ঢাকা, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একই বছরে দু'দুটো বিশ্বকাপ। এমনটা আগে হয়নি কখনোই। অথচ ২০০৭ সাল দেখেছে ক্রিকেটের দুটো বিশ্বকাপ। মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডের সর্বোচ্চ আসরের চার মাস পর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসেছে আরেকটি আসর। ধুমধাড়াক্কা ক্রিকেটকে অবাধ প্রশ্রয় দেওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। যাওয়ার আগে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যের কথা বলে যাওয়া বাংলাদেশ দল দুই আসরেই ভেসেছে লক্ষ্যপূরণের আনন্দে। বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য বিবেচ্য হলে ২০০৭ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্তই কেটেছে বলতে হবে। জানাচ্ছেন মাসুদ পারভেজ
একই বছরে দু'দুটো বিশ্বকাপ। এমনটা আগে হয়নি কখনোই। অথচ ২০০৭ সাল দেখেছে ক্রিকেটের দুটো বিশ্বকাপ। মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডের সর্বোচ্চ আসরের চার মাস পর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসেছে আরেকটি আসর। ধুমধাড়াক্কা ক্রিকেটকে অবাধ প্রশ্রয় দেওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ। যাওয়ার আগে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যের কথা বলে যাওয়া বাংলাদেশ দল দুই আসরেই ভেসেছে লক্ষ্যপূরণের আনন্দে। বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য বিবেচ্য হলে ২০০৭ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্তই কেটেছে বলতে হবে।
সার্বিক চিত্র ততোটা ভালো নয় অবশ্য। টেস্টের অভিজাত পরিবারের সদস্য হলেও এবছরও দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ছিল নাজুক। ১৩ মাসের বিরতির পর গত মে'তে ভারতের বিপক্ষে খেলা প্রথম টেস্টটি ড্র করলেও পরের চারটিতেই (একটা ভারতের সঙ্গে, অন্য তিনটার প্রতিপক্ষ শ্রীলঙ্কা) হেরেছে গো-হারা। সবকটি'তেই হার ইনিংসের ব্যবধানে। তবে বাংলাদেশ টেস্টের চেয়ে ওয়ানডেতেই নিজেদের ভালো দল বলে দাবি করে থাকে। সেই দাবির সত্যতাও প্রমাণ করতে পেরেছে টাইগাররা।
যদিও ২০০৬ সালের তুলনায় এবছর ওয়ানডেতে জয় এসেছে কম। গত বছর ২৮টি ওয়ানডে খেলে ১৮টি জয় পাওয়া বাংলাদেশ এবছর ২৩ ম্যাচের (৩১ ডিসেম্বর কুইন্সটাউনে নিউজিল্যান্ড ম্যাচটা বাদ দিয়ে) আটটিতে জিতেছে। কিন্তু আগের বছর 'বড় জয়' বলতে একটাই, যেটা এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া বাকি ১৭টি জয়ই তো দুর্বল জিম্বাবুয়ে, কেনিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে। এবছরও ছয়টি জয় (তিনটি জিম্বাবুয়ে, দুটো বারমুডা ও একটি কানাডার বিপক্ষে) এমনই। তবে দুটো জয় ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
এদের বাইরেও এবছর আরেক 'ক্রিকেট পরাশক্তি' নিউজিল্যান্ডকেও হারিয়েছে বাংলাদেশ। সেটি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল বলে আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যানে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিকই। কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের সুপার এইটে খেলার লক্ষ্যের প্রতি সর্বসাধারণের বিশ্বাসটা এসেছিল কিউইদের বিপক্ষে ওই জয় দিয়েই।
এরপর ১৭ মার্চ ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ভারতকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নযাত্রার শুরু। এবং প্রথম পর্ব থেকেই ভারতের বিদায়ের পথ সূচিত। ওই ম্যাচের আগেরদিনই সড়ক দুর্ঘটনায় মাঞ্জারুল ইসলাম রানার অকাল প্রয়াণের শোকসংবাদ পৌছায় বাংলাদেশ শিবিরে। এই শোককে শক্তিতে পরিণত করা টাইগাররা ওই ম্যাচটা খেলেছিল 'রানার জন্য'ও। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখে ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন রানারই প্রিয় বন্ধু মাশরাফি বিন মর্তুজা।
বারমুডাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর সুপার এইটেরও সবচেয়ে বড় চমকটি উপহার দিয়েছিল বাংলাদেশ। ৭ এপ্রিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেসময় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নাম্বারে থাকা দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়ে। অবশ্য সুপার এইটেই আয়ারল্যান্ডের কাছে হেরে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবটাও প্রমাণ করেছে টাইগাররা। গোটা বছরই বরাবরের মতো ধপ করে জ্বলে উঠে আবার নিভে যেতে দেখা গেছে বাংলাদেশকে।
বছর শেষে দেখা যাচ্ছে এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয়টিই এবছর ওয়ানডেতে বাংলাদেশের শেষ। তারপরে জয়ের সুযোগ এসেছে বটে। কিন্তু বারবারই সেই সুযোগ হারানোর আফসোসে মরেছে তারা। জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজের দুটো ম্যাচ নিজেদের আয়ত্তে থাকার পরও জয় হাতছাড়া করার দুঃখ এখনো পোষেন মোহাম্মদ আশরাফুল। একই রকম দুঃখে পুড়তে হয়েছে ২৬ ডিসেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে তার ৫৭ বলে ৭০ রানের ঝড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ১৫০ থেকে ২০১ রানেই অলআউট হওয়ার পর।
সেদিন না জিতলেও এবছর আশরাফুলের ব্যাটে চড়েই বড় জয় এসেছে কয়েকটা। ২০০৫ সালে কার্ডিফে তার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই বলে আসা হচ্ছে, "আশরাফুল ভালো খেললেই বাংলাদেশ বড় ম্যাচ জেতে।" গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩ বলে ৮৭ রান করে ম্যান অফ দি ম্যাচ হয়ে তার প্রমাণও দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে তার ২৭ বলে ৬১ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নিয়ে যায় বাংলাদেশকে। আর এই সাফল্য বাংলাদেশ পায় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অধীনে।
গত মে মাসে দেশের মাটিতে ভারত সিরিজের পরপরই বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশারকে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। নেতৃত্ব তার জন্য চাপ হয়ে যায় কিনা, এমন সংশয়ও উড়িয়ে দেয় দেশের চতুর্দশ অধিনায়কের ব্যাট। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে বেরিয়ে আসে অপরাজিত ১২৯ রানের ইনিংস। ক্রিকেট বিশ্ব এবছর 'আশরাফুলস শট' নামের নতুন একটি শটের আবিষ্কারও দেখেছে। যেটা আসলে স্কুপ প্যাডেল। কিন্তু তিনি এটা এতো ভালো মারেন যে ধারাভাষ্যকাররা এখন বরং আসল নামটাই ভুলে যান। অধিনায়ক হওয়া এবং তার ব্যাটে বেশি কিছু সাফল্য মিলিয়ে এবছর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চরিত্র আসলে আশরাফুলই।
আরো কিছু চরিত্রের উত্থান হয়েছে এবছর। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে হেরেছিল তামিম ইকবাল নামের অখ্যাত এক ব্যাটসম্যানের তান্ডবে। অখ্যাত যেহেতু, বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে হন্যে হয়ে খুঁজেও তার ভিডিও ফুটেজ জোগাড় করতে না পারা ভারত শেষ পর্যন্ত তার ব্যাটেই কাটা পড়েছিল। তার ৫৩ বলে ৫১ রানের ইনিংস বাংলাদেশের হাতের মুঠোয় এনে দেয় ম্যাচ।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগে কেনিয়ায় একটি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফদের ঠেঙ্গিয়ে ৫০ বলে ৮১ রান করে নিজের আগমনী বার্তা ঘোষণা করা নাজিমউদ্দিন অবশ্য আসল আসরে গিয়ে ঘুমিয়েই পড়েছিলেন। তার ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সুযোগ পাওয়া জুনায়েদ ইমরোজ সিদ্দিকীরই বরং উত্থানের সম্ভাবনা বেশি। ওই ম্যাচে ৪৯ বলে ৭১ রান করা জুনায়েদ বছরশেষে ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন।
অনেকের উত্থান যেমন হয়েছে, তেমনি পতনের ঘটনাও কম ঘটেনি। উইকেট শিকারে টেস্ট এবং ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলার মোহাম্মদ রফিক দু'ধরনের দল থেকেই জায়গা হারিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচিত হাবিবুল বাশার এর জের ধরে অধিনায়কত্বের পাশাপাশি ওয়ানডে দলেও জায়গা হারিয়েছেন।
তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেওয়া ঘটনা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে খালেদ মাসুদকে বাদ দিয়ে মুশফিকুর রহিমকে নেওয়া। ভারতের বিপক্ষে ওই ঐতিহাসিক জয়ে তার ৫৬ রান সেই বিতর্ককে ধামাচাপা দেয় অনেকটা। এক যুগেরও বেশি সময় জাতীয় দলকে সার্ভিস দেওয়া উইকেটকিপার মাসুদ টেস্ট দলেও নড়বড়ে হয়ে যান শ্রীলঙ্কা সফরে। গত বছর এক ক্যালেন্ডার ইয়ারে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করা শাহরিয়ার নাফীসের অবস্থানও নড়বড়ে হয়েছে ব্যর্থতার জন্য।
প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে বাড়তি ব্যাটসম্যান হিসেবে তার জায়গা নেন মুশফিক। এবং দ্বিতীয় ইনিংসে অধিনায়ক আশরাফুলের সঙ্গে তার ১৯১ রানের পার্টনারশিপে কিছুটা হলেও লজ্জা সংবরণ করে বাংলাদেশ। মুশফিক করেন ৮০। ওই ইনিংস বিবেচনায় বছর শেষেও টেস্ট দলে আছেন মুশফিক। জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরম করেও মাসুদ উপেক্ষিত। রফিক- মাসুদরা এখন কেবল বেলাশেষের সাইরেন শোনার অপেক্ষায়।
তবে টেস্ট ক্রিকেটে বছরটা খারাপই গেছে বাংলাদেশের। বলা যায় শুরুর সময়ের মতোই বাজে। যে টেস্টে মুশফিককে নিয়ে ১৯১ রানের পার্টনারশিপ গড়েছিলেন আশরাফুল, সেটিরই প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। যা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন।
এবছর বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনও এসেছে অনেক। সেটা দলীয় স্টাফদের মধ্যে যেমন, তেমনি ক্রিকেট প্রশাসনেও। চার বছরের মেয়াদ পুরো করে বিদায় নিয়েছেন কোচ ডেভ হোয়াটমোর। তার উত্তরসূরী হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ জেমি সিডন্স। বছরের শেষদিকে এসে যোগ দিয়েছেন নতুন ফিজিও দক্ষিণ আফ্রিকার ড্যারেন লিফসনও। পরিবর্তন এসেছে নির্বাচকমন্ডলীতেও। চার বছরের দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং আতহার আলী খানরা। এসেছেন রফিকুল আলম এবং আইসিসি জয়ী অধিনায়ক আকরাম খান ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
জুলাইতে সরকারের সংস্কারে সহযোগীতা করতে পদত্যাগ করে সাধারণ সম্পাদক মাহবুব আনামের নেতৃত্বাধীন বিসিবির কার্যনির্বাহী কমিটি। এরপর সরকার ২৯ জুলাই মেজর জেনারেল সিনা ইবনে জামালীকে সভাপতি করে একটি অস্থায়ী অ্যাডহক কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব দেয়। তারপর থেকেই অর্র্ন্তবতীকালীন ব্যবস্থাতেই চলছে বাংলাদেশের ক্রিকেট। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসার পর এই কমিটি মহিলা ক্রিকেট নিয়েও তোড়জোর শুরু করেছে। দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় লিগের গা থেকে 'পিকনিক আমেজ' ঝেড়ে ফেলতে ম্যাচ প্রতি ক্রিকেটারদের ১০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়ারও নিয়ম করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৫৩০ঘ.
bdnews24