ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তানের নির্বাচকদের পদত্যাগ
“আমাদের শুধু মনে হয়েছে নীতিগতভাবে কাজটা করা উচিৎ”---- পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াসিম বারির সরল স্বীকারোক্তি। এবং পিসিবি’র নির্বাচন কমিটির প্রধান হিসাবে এটা তার শেষ মন্তব্যও! শেষ, কারণ, বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন তিনি।
তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন নির্বাচন কমিটির অন্য দুই সদস্যও। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, পিসিবি’র চেয়ারম্যান নাসিম আশরাফকে নাকি পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে! আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর থেকে সত্যিই পাকিস্তান ক্রিকেটের এখন টালমাটাল অবস্থা। কোচ বব উলমারের হঠাৎ মৃত্যু এবং ইনজামামের ওয়ানডে ও টেস্ট অধিনায়কত্ব থেকে অবসরও বিরাট আঘাত হয়ে এসেছে তাদের কাছে।
১৯৯৮ সাল থেকে নির্বাচকের দায়িত্বে ছিলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ওয়াসিম বারি। এ সময়ে ৩টি বিশ্বকাপে দল নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তিনি। কে জানতো ২০০৭ বিশ্বকাপই হবে নির্বাচক হিসাবে তার শেষ বিশ্বকাপ! অবশ্য বিশ্বকাপ শেষেই তাদের কাজের পর্যালোচনা হতো। কিন্তু পাকিস্তান দল আগেভাগেই বিদায় নেয়ায় সিদ্ধান্তটা নিতে একদমই ইতস্তত করেননি বারি। সেই সঙ্গে জানিয়েছেন, ইনজামামের দলের ব্যর্থতার দায়িত্ব স্বীকার করেই তাদের এই সিদ্ধান্ত।
এদিকে পাকিস্তানের বেসরকারী টিভি চ্যানেল ‘জিও’ জানিয়েছে, বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণেই পিসিবি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে নাসিম আশরাফকে। মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেয়া নাসিম আশরাফ পিসিবি’র প্রধান পৃষ্ঠপোষক ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছে পদত্যাগপত্র নাকি পাঠিয়েও দিয়েছেন।
