নেপিয়ার, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ওয়ানডেরই পুনরাবৃত্তি অনেকটা। পার্থক্য বলতে অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ধ্বসটা নেমেছিল স্কোরবোর্ডে ১৫০ রান জমা হওয়ার পর । আর নেপিয়ারে দ্বিতীয় ম্যাচে সেটা নামলো আরো অনেক আগেই। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৬ রানের টার্গেট তাড়া করতে নামা বাংলাদেশ বিনা উইকেটে তুলে ফেলেছিল ৬৩ রান। আর এখান থেকে ৬৮ রানে যেতেই তিন উইকেট নেই। দুই ওপেনার তামিম ইকবাল (৪৩) ও জুনায়েদ সিদ্দিকী (১৫) ছাড়াও সাঝঘরে ফিরে গেছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও (৩)। তিনজনকেই তুলে নিয়েছেন কিউই পেসার কাইল মিলস। ২০ ওভার শেষে টাইগারদের রান ওই ৩ উইকেটেই ৭৬। উইকেটে আফতাব আহমেদের (৩) সঙ্গী তুষার ইমরান (৪)।
অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন আশরাফুল। কাভারে রস টেলর তার ক্যাচটি নেওয়ার পর মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত দিতে পারছিলেন না। তাই শরণাপন্ন হন থার্ড আম্পায়ারের। তিনি আউট দিলে টিভি রিপ্লেতে বল আগে মাটি স্পর্শ করেছে বলেই মনে হয়েছে। এর আগে জুনায়েদ প্রথম ওয়ানডের মতোই বল আকাশে তুলে দিয়ে আউট হওয়ার পরই বাংলাদেশের চটপট উইকেট হারানোর শুরু। ছয় বাউন্ডারির সঙ্গে মার্ক গিলেস্পিকে মিড উইকেট দিয়ে ছক্কা মারা তামিম ইকবালও দ্রুতই তাকে অনুসরণ করেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
জিম্বাবুয়েতে একবার শেষ ওভারে ১৮ রান দিয়ে বাংলাদেশকে হারিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে সেই একই ভূত তার মাথায় চেপেছিল কিনা কে জানে! নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারের প্রথম পাঁচ বলে দিয়ে ফেললেন ১৭ রান। তাও ভালো মাত্র ২৯ বলে ফিফটি করা জ্যাকব ওরামকে (৩১ বলে ৫৫) শেষ ডেলিভারিতে তুলে নিতে পেরেছেন। না হলে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ ইনিংসটা টপকেই যেতে পারতো কিউইরা। ১৯৯০ সালে শারজায় অস্ট্রেলেশিয়া কাপ ম্যাচে ৪ উইকেটে ৩৩৮ রান করেছিল নিউজিল্যান্ড। শুক্রবার তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৫ রান।
মূল স্ট্রাইক বোলার মাশরাফিই যেখানে ১০ ওভারে ৬৬ রান দিয়ে এমন বিবর্ণ, সেখানে অন্যদের কথা না বললেও চলছে। তবে আরেকজনের কথা আলাদা করে না বললেই নয়। অধিনায়ক তাকে পাওয়ার প্লে'তে আক্রমণে নিয়ে আসেন। আবার ব্যবহার করেন স্লগ ওভারেও। বেশিরভাগ সময়ই এই চ্যালেঞ্জটা নিতে জানা আব্দুর রাজ্জাক নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে এমন মার খেলেন যে ১০ ওভারে দিয়ে ফেললেন ৭৫ রান! যদিও এই বাঁ হাতি স্পিনারের সাফল্যও আছে দুটো। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে ওপেনার জেমি হাও এবং পিটার ফুলটনের সেঞ্চুরি পাওনা বলেই মনে হচ্ছিল। কিন্তু এই দু'জনকে রাজ্জাক সেঞ্চুরিবঞ্চিত করার আগেই তারা সর্বনাশ যা করার করে দিয়ে গেছেন। একজনের ৭৪ ও অন্যজনের ৮৩ রানের ইনিংস দুটোই নিউজিল্যান্ডকে চিনিয়ে দেয় বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার পথ।
৮২,৬৫ ও ৮২। নাহ, এগুলো কারো ইনিংস নয়। আসলে প্রথম তিন উইকেটে কিউই ব্যাটসম্যানদের গড়া পার্টনারশিপ এগুলো। এমন তিনটি পার্টনারশিপে তৈরি ভিতের ওপর দাঁড়িয়ে শেষদিকে রীতিমতো ঝড় তুলেছেন রস টেলর এবং ওরাম। শেষ ৫ ওভারে তারা তুলে নেন ৭২ রান। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকা টেলরের তুলনায় অনেক বেশি বিধ্বংসী ছিলেন ওরাম। তার ৫৫ রানের ইনিংসটায় চার বাউন্ডারির পাশাপাশি চারটি ছক্কাও যে আছে।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন জেমি হাও। অকল্যান্ডে অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া এই ওপেনারকে এবারো থামিয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে শুক্রবার প্রচন্ড মার খেতে থাকা আব্দুর রাজ্জাক থামান তাকে। এই বাঁ হাতি স্পিনার হাওকে লেগ বিফোরের ফাঁদে ফেলার আগেই বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে গেছেন এই ওপেনার। ৭৭ বলে ৭৪ রান করাই শুধু নয়, দুটো কার্যকর পার্টনারশিপ গড়ায়ও নেতৃত্ব দিয়ে গেছেন।
প্রথম ম্যাচে ৯০ রানের পার্টনারশিপের পর দ্বিতীয় ওয়ানডেতেও ওপেনারদের কাছ থেকে দারুণ সূচনা পেয়েছে নিউজিল্যান্ড। এবার ৮২ রানের জুটি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টানা দ্বিতীয় ম্যাচে টস জেতার পর অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তের যৌক্তিকতাও ব্রেন্ডন ম্যাককুলামকে নিয়ে প্রমাণ করেছেন হাও। দেখেশুনে শুরু করা এই জুটি পরে হাতও খুলেছে। যেমন ম্যাচে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের প্রথম ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন ম্যাককুলাম। ৩১ বলে ৩৫ রান করে ম্যাককুলাম রানআউট হওয়ার পর ফুলটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন হাও। এরপর স্কট স্টাইরিসকে (৪১) নিয়ে ফুলটনের ৮২ রানের আরেকটা পার্টনারশিপ। বাংলাদেশের জন্য সিরিজ শেষ হয়ে গেছে আসলে তখনই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/০৯৩৮ঘ.
bdnews24