২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দের ভালো অন্ধকারের আলো

সন্দীপ নাকাইর রসিকতাটা সত্য হলে দারুণ হয়। সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের এই সাংবাদিক শ্রীলঙ্কার ইনিংসের মাঝখান থেকে যাকে পাচ্ছেন তাকেই বলছেন, “আমার কী মনে হয় জানো? দুই দলের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে। বাংলাদেশ বলেছে আমরা তোমাদের ব্যাটসম্যানদের ফর্মে ফেরার সুযোগ করে দেব, কিন্তু শর্ত হলো তোমাদের ভারতকে হারাতে হবে।” কাল বাংলাদেশের যাই হোক আর নাই হোক এতকিছুর পরও শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের আর কিছু লাগে না। এবং কাল বাংলাদেশের এমন নাস্তানাবুদের পরও একটা মন্দের আগে ভালো দিকটাই খুঁজে দেখতে চাইছি। মাঠে যে সিংহমুর্তির, যে আগুনঝরা শ্রীলঙ্কা দলকে দেখা গেলো ২৩ মার্চ ভারতের সঙ্গে ম্যাচে ওরা এমন খেললেই হয়! ভারতের বিদায় ঘণ্টা। আর বারমুডাকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 01:55 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মন্দের ভালো, অন্ধকারের আলোর কথা শুনলেন। এবার অনিচ্ছাসত্ত্বেও যেতে হচ্ছে অন্য পিঠে। যে পিঠটা জানাচ্ছে, বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যে দু --- দুটো ক্রিকেট দানবকে সামলানোর শক্তি এখনও সঞ্চয় করতে পারেনি। আরও জানাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি ফ্যাক্টরটা আমরা যতো বড় মনে করি তার চেয়েও বড়। আরও জানাচ্ছে, আগের দিন ভাগ্য মোটামুটি ঢেলে দেয়ার পর এদিন মুখ ঘুরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। নইলে শুরুতে মাশরাফির বলে জয়াসুরিয়া --- থারাঙ্গারা যে বারবার বল মিস করলেন তার এক-আধটি তো কানা ছুঁয়ে আসতেই পারত। রান আউটের সুযোগগুলো বাংলাদেশের সাম্প্রতিক ফিল্ডিং মান অনুযায়ী অবশ্যই কাজে লাগার কথা। কিংবা আশরাফুল বাউন্ডারিতে দাঁড়িয়ে যে দু --- দুটো অবিশ্বাস্য ক্যাচের চেষ্টা করলেন সেগুলো তো হাতে জমতেই পারত। প্রশ্ন হচ্ছে এত লোক থাকতে এত অল্প উচ্চতার একজনকে বাউন্ডারিতে দাঁড় করানো হলো! আর দাঁড় করালেও সরালো হলো না কেন যখন প্রায় প্রাণ দিয়েও একটা ছক্কামুখী ক্যাচ তিনি ধরতে পারেননি। আসলে সব যেন একটু গুলিয়ে গিয়েছিল। অন্য গ্রহের মানুষ হঠাৎ মর্তে নেমে আসলে যেমন প্রতি পদক্ষেপে ধাক্কা খাবে তেমনি হাল বাংলাদেশের। স্বপ্নের জগত থেকে কাল যেন হুট করে বাস্তবের জমিনে এবং সেই জমিন খুব শক্ত। খটখটে। শুরুতে মাশরাফি ব্রেক থ্রু না দিতে পারায় স্পিনাররা যখন আক্রমণে এসেছেন ততোক্ষনে শ্রীলঙ্কার ওপেনিং জুটি সেট। বল ঠিকমতো দেখছেন, পা যাচ্ছে, বাউন্স বা টার্ন সম্পর্কে সুষ্পষ্ট ধারণা তখন, স্পিনাররা আর কী করতে পারেন! কাজেই মার চলতেই থাকল। মাঝে মাঝে উইকেট এক --- আধটা পড়লো বটে, কিন্তু রানস্রোতে বাধ দেয়ার মতো কিছু ওসব নয়। তার ওপর উইকেটরক্ষক মুশফিকুর রহিমের সূত্রে অবিশ্বাস্য জীবন পেলেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, পরে অধিনায়ক হাবিবুল বাশারের সৌজন্যে আরেকটি। মানে এটা আসলে বাংলাদেশের হওয়ার দিন ছিল না। ছিল না হওয়ার দিন।

না হওয়ার দিনে তামিমের কাছ থেকে ডাউন দ্য উইকেট ছক্কা আশা করা যায় না। না হওয়ার দিন বলেই আফতাব ধুমকেতুর মতো একটুখানি ঝলক দেখাতে পারলেন শুধু, ধ্র“বতারা হতে পারলেন না। মুশফিকুর রহিমের রবার্ট ব্র“সসুলভ ধৈর্য্যও এত অল্পতেই হারিয়ে গেলো! পরশু দিনের স্থানীয় কাগজে দেখলাম বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা করে কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে খেলাটা টুর্নামেন্টে না হয়ে প্রস্তুতি ম্যাচে হওয়াতে তিনি বেজায় খুশি। বাংলাদেশ এমনই যোগ্য প্রতিপক্ষের সম্মান পাচ্ছে এখন। এই ম্যাচেই প্রেস বক্সের লাগোয়া অংশে বসেছিলেন শ্রীলঙ্কার এক দঙ্গল দর্শক। ওরা শ্রীলঙ্কার পক্ষে চেঁচাবেন স্বাভাবিক, কিন্তু দেখা গেলো তার চেয়ে বেশি মনযোগ বাংলাদেশকে বিদ্রুপ করার দিকে। হাবিবুলের হাত গলিয়ে একটা বল যাওয়ার পর ওদের সে কী হাততালি। দুর্বোধ্য শ্রীলঙ্কান ভাষায় কী সব বললেন বোঝা গেলো না, কিন্তু হাসিতে জানা গেলো বাংলাদেশ অধিনায়কের এই ব্যর্থতা ওদের জন্য অনেক আনন্দের। কেন? বিপক্ষকে নিয়ে মানুষ বিদ্রুপ করে তখনই যখন তাদের যোগ্য প্রতিদ্বন্দী মনে করে।

পরপর দুই ম্যাচে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো রুপকথারও বেশি হয়ে যায়। এটাই বরং স্বাভাবিক। তার চেয়েও বেশি স্বাভাবিক হলো এই হারে দেশে তুমুল সমালোচনা শুরু হয়ে যাওয়া। বলেছিলাম না! ওটা ছিল ফ্লুক! আরও কয়েকদিনের জন্য ধৈর্য্য ধারন করুনই না! এখনও তো সব শেষ হয়ে যায়নি। আশা আছে। স্বপ্ন আছে।

তাই মন্দের চেয়ে ভালোটাই আগে দেখি। অন্ধকারের চেয়ে বেশি দেখি আলো!