ভারতীয় মিডিয়াকেই দায়ী করলেন দ্রাবিড়
বারমুডাকে রানের পাহাড়ে চাপা দেওয়ায় আবার ‘জাতীয়বীর’ দের নিয়ে মেতে উঠেছে ভারতীয় মিডিয়া। অথচ বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় দু দিন আগে এই রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনিরাই তাদের বিবেচনায় যেন জাতীয় শত্র“ হয়ে গিয়েছিলেন। আগে ফুলিয়ে -- ফাঁপিয়ে ব্যাপক প্রচার আর পরে ব্যর্থ হলেই ক্রিকেটারদের ধুলোয় মিশিয়ে দেওয়া --- মিডিয়ার এই প্রবণতার বিরুদ্ধে এবার সরাসরি কথা বলেছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। বাংলাদেশ ম্যাচের পর ভারত জুড়ে উগ্র ক্রিকেটানুরাগীরা যে জ্বালাও - পোড়াও চালিয়েছেন তার জন্য মিডিয়াকেই দায়ী করেছেন তিনি,“ কী সম্প্রচার করা হবে বা কোন লাইনটা লেখা হবে এসব ঠিক করার লোকজন আছেন সেখানে। এটা ভালো কি মন্দ তা বলার লোক আমি নই। এসবের সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। তবে এটা ঠিক, মিডিয়ায় প্রচারের একটা প্রতিযোগীতা চলে।” দ্রাবিড় মনে করেন, বারমুডার বিপক্ষের ম্যাচের আগ পর্যন্ত ভারতে কয়েকজন ক্রিকেটারের বাড়ীতে যে হামলা হয়েছে, কুশপুত্তলিকা পোড়ানোর যে হিড়িক পড়েছিল তার জন্য মিডিয়ার বাড়াবাড়িই দায়ী। অতিরিক্ত প্রচারের মাধ্যমে ভারতীয় দল সম্পর্কে বেশি আশা জাগিয়ে তোলায় ম্যাচ হারলেই সবাই হতাশায় ভেঙ্গে পড়েন, কেউবা ক্ষিপ্ত হয়ে নেমে পড়েন ভাংচুর অভিযানে।
বাংলাদেশের সঙ্গে হারার পর রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাসায় ইট -- পাটকেল নিক্ষেপ করা হয়েছে। উগ্র সমর্থকরা হামলা চালাতে পারে, এই ভয়ে আগেভাগেই পুলিশি পাহারা বসানো হয়েছে বীরেন্দর শেবাগের বাসায়। ওদিকে ভারতের কয়েকটি শহরে পোড়ানো হয়েছে রাহুল দ্রাবিড়ের কুশপুত্তলিকা। এ নিয়ে অবশ্য দ্রাবিড় একটুও চিন্তিত নন, অনেক পুরোনো নাম ‘মি.কুল’ --- এর সার্থকতা বোঝাতে এখনো শান্ত থাকার পক্ষে তিনি, সতীর্থদেরও দিয়েছেন উগ্্র সমর্থকদের আচরণে মন খারাপ না করার পরামর্শ, “ (ভারতে তো) বলতে গেলে প্রতিদিনই কারো না কারো কুশপুত্তলিকা পোড়ে। আমাদের এসবের সঙ্গে মানিয়ে নেয়াই উচিত। হ্যাঁ, দুশ্চিন্তা হয় বাড়ীতে রেখে আসা পরিবারের অন্য সদস্যদের নিয়ে।”
ক্রিকেটানুরাগীদের এতটা ক্ষেপিয়ে তোলার জন্য মিডিয়াকে শুধু দ্রাবিড়ই দায়ী করেননি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শারদ পাওয়ার অভিযোগটা করেছেন আরো পরিস্কার ভাষায়,“বিশেষ করে ইলেক্ট্রনিক মিডিয়ায় ক্রিকেটের প্রচার হয় একেবারে লাগামছাড়াভাবে। আশা বাড়াতে বাড়াতে তারা অনেক দূর নিয়ে যায়। দল জিতলে প্রশংসা করতে করতে আকাশে তুলে ফেলে। মাঝে মাঝে এর ফল খারাপ হয়। তখন আবার তারা পরাজয়ের জন্য দায়ী ব্যাক্তিকে চিহ্নিত করতে নেমে পড়ে। এটা কোনো ভালো কথা নয়।”
সেই হিসেবে মিডিয়ার এখন আবার ভারতের ক্রিকেটারদের বন্দনায় নেমে পড়ার কথা। সোমবার ভারত তো শুধু জেতেনি, রেকর্ডের বন্যায় ভাসিয়ে দিয়েছে বারমুডাকে। অবশ্য বন্দনা খুব দীর্ঘস্থায়ী না -- ও হতে পারে। শুক্রবার শ্রীলংকার সঙ্গে জিতলে সুপার এইটের পথে ফিরবে ভারত। তবে হারলেই সব আশা শেষ। তখন মিডিয়া কী করতে পারে; ভারতের অতি আবেগপ্রবণ, অনেকের মতে উগ্র সমর্থকদের প্রতিক্রিয়াই বা কী হতে পারে সে কথা ভাবলে টেন্ডুলকারদের বোধহয় খেলাই ভুলে যাওয়ার কথা!
