২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করেই হারল কানাডা

সাধারণ্যে নিউজিল্যান্ডের যতো সহজ জয়ের কথা ভাবা হয়েছিল ঠিক ততোটা সহজ হয়নি। কিউইদের ৩৬৩ রানের জবাবে কানাডা ৪৯.২ ওভার পর্যন্ত লড়াই করে ২৪৯ রান করেছে, সুবাদে ১১৪ রানে জিতেছে নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 03:52 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বাংলাদেশ আর আয়ারল্যান্ডের অভাবনীয় দুটো সাফল্যের কথা ভেবেই কিনা কে জানে ছোট দলগুলো প্রায় প্রতি ম্যাচে রানের বন্যায় ভেসে যাওয়ার পরও টস জিতে ফিল্ডিংই নিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডাও নিয়েছে একই সিদ্ধান্ত।  এবং যথারীতি তাদের রান---বন্যায় ভাসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। স্টিফেন ফ্লেমিংয়ের হাফসেঞ্চুরি আর লু ভিনসেন্টের সেঞ্চুরি দিয়ে শুরু, শেষটা করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই বিশ্বকাপেই আরেক উইকেটকিপার মার্ক বাউচারের গড়া দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি নতুন করে লিখিয়েছেন তিনি। মাত্র ২১ বলে তার ৫২ রানের অপরাজিত ইনিংসটার কল্যাণে শেষ ১০ ওভারে ঠিক ১০০ রান তুলেছে নিউজিল্যান্ড। ৫০ ওভারে তাদের সংগ্রহ শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৬৩ রান।

প্রতিপক্ষ যেন কানাডার বোলার নয়, কিউই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছিলেন।

ফ্লেমিং (৬৬) আর ভিনসেন্টের (১০১) উদ্বোধনী জুটিতেই উঠেছে ১৪২ রান, মাত্র ২১ দশমিক ৩ ওভারে। পঞ্চাশ পেরোনোর পর ফিরে যাওয়ার স্বভাব ধরে রেখে ফ্লেমিংয়ের (৬৬) বিদায়ে (ফ্লিক করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে) এ জুটি ভাঙ্গলেও কানাডার বোলারদের মুখের হাসিটা মোটেই দীর্ঘস্থায়ি হয়নি, এ ম্যাচেই দলে ফেরা পিটার ফুলটন  যেন আরো বিধ্বংসী মেজাজই দেখাচ্ছিলেন। হাফসেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে এলবিডব্লুর শিকার হয়ে বিদায় নিয়েছেন তিনি। বোলার সেই স্যান্ডহার।

আগের দুটি ম্যাচেই হাফসেঞ্চুরি করা স্কট স্টাইরিস (১৭ বলে ২৮) এবং ক্রেগ ম্যাকমিলান (৬ বলে ১০) অবশ্য এদিন তেমন কিছু করতে পারেননি, কিন্তু রানের গতিটা বাড়িয়ে দিয়ে গেছেন।

এই ফাঁকে ভিনসেন্ট সেঞ্চুরিটি পূর্ণ করে ম্যাচ সেরার আসনে বসে গেছেন। সে কারণে একটু ধীরে চলো নীতিতেই এগোচ্ছিলেন তিনি, কানাডা অধিনায়ক জন ডেভিসনকে রিটার্ন ক্যাচ দেওয়ার আগে ১০১ রান করতে খেলে ফেলেছেন ১১৭ বল!

তখন মনে হচ্ছিল বুঝি কিউইদের রানবন্যায় সাময়িক একটা বাঁধ দেওয়া গেছে, কিন্তু ম্যাককালামের ঝড়ে সেই বাঁধ ভেসে গেছে খড়কুটোর মতোই। যে বলে নিজের পঞ্চম ছক্কাটি মেরে পঞ্চাশে পা দিলেন তিনি, সেটা ছিল তার ইনিংসের ২০তম। নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ডের ম্যাচে বাউচার পঞ্চাশ করতে নিয়েছিলেন এক বল বেশি।

বল হাতে কানাডার পারফরম্যান্স যতোটা প্রত্যাশিত ব্যাটিংয়ে ঠিক ততোটাই অপ্রত্যাশিত এবং বিস্ময়কর। কিউই বোলারদের নিখুঁত লাইন----লেংথের সুনাম থাকলেও তাদের পিটিয়ে ৪.৪ ওভারে কানাডার সংগ্রহ ৫১ ! এই দুঃসাহসী কানাডিয়ানের নাম ডেভিসন। এই ওপেনারের মারমুখী ব্যাটিংয়ে রীতিমতো অসহায় অবস্থা হয়েছিল কিউই বোলারদের। ৩১ বলে নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫২ রান করে তিনি মাইকেল ম্যাসনকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলে একটু স্বস্তি ফিরে নিউজিল্যান্ড শিবিরে। দশম ওভারে তিনি ফিরে গেলেও তখন ৭৬ রানের শক্ত ভিত্তি দিয়ে গেছেন কানাডাকে। তারপর রান তোলার গড় নীচের দিকে নামতে থাকলেও তার ওপর দাঁড়িয়ে বার্নেট (৪০), বাগাই (৩৭) ও বিলক্লিফ (৫০) চমৎকার ব্যাটিং করে ৪৯.২ ওভারে ২৪৯ রান করে  সম্মানজনক সমাপ্তির দিকে নিয়ে যেতে পেরেছেন। উদ্বোধনী জুটির পর বাগাই ও বিলক্লিফের  তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রানই ছিল উল্লেখযোগ্য অবদান। তাদের আউটের সঙ্গে সঙ্গেই কানাডার বিস্ময়েরও ইতি।

তখন দৃশ্যপটে চলে আসেন জিতেন প্যাটেল, শেষের তিনটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের আনুষ্ঠানিকতা সারার কাজটুকু করেছেন। তার আগে ব্যাটসম্যানদের ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। ৩ উইকেট করে নেওয়া দুই স্পিনারই এই ম্যাচে বন্ডহীন নিউজিল্যান্ডের বড় মারনাস্ত্র। 

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৬৩/৫ (ফ্লেমিং ৬৬, ভিনসেন্ট ১০১, ফুলটন ৪৭, স্টাইরিস ২৮, ম্যাকমিলান ১০, ওরাম অপ. ৩৫, ম্যাককালাম অপ. ৫২, ভেট্টোরি, টাফি, ম্যাসন ও প্যাটেল ব্যাট করেননি; কামিন্স ০/৫৯, ভাট্টি ০/২৫, সামাদ ১/৩১, ওসিন্ডে ০/৪৫, স্যান্ডহার ২/৫৮, ডেভিসন ২/৬৭, ধনিরাম ০/৭২)

কানাডা ৪৯.২ ওভারে ২৪৯ (ডেভিসন ৫২, বার্নেট ৪০, বাগাই ৩৭, বিলক্লিফ ৫০, সামাদ ৯, মোল্লা ০, ধনিরাম ১৭, ভাট্টি ১০, কামিন্স অপঃ ২, ওসিন্ডে ২, স্যান্ডহার ৯, টাফি ০/৪০, ম্যাসন ১/৬০, ওরাম ০/১৬, প্যাটেল ৩/২৫, ভেট্টোরি ৩/৫৭, স্টাইরিস ১/২১, ম্যাকমিলান ০/২১)।