মৃতি নেই।
এক যুগ আগে উপমহাদেশে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে বিশ্ব ক্রিকেট এক নতুন মডেল দেখেছিল। শ্রীলঙ্কা মডেল। জয়াসুরিয়া আর কালুভিতারানার ওপেনিং জুটি শুরুতেই এমন মারধর শুরু করতো যেন ম্যাচটা ১০ --- ১২ ওভারের, এর মধ্যেই যা করার তা করতে না পারলে সর্বনাশ। এসব ক্ষেত্রে নিজেদের সর্বনাশের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু শ্রীলঙ্কা প্রতিপক্ষদেরই সর্বনাশ করে গেছে শুধু। সেই সর্বনাশা ব্যাটিং যে পথটা দেখিয়ে দিতো সেই পথে অন্যরা ঠিক --- ঠাক হেঁটে হেঁটে অভীষ্ট লক্ষ্যে একেবারে মসৃণ গতিতে। উচ্চাভিলাষী কেউ কেউ বাংলাদেশ দলের মধ্যে শ্রীলঙ্কার ছবি দেখছেন। এখনই বলাটা বাড়াবাড়ি হয়তো, কিন্তু বাংলাদেশের এই দল কিন্তু পরের এক দশকের মডেল হতে পারে।
সেদিন ম্যাচ দেখতে দেখতে ওয়েস্ট ইন্ডিজের এক সাংবাদিকই অংক করে দেখাচ্ছিলেন। দলের খেলোয়াড়দের বেশিরভাগের বয়স ২০ এর নীচে, পরের বিশ্বকাপে খুব গোলমাল না ঘটলে এদের সবারই থাকার কথা, এবং আরও পরিণত, আরও প্রস্তুত, আরও সুসজ্জিত অবস্থায়। তার ওপর ঐ বিশ্বকাপটা হবে উপমহাদেশে, বাংলাদেশ তার সহ --- আয়োজক। সেটাও বাড়তি সুবিধা। সে পরের বিশ্বকাপের ব্যাপার, ৪ বছরে দুনিয়ায় কতো কিছু ঘটে যাবে তার ঠিক নেই, এখনকার ভাবনা এই বিশ্বকাপ। পরের বিশ্বকাপে বড় আশার মশাল জ্বালাতে হলেও এখানে আরও কিছু কাজ বাকি আছে। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা তেমনই একটা বড় কাজ। আমরা যে বলছি, ভারতের সঙ্গে ম্যাচটা কোনো অঘটন নয়, ঘটনা, সেই ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটার গুরুত্ব বেড়ে যাচ্ছে আরও। বারমুডার সঙ্গে ম্যাচটা বাংলাদেশ জিতবে ধরে নিলেও, শ্রীলঙ্কার সঙ্গে হারে অংকের হিসাবে বাদ পড়ে যেতে পারে বাংলাদেশ। কাজেই সেদিক দিয়েও এই ম্যাচ অনেক গুরুত্বের।
গুরুত্ব সবসময়ই থাকে। কাগজের গুরুত্ব বাংলাদেশ বহুকাল ধরেই বোঝে। কিন্তু বহুকাল পর এই প্রথম কাগজের গুরুত্বের সঙ্গে তাল মেলানো ক্রিকেটের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের। স্লো উইকেট, মুরালিধরন, এই ধরনের উইকেটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আরও বেশি স্বচ্ছন্দ সবই ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক যে ক্রিকেট ঐতিহ্যে, ব্যাটিং শক্তিতে, সমর্থনগত পৃষ্ঠপোষকতায় ভারত বহুগুণ এগিয়ে। তাদের সঙ্গে পারা গেলে শ্রীলঙ্কা কেন নয়!
সর্বশেষ খবর হলো, শ্রীলঙ্কাও বাংলাদেশকে নিয়ে খানিকটা চিন্তিত। ওদের সাংবাদিকদের কাছ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে ছক --- অংক কষা এসব নাকি খুব চলছে। যা অভূতপূর্ব। এর আগে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট সাধারণত নামলাম --- খেললাম --- জিতলাম নীতি অনুসরণ করেই চলত!
