ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তারকাবিহীন ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথম দিনটা কেটেছে ব্যাটিং ব্যর্থতায়। বৃহষ্পতিবার শুরু হওয়া তিনটি ম্যাচেই মামুলি স্কোর গড়েছে আগে ব্যাট করা দলগুলো। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনার বিপক্ষে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। এটাই এদিনের সর্বোচ্চ স্কোর। সর্বনিম্ন ৯৮ রান। নিজেদের মাঠ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে এই রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। অলআউট না হলেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে অবস্থা সুবিধের নয় সিলেটেরও। প্রথম দিনের শেষে তাদের রান ৮ উইকেটে ১৪৯।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজশাহীর হয়ে বলার মতো রান করেছেন কেবল ওপেনার শাকিল হায়দার। দিনের একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকে। ৬১ রান করেছেন তিনি। মুশফিকুর রহমান (৩৩) ও আনিসুর রহমানরা (২৫*) দলীয় সংগ্রহে কিছু অবদান না রাখলে রাজশাহীর রান দেড়শোও পেরুতো কিনা সন্দেহ আছে। তাদের ব্যাটিং ব্যর্থতায় দিনের উজ্জ্বলতম বোলার জামালউদ্দিন বাবু। খুলনার এই অফস্পিনার মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। এছাড়া জিয়াউর রহমান, আসলাম খান ও রবিউল ইসলামরা নিয়েছেন দুটো করে উইকেট। ৫৬.১ ওভারে রাজশাহীকে গুটিয়ে দেওয়া খুলনারও শুরুটা ভালো হয়নি একদম। ৬ ওভারে ২১ রান তুলতেই হারিয়ে ফেলেছে দুই উইকেট।
চট্টগ্রামে স্বাগতিকদের ইনিংস মাত্র ৪৬.৩ ওভারে শেষ করে দিয়েছেন ঢাকার দুই পেসার এবং দুই বাঁ হাতি স্পিনার মিলে। স্পিনার আরাফাত সানি ২৮ রানে ৩ উইকেট নিলেও পেসার মোহাম্মদ শরীফই সেরা বোলার। কারণ ৩ উইকেট তুলে নিতে তার খরচ হয়েছে মাত্র ১১ রান। আরেক পেসার মাহবুবুল আলম রবীন ২৩ ও মোশাররফ হোসেন রুবেল ৩১ রানে নেন দুটো করে উইকেট। চট্টগ্রামের ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান এসেছে অধিনায়ক এহসানুল হক সিজানের ব্যাট থেকে। দিনের শেষে ঢাকা ২ উইকেটে করেছে ৫১ রান। সিলেটের ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছেন ওপেনার গোলাম রহমান। বরিশালের পেসার আরাফাত সালাউদ্দিন ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মনির হোসেন ও সুমন সাহা নিয়েছেন দুটো করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24