যশোর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রথম ম্যাচে তবু কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল মালয়েশিয়া অনুর্ধ্ব ১৯ দল। কিন্তু গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেটুকুও পারেনি তারা। বিসিবি ডেভলপমেন্ট একাদশের কাছে ১৪৩ রানের বড় ব্যবধানে হেরেছে আহমেদ ফাইয়াজের দলটি।
যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ-ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভলপমেন্ট একাদশ সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। ওপেনার সৈকত আলী করেন ১১১ রান, ১২৪ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। এছাড়া অমিত মজুমদার ৬১, আশিকুল ৩১ এবং আশরাফুল ২১ রান করেন। মালয়েশিয়ার পক্ষে নিক আজরিল ৫৩ রানে ৪টি ও কাশমান ৪৬ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মোমিনুল হকের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। মোমিনুল ১৪ রানে নেন ৫ উইকেট। মালয়েশিয়ার আবু হোসেন সর্বোচ্চ ৩৫ রান করেন।
সেঞ্চুরিয়ান সৈকত আলী হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২০৩৫
bdnews24