২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে নিউজিল্যান্ড

প্রথম ওভারেই নিউজিল্যান্ডকে একটা ধাক্কা দিয়েছিলেন কেনিয়ার অনেক লড়াইয়ের নায়ক টমাস ওডোয়ো। স্কোরবোর্ড নড়তে শুরু করার আগেই ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার লু ভিনসেন্টকে। টস জয়ের পর শুরুটা এমন স্বপ্নের মতো হলেও শেষটা মোটেই তেমন হয়নি গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের। শুরুর ওই ধাক্কাটুকু সামলে ঘুরে দাঁড়াতে মোটেই সময় নেয়নি নিউজিল্যান্ড, আর তারপর কেনিয়ান ইনিংসটা গুঁড়িয়ে দিয়ে পেয়েছে ১৪৮ রানের এক অনায়াস জয়। দুই ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়ে ‘ডি’ গ্র“প থেকে শেষ আটে ওঠাও নিশ্চিত করে ফেলেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, রস টেলর, স্কট স্টাইরিস ও ক্রেগ ম্যাকমিলানের চারটি হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৩১ রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। জবাবে ৪ বল বাকি থাকতেই কেনিয়ার ইনিংস শেষ হয়ে গেছে ১৮৩ রানে।

আরো আগেই অবশ্য শেষ হতে পারতো। যে ভাবে শুরু করেছিল কেনিয়া তাতে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় হারগুলোর তালিকায় আরো একটি যোগ হওয়াই মনে হচ্ছিল নিয়তি। আগের আটটি বিশ্বকাপ মিলিয়ে যেখানে দুশ বা তার বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল মোটে দুটি, সেখানে এই বিশ্বকাপের প্রথম ১৩ ম্যাচেই এমন ঘটনা ঘটেছে পাঁচবার। ৩৩১ রান তাড়া করতে নেমে কেনিয়ার স্কোর যখন হয়ে গেল ৭৬/৫, তখন অমন কিছুরই পুনরাবৃত্তির আশংকা তো ছিলই। সেটা হতে দেননি রবিন্দু শাহ আর টমাস ওডোয়ো। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে তারা কেনিয়ান ইনিংসকে খানিকটা পথ দেখিয়েছেন। নিজের বলে ড্যানিয়েল ভেট্টরির দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ইনিংসের সর্বোচ্চ স্কোরার রবিন্দু শাহর বিদায়ে ভেঙ্গেছে এই জুটি। ৮৯ বলে তার ৭১ রানের ইনিংসটা দুটি ছক্কা ও আটটি বাউন্ডারিতে সাজানো।

সঙ্গী হারিয়েও অবশ্য হার মানেননি লড়াকু ওডোয়ো। ৬৭ বলে ৪২ রানের ইনিংস খেলার পথে টেলএন্ডারদের নিয়ে নিউজিল্যান্ডের জয়কে ইনিংসের শেষ ওভার পর্যন্ত ঠেকিয়ে রেখেছেন, আর ব্যবধানটাকে কমিয়ে একটু ‘সম্মানজনক’ করেছেন। শেন বন্ডকে উড়িয়ে মারার চেষ্টায় পয়েন্টে জ্যাকব ওরামের হাতে ক্যাচ দিয়ে তার বিদায়ের অনেক আগেই অবশ্য ম্যাচটা পরিণত হয়েছিল আনুষ্ঠানিকতায়।

কেনিয়া বধে কিউই বোলারদের কেউ কারো চেয়ে কম যাননি। জেমস ফ্র্যাংকলিন, মাইকেল ম্যাসন আর ভেট্টরি দুটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২০, ২৯ আর ৪৫ রান দিয়ে। ১ উইকেট নিতে ৮ ওভারে বন্ড খরচ করেছেন মাত্র ১৯ রান।

সকালে নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর পথটা দেখিয়েছেন অধিনায়ক ফ্লেমিং-ই। টেলরকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে। তবে ৬১ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলা কিউই অধিনায়ক রান আউট হয়েছেন অনেকটা নিজেরই দোষে। জিমি কামান্ডের বলে টেলরের ফ্লিক ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো কলিন্স ওবুইয়ার দিকেই যাচ্ছিল সোজা, কি বুঝে যে তিনি দৌড় দিলেন! ওবুইয়ার থ্রো যখন উইকেট ভেঙ্গে দেয় তখনও তিনি এত দূরে যে আম্পায়ারের সিদ্ধান্তের জন্যও অপেক্ষা করতে হয়নি।

তিনটি ছক্কা আর সাতটি বাউন্ডারিতে সাজানো ফ্লেমিংয়ের ইনিংসটা শেষ হওয়ার পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন টেলরও। কিন্তু কাক্সিক্ষত সেই লক্ষ্য থেকে ১৫ রান দূরে থাকতে নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে ফিরিয়ে দিয়েছেন কেনিয়ান অধিনায়ক স্টিভ টিকোলো। ১০৭ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন টেলর। শেষ দিকে মাংসপেশিতে টান পড়ায় শেষ দিকে রানার নিয়ে খেলা এই ইনিংসের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা পেয়েছেন তিনিই, তবে এ জন্য তন্ময় মিশ্রর কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তাকে। চতুর্থ ওভারেই টেলরের দেওয়া একটি সহজ ক্যাচ ছেড়েছেন কেনিয়ার এই তরুণ, পরে একবার তাকে রান আউট করার সুযোগও অল্পের জন্য মিস করেছেন।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের নায়ক স্টাইরিসও ফিরে গেছেন পঞ্চাশ পেরোনোর একটু পরেই। ল্যামেক ওনিয়াঙ্গোর বলে নিজের চতুর্থ ছক্কাটি মারতে গিয়ে বাউন্ডারি লাইনে তন্ময় মিশ্রের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৬২ বলে তার ৬৩ রানের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারিও।

তবে বলকে সীমানা পার করানোর ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন ম্যাকমিলান। নিউজিল্যান্ডকে তিনশ পার করে নিয়ে যেতে এই বিগহিটারের ৪৮ বলে ৭১ রানের ইনিংসটাই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। তিনটি বাউন্ডারি আর পাঁচটি ছক্কা মেরেছেন তিনি। ইনিংসের শেষ ওভারে আরেকটি ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়েছেন তিনি। তবে ওনগন্ডোর স্লোয়ারে বিভ্রান্ত হয়ে তার দেওয়া ক্যাচটি নিতে কোনো কষ্টই হয়নি মিডউইকেটে দাঁড়ানো টিকোলোর।

এর আগে বিশ্বকাপের ‘সি’ গ্র“পের এই ম্যাচে টস জিতে টিকোলো ব্যাট করার আমন্ত্রণ জানান কিউইদের। ওডোয়োর করা  ম্যাচের চতুর্থ বলেই দ্বিতীয় স্লিপে দারুণ এক ক্যাচ নিয়ে কেনিয়াকে স্বপ্নের সূচনা এনেও দিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৩১/৭ (ভিনসেন্ট ০, ফ্লেমিং ৬০, টেলর ৮৫, স্টাইরিস ৬৩, ম্যাকমিলান ৭১, ওরাম ৩, ম্যাককালাম ৬, ভেট্টোরি অপ. ১৪, ফ্র্যাঙ্কলিন অপ. ০, বন্ড ও ম্যাসন ব্যাট করেননি; ওডোয়ো ২/৫৫, ওনগন্ডো ২/৬৪, ওনিয়াঙ্গো ১/৬৩, কামান্ডে ০/৬১, ভারাইয়া ০/৪০, টিকোলো ১/৪৫)।

কেনিয়া ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৩ (ওউমা ৪, ডেভিড ওবুইয়া ১, শাহ ৭১, টিকোলো ৭, মিশ্র ২, কলিন্স ওবুইয়া ২১, ওডোয়ো ৪২, কামান্ডে ১২, ওনিয়াঙ্গো ৬, ওনগোন্ডো ৪, ভারাইয়া অপ. ১; ম্যাসন ২/২৯, বন্ড ১/১৯, ফ্র্যাংকলিন ২/২০, ম্যাকমিলান ০/৩৯, ভেট্টরি ২/৪৫, ওরাম ০/২৯)।