২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন বেল, স্টাইরিস বাদ

হারিয়ে যেতে বসা টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হলো ম্যাথু বেলের। সেই ২০০১ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ওপেনারকে বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজে দলে রেখেছে নিউজিল্যান্ড। তবে সোমবার ঘোষিত দলে সুযোগ পাননি নিউজিল্যান্ডের অনেক দিনের নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্কট স্টাইরিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

অকল্যান্ড, নিউজিল্যান্ড, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিয়ে যেতে বসা টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হলো ম্যাথু বেলের। সেই ২০০১ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ওপেনারকে বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজে দলে রেখেছে নিউজিল্যান্ড। তবে সোমবার ঘোষিত দলে সুযোগ পাননি নিউজিল্যান্ডের অনেক দিনের নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্কট স্টাইরিস। এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন বেল। ১০৩ দশমিক ১৪ গড়ে ৭২২ রান করার পুরস্কার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন তিনি। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে বাজে পারফরম্যান্সের (গড় ১৪ দশমিক ৭৫) মাশুল দিয়ে বাদ পড়তে হলো স্টাইরিসকে। সেই সফরে যাওয়া মাইকেল প্যাপসও সুযোগ পাননি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্যাপসের ওপেনিং সঙ্গী ক্রেইগ কামিংকে রাখা হয়েছে ১২ সদস্যের দলে। ডেল স্টেইনকে হুক করতে গিয়ে বল লেগে মুখের হাড়ে চিড় ধরলেও বাংলাদেশের সঙ্গে সিরিজে ঠিকই জায়গা করে নিয়েছেন কামিং। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে চ্যাপেল-হ্যাডলি সিরিজ ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা জেমি হাউ সুযোগ পাননি টেস্ট দলে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে কামিংয়ের বদলি হিসাবে খেলা ম্যাথু সিনক্লেয়ার অবশ্য তাড়াতাড়ি ডাক পেয়েছেন কিউই দলে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সুখবর, ইনজুরির জন্য টেস্ট সিরিজেও খেলতে পারছেন না শেন বন্ড। ৪ জানুয়ারি ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসাবে অভিষেক ঘটবে ইউনিভার্সিটি ওভালের। ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ওয়েলিংটনের বেসিন রিজার্ভ। নিউজিল্যান্ডের টেস্ট দল : ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), ম্যাথু বেল, ক্রেইগ কামিং, ম্যাথু সিনক্লেয়ার, স্টিভেন ফ্লেমিং, পিটার ফুলটন, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস মার্টিন, মাইকেল ম্যাসন, কাইল মিলস, ইয়াইন ও'ব্রায়েন ও জ্যাকব ওরাম। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.