২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের ধারণা এটা স্বাভাবিক মৃত্যু

তার মৃত্যু নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় চলছে এখন। জ্যামাইকার পুলিশও এই মৃত্যু নিয়ে তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বব উলমারের স্ত্রী জিল তার স্বামীর আকস্মিক মৃত্যুর পেছনে কোন রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন না। তার দৃঢ় বিশ্বাস, এই ঘটনার সঙ্গে কোন রহস্য বা ষড়যন্ত্র জড়িত নয়। পাকিস্তানের ’৯২ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খানও মনে করেন, এটা কোন হত্যাকান্ড নয়। বরং স্বাভাবিক মৃত্যুই হয়েছে পাকিস্তান কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

“তার মৃত্যুর পেছনে কোন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না আমি। বরং এটাকে রহস্যজনক মৃত্যু হিসাবে দেখা হচ্ছে বলে আমি খুবই চিন্তিত”---- স্বামীর চিরবিদায় সম্পর্কে বলতে গিয়ে দুশ্চিন্তায় আক্রান্ত জিল উলমারের মন্তব্য। ম্যাচ পাতানো ষড়যন্ত্রের সঙ্গে উলমারের নাম জড়িয়ে যাবার গুঞ্জনেও তিনি ব্যথিত, “ম্যাচ পাতানো বিতর্ক নিয়ে তার (উলমারের) কিছুই করার ছিল না। এবং তার মতো ব্যক্তির পক্ষে তা সম্ভবও নয়। যত দূর জানি, আমরা এ নিয়ে কখনো কোন হুমকিও পাইনি।”

কোচ হিসাবে উলমারের শেষ ম্যাচ অর্থাৎ আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পর স্বামীর সঙ্গে কোন কথাও হয়নি জিলের, “সেই ম্যাচের পর তার সঙ্গে কোন কথা হয়নি আমার। তবে সেদিন (মৃত্যুর দিন) সকালে সে আমাকে ই---মেইল করেছিল। সে জানিয়েছিল যে সে ভীষণ হতাশ। ঘটনাটা কিভাবে ঘটলো তা---ও সে বিশ্বাস করতে পারছিল না। এছাড়া কিছু ব্যক্তিগত কথা নিয়েও আলোচনা করেছিলাম আমরা।”

উলমারের স্ত্রীর মতোই ইমরানের ধারণা, এই মৃত্যুর পেছনে কোন রহস্য নেই। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের মতে ,“আমি এখনো বিশ্বাস করি তার মৃত্যুর কারণটা স্বাভাবিক। বব উলমারকে হত্যার কি কারণ থাকতে পারে? আমার হাতে বিশ্বাসযোগ্য প্রমাণ না থাকা পর্যন্ত আমি এক মিনিটের জন্যও বিশ্বাস করবো না যে বব উলমারকে হত্যার কোন কারণ থাকতে পারে।”