“উলমারের বিদায় পাকিস্তান ক্রিকেট দলের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত”
পাকিস্তান দলের কোচ হওয়ার স্বপ্ন তার বহু দিনের। স্বপ্ন পূরণের পথে বড় এক পদক্ষেপও রাখতে পেরেছেন বিশ্বকাপে দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে তিনিই দলের কোচ। কিন্তু এভাবে যে তার স্বপ্ন বাস্তবায়িত হবে, তা স্বপ্নেও ভাবেননি মুশতাক আহমেদ। চানওনি। বব উলমারের মৃত্যুর জন্যই তো এখন পাকিস্তান দলের দায়িত্ব তার কাঁধে। ‘ল্যাপটপ’ কোচের চিরবিদায়ে আর সবার মতো মুশতাকও শোকে মুহ্যমান। মঙ্গলবার পাকিস্তান----জিম্বাবুয়ে ম্যাচ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই শোক বার বার অনুরণিত হয়েছে তার কণ্ঠে। মুশতাকের ধারণা, পাকিস্তানের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ধাক্কা।
“বব উলমারের বিদায় পাকিস্তান ক্রিকেট দলের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত। তিনি আমাদের সবার কাছে পিতৃতুল্য ছিলেন”----- দুঃখ ভারাক্রান্ত মনে কথাগুলো বলার সময় মুশতাকের কণ্ঠ যেন রূদ্ধ হয়ে আসছিল,“তার বিদায়ে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো, কারণ, ববকে পরিবারের একজন সদস্যই মনে করতাম আমরা। আর পরিবারের এক জন সদস্যকে হারালেই আপনি বুঝতে পারবেন অনুভূতিটা কতটা হৃদয়বিদারক। আমাদের জন্য এটা কঠিন এক সময়।”
পরিবারের সেই প্রিয় সদস্যের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন মুশতাক। উলমারের স্মৃতিচারণ করার সময় সেজন্য বার বার আবেগাক্রান্ত হয়ে পড়ছিলেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার,“ ববের কাছ থেকে আমি কত কিছু যে শিখেছি! সে সব কথা বলে এই সংবাদ সম্মেলনের পুরোটাই কাটিয়ে দিতে পারবো। তার পরও তাকে নিয়ে কথা শেষ হবে না। তার কিছু কিছু ব্যাপার সত্যিই প্রশংসার দাবীদার। তিনি এতই ভাল মানুষ ছিলেন যে যে কোনো অন্যায় ক্ষমা করে দিতে পারতেন। তার জ্ঞানের ভান্ডারও ছিল বিশাল।”
উলমার যে পাকিস্তানের কতটা অনুপ্রেরণাদায়ী ছিলেন, সেটাও জানাতে ভোলেননি মুশতাক, “বব আমাদের জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক এক ব্যক্তি ছিলেন। ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি সব সময় নতুন কিছু প্রয়োগ করতেন। ইনজামাম---উল হককে সঙ্গে নিয়ে তিনি পাকিস্তানকে অনেক কিছু দিয়েছেন। তার চিরবিদায় আমাদের এবং বাকি পৃথিবীর জন্যও বিরাট এক ক্ষতি।”
