২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন খুলনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজশাহী

পেছন থেকে দৌড়ে এসে রাজশাহী এখন খুলনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। রোববার জাতীয় লিগের নবম রাউন্ডে নিজের মাঠে রাজশাহী ২৯ রানে হারিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা খুলনাকে। সুবাদে এই ম্যাচ থেকে ১১ পয়েন্ট যোগ করে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রাজশাহী, তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি খুলনার (এই ম্যাচের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট)। আর তাতে শিরোপা নির্ধারনী দশম রাউন্ডটি ঘিরে এখন দারুণ উত্তেজনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 05:14 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পেছন থেকে দৌড়ে এসে রাজশাহী এখন খুলনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। রোববার জাতীয় লিগের নবম রাউন্ডে নিজের মাঠে রাজশাহী ২৯ রানে হারিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা খুলনাকে। সুবাদে এই ম্যাচ থেকে ১১ পয়েন্ট যোগ করে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রাজশাহী, তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি খুলনার (এই ম্যাচের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট)। আর তাতে শিরোপা নির্ধারনী দশম রাউন্ডটি ঘিরে এখন দারুণ উত্তেজনা। ওদিকে চট্টগ্রামকে চতুর্থ স্থানে পাঠিয়ে দিয়ে ঢাকা ৮৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওঠে এসেছে। কারণ নিজেদের মাঠে নবম রাউন্ডের ম্যাচে ঢাকার সঙ্গে ড্র করে মাত্র ৬ পয়েন্ট যোগ করতে পেরেছে চট্টগ্রাম, তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আর বগুড়ায় সিলেট ইনিংস পরাজয় এড়াতে পারেনি, বরিশাল জিতেছে এক ইনিংস ৩৪ রানে। তাতে করে বিজয়ীরা ৭৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। আর সর্বনিম্নে থাকা সিলেটের সংগ্রহ ৫৪ পয়েন্ট। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রোববার খুলনাকে প্রথম পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে স্বাগতিকরা। জামাল বাবু (৮৬) ও মোস্তাফিজুর রহমানের (৫৬) দুটো দারুন ইনিংসের পরও তারা ৩২২ রানের জয়ের টার্গেট ছুঁতে পারেনি খুলনা। কারণ তাদের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়ে দারুন ঔজ্জল্য ছড়িয়েছেন সাকলাইন সজীব। ১০১ রানে ৬ উইকেট নেওয়া এই স্পিনারের ঘুর্ণীজাদুতে ২৯২ রানে শেষ হয়ে গেছে খুলনার দ্বিতীয় ইনিংস। শেষ দিনের খেলা শুরু করে খুলনা ২ উইকেটে ৫৬ রান থেকে। তার সঙ্গে ৫ রান যোগ করার পর ওপেনার ইমরুন কায়েসকে ফিরিয়ে দেন সাকলাইন। সেখান থেকে মোস্তাফিজুর রহমান ও জামাল বাবু চতুর্থ উইকেট জুটিতে ৮৬ রান যোগ করে খুলনার স্কোর ১৪৬-এ নিয়ে যান। তারপর পেসার সাইফুল ইসলাম মোস্তাফিজকে (৫৭) কট বিহাইন্ড করলে আবার ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন সাকলাইন সজীব। ২৩৪ রানের মাথায় তিনি একদিক আটকে রাখা জামাল বাবুকে (৮৬) বোল্ড করে ফিরিয়ে দিলে জয়ের স্বপ্ন অনেক সহজ হয়ে যায় রাজশাহীর। অপরাজিত ব্যাটসম্যান ফরিদ উদ্দিনও (৪১) রাজশাহীর জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি সঙ্গীর অভাবে। ফলে শেষ বিকেলের জমজমাট লড়াইয়ে রাজশাহীর ২৯ রানের জয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে শেষ দিনে সিলেটের লড়াইটা ছিল ইনিংস পরাজয় এড়ানোর, তার জন্য দরকার ১৯৬ রান। কিন্তু আগের দিনের ২ উইকেট ৪ রান নিয়ে শুরু করে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে। ইমতিয়াজ হোসেন ও গোলাম মাবুদ ৫৭ রান করেও শেষপর্যন্ত ১৬৬ রানের চেয়ে এগাতে পারেনি সিলেটের ইনিংস। বরিশালের দুই মিডিয়াম পেসার আরাফাত সালাউদ্দিন ৪৪ রানে ৫ উইকেট ও মনির হোসেন ৫১ রানে ৩ উইকেট নিয়ে বড় জয় নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার শেষদিনে স্বাগিতকদের ব্যাটিং প্র্যাকটিসেই ম্যাচের পরিণতি ড্রয়ের দিকে এগিয়ে গেছে। তবে তাদের জন্য আনন্দের ব্যাপার হচ্ছে অধিনায়ক এহসানুল হকের সেঞ্চুরি। আগেরদিন ফিফটিকে তিনি ১১৭ রানে নিয়ে গেছেন। তার আগের দিনের সঙ্গী সেঞ্চুরিয়ান মাসুমদ্দৌলার ইনিংস থেমে যায় ১১৮ রানে। উইকেট রক্ষক ধীমান ঘোষ অবশ্য মারমুখী হয়ে ৬০ বলে ৬৩ রান করলে চট্টগ্রামের ইনিংস গিয়ে পৌঁছায় ৩৩৬ রানে। আর তাতে ঢাকার সামনে টার্গেট দাঁড়ায় ২১৯ রানের। কিন্তু ততক্ষণে ম্যাচ চলে গেছে শেষ বিকেলে, এক সেশনেরও কম সময় ব্যাটিং করে ঢাকা ৪ উইকেটে করেছে ১৩০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.