ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে জাভেদ ওমর এবং নাজমুল হোসেনকে। তার সঙ্গে ফিরে আসছেন তুষার এবং মেহরাব জুনিয়র। সোমবার ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওয়ানডে স্কোয়াডের এই চারজনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট সিরিজে যোগ দেয়ার জন্য হাবিবুল, শাহরিয়ার নাফীস ও এনামুল জুনিয়র ইতিমধ্যে পৌঁছে গেছেন নিউজিল্যান্ডে। ওয়ানডেতেও প্রয়োজন দেখা দেয়ায় আগেই পৌঁছেছেন রাজিন সালেহ।
জাভেদ ওমরকে ধরা হয় টেস্ট খেলোয়াড়। অথচ তাকেই কিনা ফিরতে হচ্ছে টেস্টের আগে। তা-ও ওয়ানডেতে কোনো ম্যাচই খেলেননি তিনি। ওয়ানডের দুই ওপেনার তামিম ও জুনায়েদকে কোচ সিডন্সের খুব পছন্দ হয়ে যাওয়ায় এবং শাহরিয়ার নাফীসকে নির্বাচকরা টেস্টের জন্য দলে পাঠানোয় জাভেদকে পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তুষারকে নেয়াই হয়েছিল মূলত ওয়ানডের জন্য। প্রথম ম্যাচে ব্যর্থতার কোপে টেস্ট সিরিজ থেকেও কাটা পড়লেন মেহরাব জুনিয়র। আর কোনো ম্যাচেই না খেলা নাজমুলকে টেস্টেও খেলানোর সম্ভাবনা নেই বলেই সম্ভবত তাকেও ফেরত পাঠানোর সিদ্ধান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১১৫ঘ.
bdnews24