বাংলাদেশের স্পিনবিহীন স্পিনারদের গল্প
রবি শাস্ত্রী একবার রসিকতা করে বলেছিলেন,“ভারতের পেস বোলারদের সবই আছে, শুধু পেসটাই নেই।” ভেংকটেশ প্রসাদ, প্রশান্ত বৈদ্য এদের গতি সম্পর্কে শ্লেষের স্বরে কথাগুলো বলা।
তার কথাটা আংশিক বদলে ব্যবহার করা যায় বাংলাদেশের স্পিনারদের বেলায়“বাংলাদেশের স্পিনারদের সবই আছে, শুধু স্পিনটাই নেই।” এটা রফিক এবং রাজ্জাক প্রসঙ্গে। এবং ভারতীয় পেসারদের ক্ষেত্রে বিষয়টা যেমন ছিল শ্লেষ, ওদের ক্ষেত্রে এটা বন্দনা। অকুণ্ঠ প্রশংসা।
স্পিনার তারা, কিন্তু স্পিন কোনোভাবেই তাদের তুনের সেরা তীর নয়। ছোট রান আপে বল করেন, কব্জির মোচড় আছে, বলটা ঘুর্ণন প্রক্রিয়ার মাধ্যমে বাতাস ভ্রমন করে আসে, এই পর্যন্তই। বল মাটিতে পড়ার পর যতো না স্পিন হয়, তার চেয়ে বেশি সোজা থাকে। কে একজন যেন ভারতের সঙ্গে ম্যাচের দিন রসিকতা করে বলছিলেন,“আসলে বল যে ঘোরে না, সেটাই হলো ওদের শক্তির জায়গা। ভারতীয় ব্যাটসম্যানরা ভাবে বল ঘুরবে, কিন্তু ঘোরে না বলেই ওরা উল্টো ধোঁকা খায়!” এই রসিকতাটাও আংশিক কাজের কথা। ওদের বল ঘোরে না, কিন্তু লেংথ, মানে বল এমন জায়গায় থাকে যে যত বড় ব্যাটসম্যানই হোন না কেন মারার জন্য তাকে জায়গা বের করতে হয়। আর জায়গা বের করা মানেই ঝুঁকির কাজ। সেই ঝুঁকির শিকার এমনকি শচীন টেন্ডুলকার --- রাহুল দ্রাবিড়রাও হয়ে যান।
ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে বোলার হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা কার? উত্তর, মাশরাফি বিন মর্তুজার। তিনি ওদের ব্যাটিং মেরুদন্ডটা ভেঙ্গে দেয়ার পর তামিম ইকবালের ব্যাট বোলিংয়ের কফিনে একে একে পেরেক ঠুকে দেয়। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় বারবার বলছিলেন স্পিনারদের কথা। ভারতের ব্যাটিং এত লম্বা এবং এত গভীর যে শুরুর ধাক্কা সামলে বিরাট স্কোর করার সামর্থ্য ওদের মিডল অর্ডার --- লেট অর্ডারের আছে। কিন্তু সেখানে প্রতিটি রানের জন্য ওদের এমন যুদ্ধ করতে হয়েছে এবং সেই যুদ্ধে তারা সব একে একে হেরে মাথা নীচু করে গেছেন। ম্যাচ শেষের নিরপেক্ষ ময়নাতদন্তে তাই রাজ্জাক --- রফিক নামের দুই নীরব ঘাতকের নাম সরবেই উচ্চারিত হচ্ছে। আজ যখন আবার সামনে শ্রীলংকা তখন আরেকবার তাদের ওপর প্রদীপ। আরেকবার নীরব ঘাতকদের কাছ থেকে সরব পারফরম্যান্সের দাবি। ও হ্যাঁ, ওদের তৃতীয় একজন সঙ্গী আছেন। সাকিব আল হাসান। তার ব্যাটিং সত্বাটা তুলনামুলক এত উজ্জল যে এজন্য বোলিংটার কথা আর ঠিক সেভাবে উল্লেখিত হয় না, কিন্তু মনে রাখতে হবে তিন স্পিনারের ওয়ানডেতে বিরলপ্রায় কৌশল দিয়ে বিপক্ষকে চমকে দেয়ার কাজে তিনিও সমান শরীক। ত্রিরতেœর তিনিও অন্যতম।
রফিক বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই এক ধাঁধাঁর নাম। এই ৩৭ বছর বয়সেও পরের বিশ্বকাপ খেলার কথা উঠলে তিনি ভয় পেয়ে বলে ওঠেন না, আরে না। না। তখন আমার বয়স হবে ৪১, সেটা কি খেলার বয়স! বরং ঠিকই ঠিকরে বেরোয় আত্মবিশ্বাস। তার প্রায় অর্ধেক বয়সের রাজ্জাক। আর এই অর্ধেক বয়সীই একটা ধুন্দুমার কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। প্রায় এক যুগ ধরে যেখানে বাংলাদেশের ওয়ানডে স্পিন বোলিং মানে রফিক, সেখানে গত এক বছরের পারফরম্যান্সের কথা উঠলেই রফিক পেছনে। সামনে রাজ্জাক। ফিল্ডিং বাধ্যবাধকতায় স্পিনার হিসাবে আক্রমনে আসার যে কৃতিত্বটা ছিল একান্তই তার একার, সেটাতেও রাজ্জাক ভাগ বসিয়েছেন। তাহলে নিশ্চয়ই খুব প্রতিদ্বন্দ্বিতা দুজনের মধ্যে? রাজ্জাক বলছেন,“আরে না। আমরা বরং একে অন্যকে সাহায্য করি। আমি মাঠে বা মাঠের বাইরে কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়লে কথা বলি রফিক ভাইয়ের সঙ্গে। আবার আমার যখন কিছু মনে হয়, আমি তাকে বলি। আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।”
কিন্তু প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও অন্য প্রান্ত থেকে রফিক উইকেট্ নিলে কি তার মনে হয় না আমারও উইকেট নেয়া উচিত! তার চেয়ে ভালো করা উচিত? সেটা তার ওপর প্রভাব ফেলে, তবে অন্যভাবে,“রফিক ভাই অন্যপ্রান্ত থেকে বল করে এটা বরং আমার জন্য একটা সুবিধা। তিনি এমন বল করাতে আমার ওপর চাপ কমে যায় অনেক।” হ্যাঁ,তার চ্যালেঞ্জ থাকে। এবং তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দও করেন। সেই চ্যালেঞ্জবোধ রফিকের সঙ্গে লড়াইউদ্ভুত নয়, দলের স্বার্থের দিক থেকে,“আমি আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমাকে পাওয়ার প্লের সময় আনা হলেও আমি ভাবি, দল আমার ওপর যখন এতটা ভরসা করছে তখন তার প্রতিদান দিতে হবে।”
দিন কয়েক আগে রফিক এক ঘরোয়া আড্ডায় ক্রিকেটের চিরন্তন কিছু নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।“আচ্ছা বলুন তো উইকেটে ঘাস থাকলেই কেন পেসার খেলাতে হয় বেশি? ঘাস কি ফাস্ট বোলারদের উইকেট পাইয়ে দেয়?” কথার পেছনে অনেক যুক্তি, ক্রিকেটীয় অনেক ব্যখ্যা আছে, কিন্তু রফিক যে জায়গা থেকে কথাটা বলছেন তাকে তো অস্বীকার করা যায় না। তিনি স্পিনার এবং এমন স্পিনার যার সাফল্যের জন্য উইকেটের কোনো সাহায্য লাগে না। আসলে বাংলাদেশের কোনো স্পিনারেরই লাগে না। বল ঘোরা না ঘোরা যেহেতু তাদের কাছে বিষয় নয়, কাজেই উইকেটের ঘাস মরা না জীবিত, সবুজ না হলুদ সেটা তাদের জ্ঞাতব্য বা ধর্তব্য বিষয় নয়। ওদের বিষয় হাতে বল, সেই বল ওদের মতো করে ঠিক ঠিক জায়গায় ফেলবেন এবং তাতে ব্যাটসম্যান শচীন -- সাঙ্গাকারা হোন আর অচীন -- আনকোরা হোন, কিচ্ছু যায় আসে না। এবং সেই তারা আরেকবার প্রতিশ্র“তি দিচ্ছেন প্রত্যাশাকে প্রাপ্তিতে রুপ দেয়ার।
যারা স্পিন ছাড়াই স্পিনার, ব্যাকরণ না মেনেই সফলতম বিজ্ঞানী, তাদের কথায় বিশ্বাস রাখতেই পারেন। অন্যদের অনেক অনুষঙ্গ লাগে। ওদের কিচ্ছু লাগে না।
হাতে বল। সামনে ব্যাটসম্যান। একটা ক্রিকেট খেলার উইকেট। ব্যস। হয়ে গেলো!
